‘...এরপর চলেই এলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার দাবা লিগে খেলতে কাল ঢাকায় এসেছেন ইউক্রেনের তরুণ গ্র্যান্ডমাস্টার মার্টিন ক্রাভসিভ। দুরন্ত রাজশাহীর ২১ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার প্রথমবারের মতো ঢাকায় এসে দারুণ উচ্ছ্বসিত। প্রথম দিন অবশ্য খেলতে পারেননি। বিশ্রাম নিলেন হোটেলে। এক ফাঁকে বললেন নিজের ক্যারিয়ার এবং বাংলাদেশের দাবা নিয়ে লিগ শুরু হয়ে গেছে। অথচ আপনি খেলছেন না যে?মার্টিন ক্রাভসিভ: আমি খেলতেই চেয়েছিলাম। কিন্তু খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় এসে পৌঁছেছি। অনেকটা পথ বিমানে আসায় ভ্রমণক্লান্তির কারণে খেলতে পারছি না। আশা করি, আগামীকাল (আজ) খেলব। বাংলাদেশের দাবা সম্পর্কে কোনো ধারণা আছে?মার্টিন: হ্যাঁ। বাংলাদেশের বেশ কয়েকজন দাবাড়ু আমার পরিচিত। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ভালো দাবাড়ু। এঁদের সঙ্গে আমি খেলেছি। সর্বশেষ এই মাসেই ভারতের ভাইজাগে খেলেছি এঁদের সঙ্গে। সেখানে নিয়াজ ও জিয়াকে হারিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত রাজীবের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারিনি। আমি জানি, বাংলাদেশে পাঁচজন গ্র্যান্ডমাস্টার আছেন। ফেডারেশনের উচিত হবে এই খেলোয়াড়দের সঠিকভাবে কাজে লাগানো। এই গ্র্যান্ডমাস্টাররা বাংলাদেশের সম্পদ। এখানে লিগে খেলার জন্য যোগাযোগ হলো কীভাবে?মার্টিন: দুরন্ত রাজশাহী দলের হয়ে খেলছে রাজীব। সে-ই আমার সঙ্গে প্রথমে যোগাযোগ করেছিল, আমাকে ঢাকায় লিগে খেলার প্রস্তাব দেয়। আমি বললাম, ভেবে দেখি। এরপর চলেই এলাম। দাবায় এ পর্যন্ত আপনার অর্জন কেমন...মার্টিন: আমি ইউক্রেনের সেরা দশে আছি। তুরস্কে ২০০৬ সালে অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম। ডিসেম্বরে দুবাইয়ে বিশ্ব সিটি চ্যাম্পিয়নশিপে খেলব। চীন, ফ্রান্স, ইতালি, জার্মানি, ভারতে অনেক টুর্নামেন্টে খেলেছি। এখন আমার রেটিং ২৫৯৭। তাহলে তো আপনি নিশ্চয়ই সুপার গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখেন?মার্টিন: সুপার গ্র্যান্ডমাস্টার হওয়া নিয়ে আমি কিছু ভাবছি না। আমার কাজ খেলা, আমি খেলে যেতে চাই। সুপার গ্র্যান্ডমাস্টার হলে ভালো, নইলে আক্ষেপ করার কিছু নেই। দাবায় আপনার আদর্শ কেউ আছে?মার্টিন: সেভাবে আমার কোনো আদর্শ খেলোয়াড় নেই। তবে অনেকের খেলা আমার ভালো লাগে।  গ্র্যান্ডমাস্টার হলেন কবে?মার্টিন: তিন বছর আগে। এই বছরই আমার শহরে এলববে ফিজিক্যাল কালচার বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছি। আমার পড়াশোনার বিষয় ছিল খেলাধুলা। ইউক্রেনে দাবা কেমন জনপ্রিয়?মার্টিন: খুব একটা জনপ্রিয় নয় দাবা। ইউক্রেনে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল নিয়ে এত মাতামাতি করে সবাই। আমরা কিছুদিন আগে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক ছিলাম। ফুটবল ভালো লাগে আপনার?মার্টিন: না। আমি ফুটবলের তেমন ভক্ত নই। দাবা খেলা না থাকলে আমি অবসরে বসে বসে গান শুনি। পরিবারে আর কেউ দাবা খেলে না। আমি একাই খেলি। আপনার দাবা খেলার শুরুটা কীভাবে?মার্টিন: আমার বয়স যখন ছয়, বাবা একদিন দাবার বোর্ড কিনে আনেন। এরপর বাবার সঙ্গে টুকটাক খেলতাম। বাবাই আমাকে হাতে ধরে দাবা খেলা শিখিয়েছেন।  দুরন্ত রাজশাহীতে খেলছেন পাঁচ গ্র্যান্ডমাস্টার। চ্যাম্পিয়নের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? মার্টিন: আশা করি, আমরা চ্যাম্পিয়ন হতে পারব। দেখা যাক কী হয়