৯৫টি অপ্রয়োজনীয় কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তৈরি করা ৯৫টি কালভার্ট মানুষের কোনো কাজে লাগছে না। কালভার্টগুলোর সঙ্গে সংযোগ সড়ক না করায় এগুলোর অধিকাংশই পরিত্যক্ত পড়ে থাকছে। তবে উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন প্রতিবেদনে বলা হয়েছে, শতভাগ মান বজায় রেখে কাজ হয়েছে।উপজেলার প্রকৌশল দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা, কলাকোপা ইউনিয়ন পরিষদের রাজপাড়া, মাধবপুর, বাহ্না ইউনিয়ন পরিষদের বাহ্না পশ্চিমপাড়া, উত্তরপাড়াসহ ১৪টি ইউনিয়নে ৯৫টি কালভার্ট তৈরি করা হয়। এতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হয়।এলাকা ঘুরে দেখা গেছে, এই কালভার্টের অধিকাংশই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সংযোগ সড়ক না করে টাকা তুলে নেওয়ার অভিযোগও রয়েছে। অবশ্য উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের বার্ষিক উন্নয়ন প্রতিবেদনে এসব কালভার্টের কাজের মান শতভাগ দেখিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।মাঝিরকান্দা খালে বর্ষায়ও পানি থাকে না: মাঝিরকান্দায় নির্মিত কালভার্টটি ঢাকা-নবাবগঞ্জ-বান্দুরা সড়কসংলগ্ন খালের ওপর তৈরি করা হয়েছে। একই এলাকায় বাহ্না ৩০ গজের মধ্যে আরও একটি কালভার্ট তৈরি করা হয়েছে। এলাকা ঘুরে দেখা গেছে, মাঝিরকান্দার খালটিতে এই বর্ষা মৌসুমেও পানি আসে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, আওয়ামী লীগের এক নেতার বাসায় যেতে শুধু এ রাস্তাটি ব্যবহার করা হয়। বাহ্না উত্তরপাড়ার কালভার্টের পূর্ব দিকের খাল ভরাট হয়ে গেছে। তবে কালভার্টের ওপর দিয়ে যান চলাচল করতে পারে না। স্থানীয় স্কুলশিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্রায় ২০ লাখ টাকা ব্যয় করে এ ধরনের কালভার্ট তৈরির কোনো যুক্তি নেই। এ ব্যাপারে বাহ্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিলউদ্দিন মিয়া বলেন, উপজেলার প্রকৌশলীরা কালভার্টের স্থান যাচাই-বাছাই করার পর কালভার্টের জন্য অর্থ বরাদ্দ করেছেন। এটা তাঁর একক সিদ্ধান্তে হয়নি। তিনি বলেন, কালভার্ট মানুষের কাজে লাগছে। কলাকোপায় দখলদারের কবলে খাল: কলাকোপা ইউনিয়নের মাধবপুর গ্রামে কালভার্ট তৈরির সময়ও খালে পানি চলাচল করেছে। কিন্তু বর্তমানে দখলদারেরা মাটি ফেলে খাল ভরাট করে ফেলেছে। এর ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকা ঘুরে দেখা গেছে, খালের পাশের জমির মালিকেরাই এই খাল ভরাট করেছেন। অনেকে মাটি ফেলে উঁচু ঢিবি তৈরি করে বাড়ি তৈরি করছেন। এতে সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আর কালভার্টটিও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এলাকার বাসিন্দা মোহাম্মদ মাসুম জানান, সংযোগ সড়ক না থাকায় কালভার্টটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। আর দখলদারদের কবলে পড়ে দুই পাশের খাল এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। রাজপাড়া গ্রামের চকের মধ্যে নির্মিত কালভার্টও পরিত্যক্ত পড়ে আছে। এ ব্যাপারে কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব আহমেদ বলেন, তিনি স্থান নির্বাচন করেছেন। বাকি সব করেছেন উপজেলার প্রকৌশলীরা। নবাবগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট প্রকৌশলী শেখ তাজুল ইসলাম বলেন, এই প্রকল্পে বিশ্বব্যাংক অর্থ দিলেও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকল্পের মোট বরাদ্দের শতকরা ২০ ভাগ ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ব্যয় করেন। জনপ্রতিনিধিরা নিজেদের পছন্দমতো জায়গায় কালভার্টগুলো অপরিকল্পিতভাবে তৈরি করেছেন।