৯৭ হাজার ফুট উঁচু থেকে লাফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাফ দিলেন বটে ফেলিক্স ব্যমগার্টনার। তবে তা এক-আধটু উঁচু থেকে নয়, প্রায় ৯৭ হাজার ফুট উঁচু থেকে। খাড়া দূরত্ব মাপলে যা প্রায় ১৮ মাইল (প্রায় ৩০ কিলোমিটার)। তাই বলে এমনি এমনি ঝাঁপিয়ে পড়েননি তিনি। গায়ে চাপসম্পন্ন স্পেসস্যুট ছিল। ছিল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ভূপৃষ্ঠের ৯৬ হাজার ৯৪০ ফুট (২৯ হাজার ৫৪৭ মিটার) উচ্চতা থেকে লাফ দিয়ে নিরাপদে নেমে আসেন অস্ট্রিয়ার নাগরিক ফেলিক্স। বিশ্বের সর্বোচ্চ স্কাইডাইভ প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রশিক্ষণের সময় তিনি এই কারিশমা দেখান। গতকাল রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়, ৪৩ বছর বয়সী ফেলিক্স হিলিয়াম গ্যাসে ভরা বেলুনে করে ওই উচ্চতায় উঠে যান। এর পর বেলুন থেকে লাফ দেন তিনি। ঘণ্টায় ৮০৫ কিলোমিটার বেগে নিচে নামতে থাকেন। শেষে নিউ মেক্সিকোর রসওয়েল এলাকার কাছাকাছি মরু এলাকায় নিরাপদে নামতে সক্ষম হন।এটি ছিল ফেলিক্সের দ্বিতীয় পরীক্ষামূলক প্যারাস্যুট জাম্প। আগামী সপ্তাহে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ দিয়ে রেকর্ড ভঙ্গের একটি প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। ওই প্রতিযোগিতায় প্রথম ব্যক্তি হিসেবে প্রতি ঘণ্টায় এক হাজার ১২৬ কিলোমিটার বেগে নিচে নামার রেকর্ডটি ভাঙতে পারবেন বলেও আশা করছেন তিনি। ফেলিক্স বলেন, ‘আর মাত্র একটি ধাপ পেরোতে হবে।’এর আগে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার ও তাইওয়ানের তাইপে-১০১ থেকে লাফ দিয়েছেন অস্ট্রীয় সেনাবাহিনীর সাবেক এই সদস্য।এখন পর্যন্ত সর্বোচ্চ উচ্চতা থেকে স্কাইডাইভের রেকর্ড রয়েছে মার্কিন বিমানবাহিনীর ক্যাপ্টেন জো কিটিঞ্জারের ঝুলিতে। ৫২ বছর বয়সী কিটিঞ্জার এক লাখ দুই হাজার ৮০০ ফুট উচ্চতা থেকে নিচে লাফিয়ে পড়ে রেকর্ড গড়েন। এই কিটিঞ্জারই এখন ফেলিক্সের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।