৯৭ যানবাহন ভাঙচুর
দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার হরতালের সময় পুলিশের গাড়িসহ কমপক্ষে ৯৭টি যানবাহন ভাঙচুর করেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। অগ্নিসংযোগ করা হয় কমপক্ষে ১০টি যানবাহনে। এ ছাড়া, বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরতালের খবর জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।কক্সবাজার: সকাল সাতটা থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিলজা, কলেজগেটসহ বিভিন্ন স্থানে ১০টি যানবাহন ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা।লক্ষ্মীপুর: শহরের বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। আহত হয় দুই পুলিশ সদস্যসহ ১০ জন। দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়। ঈশ্বরদী (পাবনা): ছলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদআলী মোড়ে সকালে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ হয়। পরে হরতালবিরোধীরা ছলিমপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।সিরাজগঞ্জ: সদর উপজেলার বহুলী বাজার ও চণ্ডীদাসগাঁতি বাজারে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় বহুলী বাজারে পুলিশের পিকআপে ভাঙচুর করা হয়।সাতক্ষীরা: পুরাতন সাতক্ষীরা এলাকায় একটি ও ছয়ঘরিয়া মোড়ে একটি বাস এবং দেবহাটা উপজেলায় টহলরত পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।বাগেরহাট: ভোরে মেগনিশতলা এলাকায় বাগেরহাট-খুলনা সড়কে টায়ার জ্বালানো হয়। এ সময় ঢাকা ও চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী দুটি বাস ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা।চাঁপাইনবাবগঞ্জ: শহরের পিটিআই সড়কে সকাল পৌনে ১০টার দিকে শিবিরের কর্মীরা গামছা ও মাফলার দিয়ে মুখ ঢেকে লাঠিসোঁটা নিয়ে কমপক্ষে ছয়টি ট্রাক ভাঙচুর করেন। শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।ফেনী: সকালে জামায়াত-শিবিরের কর্মীরা ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ও এসএসকে রোডে দুটি রিকশা ভাঙচুর করেন।সোনাগাজী (ফেনী): হরতাল-সমর্থকেরা সোনাগাজী পৌর শহরের কাশ্মীর বাজার সড়কে কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুর করেছে।কুষ্টিয়া: সকাল ছয়টার দিকে শহরের বটতৈল-চৌড়হাস মোড়ে একটি ট্রাক ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা।নাটোর: হরতাল সমর্থকেরা সকাল ছয়টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহমঞ্চদপুর, বনপাড়া ও রাজ্জাকের মোড়ে চারটি ট্রাক ভাঙচুর করে। গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হুদাকে মারধর করে হরতাল-সমর্থকেরা। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়পুরহাট: দুপুরে শহরের গুলশান মোড় এলাকায় শিবিরের কর্মীরা একটি অটোরিকশায় আগুন ও একটি ভাঙচুর করেন। বেলা সোয়া তিনটার দিকে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের পাশে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।মৌলভীবাজার: দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় বেসরকারি হাসপাতাল মুসলিম এইডের সামনে হরতাল-সমর্থকেরা রাস্তা অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। চৌদ্দগ্রাম (কুমিল্লা): হরতাল-সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপ করে কমপক্ষে ১৫টি যানবাহনের গ্লাস ভাঙচুর করে। দুপুরে উপজেলার গুণবতী বাজারে শিবিরের এক কর্মীকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এর জের ধরে সন্ধ্যার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন আটজন।লাকসাম (কুমিল্লা): মনোহরগঞ্জ উপজেলায় হরতাল-সমর্থকেরা একটি অ্যাম্বুলেন্সসহ ১৪-১৫টি মালবাহী ট্রাকে ভাঙচুর করে। বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন।