রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এসব কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৩ হাজার ৫৭০ ভোটে এগিয়ে আছেন সরফুদ্দীন আহমেদ ঝন্টু (মোটরসাইকেল)। তিনি পেয়েছেন ৭২ হাজার ১৮৯ ভোট। আর মোস্তাফিজার রহমান মোস্তফা (হাঁস) পেয়েছেন ৩৮ হাজার ৬১৯ ভোট। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। তবে ভোটাররা মনে করছেন, মূল প্রতিন্দ্বন্দ্বিতা হবে সরফুদ্দীন আহমেদ ঝন্টু ও মোস্তাফিজার রহমান মোস্তফার মধ্যে। অন্য ১০ প্রার্থী হলেন এ কে এম আবদুর রউফ মানিক (চশমা), কাওসার জামান বাবলা (আনারস), সাফিউর রহমান (দোয়াত-কলম), আবদুল কুদ্দুস (তালা), কাজী মাজিরুল ইসলাম (টেলিভিশন), ফারুক আজীজ (ঘোড়া), ফিরোজ কবির চৌধুরী (কাপ-পিরিচ), এ টি এম গোলাম মোস্তফা (জাহাজ), আলী হায়দার সরকার (টেবিল) ও মেহেদী হাসান (প্রজাপতি)।তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। উত্সবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। সালমা বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরামতিয়া উচ্চবিদ্যালয়, মরিয়মনেছা বালিকা উচ্চবিদ্যালয়, জাহেদা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, উত্তম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ও রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে।এদিকে শহরের মাহিগঞ্জে মহেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলা ও সরফুদ্দীন আহমেদ ঝন্টুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়। এ সময় পাঁচজন আহত হন। জেলার পুলিশ সুপার সাহেল মোহাম্মদ তানভীর জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে চারটি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হয়েছে। এদিকে ভোট নেওয়ার জন্য নির্ধারিত ১৭৮টি কেন্দ্রের মধ্যে ৭০টি বিদ্যুত্হীন। রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে তিনটি করে চার্জার লাইটের ব্যবস্থা তাঁরা করেছেন। চলতি বছরের ৫ জুন রংপুরকে দেশের দশম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। এখানে ভোটার রয়েছেন তিন লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৯ হাজার ১২৮ ও নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৬১৪ জন। ভোটাররা আজ রংপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র, ৩৩ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ১১ জন নারী কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট দিয়েছেন।নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মোট ৩২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১১টি পদে ৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা থাকায় গতকাল প্রার্থীরা নিজ বাড়িতেই অবস্থান করেন। তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।