৯৬ বছর বয়সে বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবিবাহিতই ছিলাম। আর সে সময় পালন করেছি কৌমার্য। ১০ বছর আগে শকুন্তলার সঙ্গে দেখা। তারপর ঘরসংসার। এরপর দুজন মিলে দুটি ছেলের স্বপ্ন দেখি। ঈশ্বরের অনুগ্রহে আমাদের সেই ইচ্ছা আজ পূরণ হয়েছে।’৯৬ বছর বয়সে দ্বিতীয় ছেলের বাবা হয়ে এমন উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের হরিয়ানা রাজ্যের এক গ্রামের কৃষক রামাজিত্ রাঘব। আজ মঙ্গলবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে।৫ অক্টোবর রাঘবের ৫২ বছর বয়সী স্ত্রী শকুন্তলা দেবী তাঁদের দ্বিতীয় ছেলের জন্ম দেন। রাঘব গতকাল সোমবার দাবি করেছেন, তিনিই সবচেয়ে বেশি বয়সে পিতা হওয়ার গৌরব অর্জন করেছেন। এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথম ছেলের বাবা হন রাঘব। প্রথম ছেলের নাম বিক্রমজিত্। ইচ্ছা অনুযায়ী দ্বিতীয় ছেলের জন্ম হওয়ায় ভীষণ খুশি তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে রণজিত্। শিশুটি এখন সুস্থ আছে।হরিয়ানা সরকারের সমাজকল্যাণ দপ্তরের নথির তথ্য অনুযায়ী, রাঘবের বয়স এখন ৯৬ বছর। এর আগে ২০০৭ সালে ২১তম সন্তানের জন্ম দিয়ে রাজস্থানের ৯০ বছর বয়সী নানু রাম যোগী নিজেকে সবচেয়ে বয়স্ক পিতা বলে দাবি করেছিলেন।