৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস, পুলিশের ভাষ্য
চট্টগ্রামের কোতোয়ালি থানার মালখানায় রক্ষিত ৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। কিন্তু ওই ফেনসিডিল আসলেই ধ্বংস করা হয়েছে কি না, তা নিয়ে পুলিশের ভেতরই প্রশ্ন উঠেছে। কারণ নিয়ম অনুযায়ী মাদকদ্রব ধ্বংসের সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের ডাকা হয়নি।কোতোয়ালি জোনের সহকারী কমিশনার কাজী হেলালউদ্দিন বলেন, ‘আদালত আমাকে ফেনসিডিল ধ্বংসের সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। তবে আমি তো সার্বক্ষণিক ছিলাম না। এসআই শাহীন কামাল তা ধ্বংস করেছে। সে এ ব্যাপারে ভালো বলতে পারবে।’এসআই শাহীন কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, ‘ফেনসিডিল ধ্বংস করার সময় আমি গ্রামের বাড়িতে ছিলাম।’ পরে আবার বলেন, ‘আমি থানায় অন্য কাজে ব্যস্ত ছিলাম। সহকারী কমিশনার হেলাল-উদ্দিনের সামনেই তো ফেনসিডিলগুলো ধ্বংস করা হয়েছে।’আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৬ ও ১৩ জুন দুই দফায় কোতোয়ালি থানা ভবনের সামনে ৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়। ২০ জুন কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ গোলাম মোস্তফা প্রতিবেদনটি দাখিল করেন। মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।গোলাম মোস্তফা দাবি করেন, ‘ফেনসিডিল ধ্বংসের সময় আমি নিজে ছিলাম এবং কোতোয়ালি জোনের সহকারী কমিশনার কাজী হেলালউদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। সেই আলোকে আমি আদালতে প্রতিবেদন দাখিল করেছি।’ফেনসিডিল ধ্বংসের সময় গণমাধ্যমের প্রতিনিধিদের ডাকা হয়নি কেন জানতে চাইলে হেলালউদ্দিন বলেন, আসলে তাড়াহুড়ো করে কাজটি করা হয়েছে। আর জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ফেনসিডিল ধ্বংসের সময় অনেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। প্রসঙ্গত. ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়।জানা গেছে, গত ১৬ মার্চ নগরের দামপাড়া এলাকায় একটি মাইক্রোবাস ধাওয়া করে পুলিশ ৯৯০ বোতল ফেনসিডিল আটক এবং এক যুবককে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত নমুনা হিসেবে ১০ বোতল ফেনসিডিল রেখে বাকি ৯৮০ বোতল ধ্বংস করার আদেশ দেন। ধ্বংস করার সময় কোতোয়ালি জোনের সহকারী কমিশনারকে উপস্থিত থাকারও নির্দেশ দেন আদালত। পুলিশ সূত্র জানায়, মালখানার মালামাল ধ্বংসের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি থাকার নিয়ম। কিন্তু দুই দফায় ৯৮০ বোতল ফেনসিডিল ধ্বংসের সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি।নগর পুলিশের একজন পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘কোতোয়ালি থানা ভবনের সামনে ফেনসিডিল ধ্বংসের কোনো প্রমাণ নেই। তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’উপপুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘মালখানার মালামাল ধ্বংসের সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি বাধ্যতামূলক। এ সংক্রান্ত লিখিত বিজ্ঞপ্তি ও মৌখিক আদেশ ইতিমধ্যে প্রতিটি থানায় জারি করা হয়েছে। এ নিয়ম ভেঙে যদি কোতোয়ালি থানা ভবনের মালখানার ফেনসিডিল বাইরে পাচার করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুধু চাকরিচ্যুত করা হবে না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, এ ঘটনার প্রায় দেড় মাস আগে রিয়াজউদ্দিন বাজার থেকে উদ্ধার করা অবৈধ সিডি ধ্বংস করার সময় সহকারী পুলিশ কমিশনার হেলালউদ্দিন গণমাধ্যমের কর্মীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁদের উপস্থিতিতেই তখন সিডি ধ্বংস করা হয়।