‘...এর চেয়ে চাষ দেওয়া জমিতে চলাও ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলার মধ্যে ব্যবসা-বাণিজ্যের দিক দিয়ে উল্লেখযোগ্য উপজেলা হচ্ছে ছাতক। জেলাবাসীর কাছে ছাতক শিল্প শহর হিসেবে পরিচিত। কিন্তু এ উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটির দশা এতই নাজুক যে তা এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তুলেছে। সড়কটিতে চলাচল করতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়ভাবে দুইবার সড়ক অবরোধের মতো কর্মসূচি পালিত হয়েছে। এরপর সওজ কিছু জায়গায় ইট-সুরকি-বালু ফেলে জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এতে কাজ হয়নি।এলাকাবাসী জানায়, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। এ পথেই উপজেলার মানুষ জেলা শহরে যাতায়াত করে। তা ছাড়া ছাতকসহ দোয়ারাবাজার উপজেলার মানুষ সিলেট ও ঢাকায় যাতায়াত করে এ পথেই। এ ছাড়া বিকল্প কোনো সড়ক নেই। ছাতকে দুটি সিমেন্ট কারখানা, সিলেট পাল্প এন্ড পেপার মিলসহ বালু-পাথরের বড় ধরনের ব্যবসা রয়েছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক দিয়ে কারখানার মালামাল, বালু-পাথরবোঝাই বড় বড় ট্রাক চলাচল করায় এর পুরোটাই ভেঙে গেছে। সড়কের অনেক স্থানে ইট-পাথর আর পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। ছাতক থেকে কালারুকা ইউনিয়ন পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। কিছু জায়গায় টেম্পো থেকে যাত্রীদের নেমে হেঁটে পার হতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে চলে যানবাহন। ২০ মিনিটের পথ যেতে সময় লাগে এক ঘণ্টা। যাত্রীবাহী বাস চলে থেমে থেমে। সড়কটির এ হাল প্রায় এক বছর ধরে। ছাতক পৌর শহরের গণক্ষাই এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, এখন সড়কের যা অবস্থা, তাতে আর এটাকে সড়ক বলা যায় না। এমন বেহাল সড়ক সুনামগঞ্জে আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। এটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছি আমরা। আমাদের এ সীমাহীন ভোগান্তি দেখার যেন কেউ নেই।শহরের বাজনা মহল এলাকার কলেজছাত্র মারুফ আহমদ বলেন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ও সুরমা লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির বড় বড় পণ্যবাহী ট্রাক চলাচল করে এ সড়কে। গত এক বছরে সড়কটির অবস্থা একেবারে নাজুক হয়ে গেছে। যাতায়াতের ক্ষেত্রে উপজেলাবাসীকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।ছাতক-সিলেট সড়কের বাসচালক মইনুল আলম বলেন, ‘এই ফতে (পথে) মনে অয় গাড়ি ধাক্কাইয়া ধাক্কাইয়া নেই। কিতা খরমু, কোনো উফায় নাই। কোন সময় যে দুর্ঘটনা ঘটে, তার কোনো ইস্টিশন নাই। বাসের অবস্থাও খারাপ অই যায় দুইদিন পর পর।’গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ব্যবসার কাজে প্রতিদিন ছাতকে যাওয়া-আসা করতে হয়। কিন্তু ছাতক-গোবিন্দগঞ্জ রাস্তাটির যে দশা তাতে মনে হয়, এর চেয়ে চাষ দেওয়া জমিতে চলাও ভালো। এ পথে ২০ মিনিটের রাস্তা যেতে সময় লাগে এক ঘণ্টা। ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, ‘রাস্তাটি সংস্কারের দাবিতে আমরা অবরোধ-ধর্মঘটও পালন করেছি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে কাজ শুরু হবে। কিন্তু এরপর আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ সড়কে ভালো মানুষ বাসে-টেম্পোয় চলাচল করলে তার শরীর খারাপ হয়ে যায়। আর রোগী নিয়ে চলাফেরার কথা তো চিন্তাই করা যায় না। পুরো উপজেলার মানুষের এখন একটাই দাবি, সড়কটি দ্রুত সংস্কার করা হোক।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম জানান, সড়কটির পুনঃসংস্কারের কোনো বিকল্প নেই। তাদের পক্ষ থেকে সড়কে নিয়মিত মেরামতের কাজ করা হচ্ছে। একই সঙ্গে লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরিকে দিয়েও কিছু মেরামত করানো হয়েছে। পুরো সড়ক সংস্কারের জন্য ৮৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে সওজের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রকল্প প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটি অনুমোদন হলে কাজ শুরু হতে বছরখানেক সময় লাগবে। নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ‘আপাতত পাঁচ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে সওজের কেন্দ্রীয় কার্যালয় থেকে এর জন্য দরপত্র আহ্বান করা হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি এলাকাবাসীর যাতায়াতের কষ্ট দূর করতে।’