নিমতলী ও বেগুনবাড়ির দুর্ঘটনা
৯৮ পরিবারের প্রত্যেককে এক লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে বেগুনবাড়ি ভবনধস ও নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯৮ পরিবারের প্রত্যেককে এক লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী গত ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজন হারানো তিন কন্যা রুনা, রত্না ও আসমা তাদের প্রত্যেকের নামে দুই লাখ টাকার ডিপোজিট স্কিমের কাগজপত্র হস্তান্তর করেন। রূপালী ব্যাংক তাদের নামে এই ডিপোজিট স্কিম খোলে। প্রধানমন্ত্রী দুই মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে অপরের যাতে ক্ষতি না হয়, এমনভাবে ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ঘটনা দুটির পর পরই ক্ষতিগ্রস্তদের বাঁচাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই আমরা ভবনধস ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান চালিয়েছি। পর্যাপ্ত চিকিৎসাসেবা দিয়েছি। শেখ হাসিনা বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টা ছাড়াও সমাজের সর্বস্তরের জনগণ দুর্ঘটনাকবলিতদের বাঁচাতে তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। উল্লেখ্য, গত ১ জুন নগরের বেগুনবাড়িতে ভবনধসে ২৫ জন এবং ৩ জুন নিমতলীর অগ্নিকাণ্ডে ১২১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংসদ কে এম রহমাতুল্লাহ এবং আওয়ামী লীগের নেতা এম এ আজিজ ও হাজি মোহাম্মদ সেলিম এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ভবনধস ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এবি ফুটওয়্যার লিমিটেড নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা দান করে। এবি ফুটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে কে এম রহমাতুল্লাহর পক্ষে তাঁর ছেলে হেদায়েতুল্লাহ গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ চেক হস্তান্তর করেন।