‘...এরপর ফোন কাইটা যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল্ডিং ভাইঙ্গা যাওয়ার খবর শুইনা আমি ছুইটা আসি। তারপর আমার বোনেরে রিং দেই, কল করি। কল রিসিভ করে। শুধু হাউকাউ শুনি। আমার বোনের আওয়াজও শুনি, এরপর ফোন কাইটা যায়। মোবাইল আর ঢুকে না। আমার বোইনেরেও পাই না।’সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে এসব কথা বলে আহাজরি করছিলেন শের আলী। তিনি জানান, তাঁর বোন পারভীন আক্তার রানা প্লাজার পঞ্চম তলায় একটি পোশাক কারখানায় কাজ করছিলেন।ধসে পড়া ওই ভবনের সামনে এভাবে আর্তনাদ করে চলেছেন স্বজনেরা। ধ্বংসস্তূপ থেকে কোনো আহত ব্যক্তিকে বের করা হলেই নিজের মানুষ মনে করে ছুটছেন তাঁরা। বেশির ভাগই ফিরছেন হতাশ হয়ে।বোনের খোঁজে কাঁদতে কাঁদতে এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন শিউলি আক্তার। তিনি জানান, তাঁর বোন সখিনা বেগম তিনতলার আশুলিয়ায় কাজল গার্মেন্টসে কাজ করতেন। ‘আমার ভাইকে খুঁজে দেন, খুঁজে দেন আমার ভাইকে’ বলে বিলাপ করে কাঁদছিলেন আশা খাগড়া। তিনি জানান, তাঁর ভাই তুষার খাগড়া রানা প্লাজার তৃতীয় তলায় নিউ স্টার লিমিটেড নামের পোশাক কারখানায় কাজ করতেন। রানা প্লাজার পাশে নির্মাণাধীন আর এফ টাওয়ার নামের একটি বহুতল ভবনের সামনের অংশের কাচ ভেঙে গেছে। সেই ভবন দিয়ে রানা প্লাজা থেকে উদ্ধার হওয়া কর্মীদের বের করে আনা হচ্ছে।প্লাজার সামনে একটি অস্থায়ী চিকিত্সা শিবির গড়ে তোলা হয়েছে। সেখানে সাভারের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিত্সক ও সেবিকারা আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দিচ্ছেন। এরপর সেখান থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হচ্ছে। অনেক হাসপাতাল থেকে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স।অস্থায়ী চিকিত্সা শিবিরের কর্তব্যরত চিকিত্সক শামসুল আলম বলেন, ‘সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০-১২টি অ্যাম্বুলেন্সে করে শুধু আহত ব্যক্তিদের পাঠানো হয়েছে। তাই এ মুহূর্তে আসলে কতজন আহত, তা বলতে পারছি না। আহত ব্যক্তিদের এখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে।’