৯০ লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রায় ৯০ লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানের এক নাগরিককে আটক করা হয়েছে। তাঁর নাম ওয়াহেদ আলী।তিনি এমিরেটস এয়ারলাইনসে করে আজ সকাল নয়টায় বাংলাদেশে আসেন। বিমানবন্দরের কাস্টমসে তাঁর মালামাল অনুসন্ধানের সময় বিপুল পরিমাণ ওই অর্থ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার কাজী ইশতিয়াক ইরাজ প্রথম আলো ডটকমকে জানান, তাঁর কাছে থাকা একটি সুটকেস ও দুধের কৌটার ভেতর থেকে এই অর্থ উদ্ধার করা হয়। টাকা গুনে দেখা গেছে, মোট ৮৯ লাখ ৬৬ হাজার ভারতীয় রুপি। তিনি জানান, আটক হওয়া ব্যক্তি এর আগেও বহুবার বাংলাদেশে এসেছেন। তাঁর পাসপোর্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভিসা রয়েছে।কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াহেদ আলী দাবি করেছেন তিনি জানতেন না, ওই সুটকেসে কী রয়েছে। এক লোক তাঁকে ওই সুটকেস দিয়ে বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য বলেছিলেন। তবে কার কাছে ওই সুটকেস পৌঁছানোর কথা, সে বিষয়ে কিছু জানাননি ওয়াহেদ আলী।ওয়াহেদ আলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছেন।