বিডিআরে বিদ্রোহ পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের অভিযুক্ত সদস্যদের বিচার
৯৯ জনকে অভিযোগ শোনানো হলো
‘আসামি নম্বর ৩, নায়েক সুবেদার হাসপাতাল সহকারী তোরাব হোসেন খান।’ নাম শুনে কাঠগড়ার বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন তোরাব হোসেন খান। আদালত বললেন, ‘আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করেন। সেখান থেকে ইউনিটে ফিরে নিজে বিদ্রোহে যোগ দেন এবং অন্যদের যোগ দিতে উসকানি দেন। আপনি দরবার হলে নিহত কর্মকর্তাদের মৃতদেহ ট্রাক ও পিকআপে করে অন্যত্র সরিয়ে নিতে বলেন।’গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরে বিদ্রোহের ঘটনায় পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে গতকাল সোমবার এভাবে অভিযোগ পড়ে শোনানো হয়। এই ইউনিটের ২৫৬ জন আসামির মধ্যে গতকাল ৯৯ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান আদালত। বাকি আসামিদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনানো হবে আজ মঙ্গলবার।পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ এই অভিযোগ পড়ে শোনানো চলছে। মামলার সব আসামির উপস্থিতিতে সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নূরুল আলম এবং মেজর এস এম কাওসার। শুরুতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল আলীম সব আসামির বিরুদ্ধে অভিযোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। এরপর আদালত প্রথমে দলগত অভিযোগ এবং পরে আসামিদের নাম ধরে একে একে তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান। অভিযোগ শোনানো শেষে আসামিদের জিজ্ঞাসা করা হবে, তাঁরা দোষী না নির্দোষ। এরপর অভিযোগ গঠন করা হবে।আদালত বলেন, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবারে উপস্থিত ছিলেন। তাঁরা সরাসরি বিদ্রোহে অংশ নেন। ১৬ জন অধিনায়কের আদেশ অমান্য করেন। ১৬ জন কোনো ভয়ভীতির মধ্যে না থেকেও নিজের ইউনিটের কর্মকর্তাদের বাঁচাতে কোনো সহায়তা করেননি। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন কোত ও ম্যাগাজিন ভেঙে অস্ত্র-গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। নয়জন হাসপাতালে ওয়ার্ডের রোগীদের সঙ্গে উসকানিমূলক আচরণ করেন এবং বিদ্রোহে ইন্ধন দেন। চারজনের বিছানার নিচ থেকে গোলাবারুদ ও লুণ্ঠিত স্বর্ণালংকার পাওয়া যায়। এই ইউনিটের ১৪ জন লাশ গুমে সহায়তা করেন।আদালত ৪ নম্বর আসামি মনোরঞ্জন সরকারের নাম উল্লেখ করে বলেন, তিনিও নিহত কর্মকর্তাদের লাশ সরিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দেন। ল্যান্স নায়েক মিজানুল আলী হাসপাতালের মরচুয়ারিতে যেখানে দুজনের মৃতদেহ রাখা যায়, সেখানে নয়জনের মৃতদেহ লুকিয়ে রাখেন। সেপাই শফিকুল ইসলাম পিলখানার ভেতর কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করেন। এভাবে ৯৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর দুপুর দুইটা ২০ মিনিটে আদালত আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। মাঝে দুই দফা বিরতি দেওয়া হয়।আদালত মুলতবির পর প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল আলীম সংবাদ সম্মেলনে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যথেষ্ট প্রমাণ আছে। এ মামলার সাক্ষী হলেন ১৮২ জন।বিডিআরের সূত্র জানায়, হাসপাতাল ইউনিটের অভিযুক্তদের মধ্যে সুবেদার মেজর দুজন, সুবেদার চারজন, নায়েক সুবেদার ছয়জন, হাবিলদার ১৬ জন, নায়েক ২৬, ল্যান্স নায়েক ২৭ ও সেপাই ১৭৬ জন। আসামিদের মধ্যে ৪১ জন সিআইডির করা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা ও কাশিমপুর কারাগারে রয়েছেন। একজন আসামি পলাতক।