‘...এট্টু উনিশ-বিশ অইলে গাড়ি উইল্টা যায়’
সুনামগঞ্জের ধরমপাশার সুনই মধ্যনগর সড়কে প্রায় এক বছর ধরে আড়াই কিলোমিটার জায়গায় এলোপাতাড়িভাবে পাথর ফেলে রাখা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এসব পাথর ফেলেছে। এতে রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। যানবাহন উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দুটি প্রকল্পের মাধ্যমে আড়াই কিলোমিটার সড়কে পাথর, দু পাশে ব্লক ও মাটি ভরাট, পাকাকরণসহ নানাবিদ কাজের জন্য এক কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। প্রথম পর্যায়ে ৯০ লাখ টাকার কাজ সম্পন্ন হয়েছে। বাকি টাকা দিয়ে সড়ক সংস্কার ও পাকাকরণের কাজ চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা। শের গোলাম নামের একজন ঠিকাদার বর্তমানে সড়কটির দায়িত্বে আছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ঠিকাদার জানান, রাস্তাটির কাজ সুনামগঞ্জ সওজ নিয়ন্ত্রিত হলেও কালেভদ্রেও এখানে তাদের কোনো কর্মকর্তাকে দেখা যায় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে ঠিকাদার যেনতেনভাবে সড়কের কাজ করছেন। সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের মোটরসাইকেল চালক মো. আমিরুল ইসলাম (৩২) বলেন, ‘রাস্তাডা আগেই ভালা আছিল। এক বছর ধইরা পাথ্থর ফালাইয়া রাইখ্যা এইডারে দুজখ বানাইয়া ফালছে। জানডা আত (হাতে) লইয়া এই রাস্তা দিয়া চলতে অয়। এমনে হেমনে রাস্তার পাথ্থর ছিট্টা থাহায় এট্টু উনিশ বিশ অইলে গাড়ি উইল্টা যায়।’সুনই গ্রামের ব্যবসায়ী আব্দুল লতিফ (৫৫) বলেন, ‘খালি পায়ে রাস্তর ওপর দিয়া হাডা যায় না। রাস্তাডার ওপর কারও মায়া নাই। অত দিন ধইরা এইভাবে পইড়া থাকলেও কেউ এইডার খবর লয় না।’ পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রেহান উদ্দিন বলেন, এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় এক বছর ধরে সড়কে পাথর ফেলে রাখলেও সড়কটি পাকার ব্যাপারে কোনো অগ্রগতি নেই। এ উপজেলায় সওজের কোনো কর্মকর্তা না থাকায় এ ব্যাপারে কথা বলা যাচ্ছে না। তবে খুব শিগগিরই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।এদিকে সড়কের কাজের সঙ্গে জড়িত কাউকে না পাওয়ায় এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সম্প্রতি সড়কটি পরিদর্শন করেছি। সড়কের কাজে কোনো অনিয়মের অভিযোগ পাইনি। খুব শিগগিরই সড়ক সংস্কার ও পাকা করার কাজ শুরু হবে। তা ছাড়া কোনো অনিয়ম হয়ে থাকলে এর সঙ্গে আমি জড়িত নই।’