বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন সপ্তাহ দুয়েক। সিরিজের কারণে বোলারদের নিয়ে আলাদা কাজ করার সুযোগ তেমন পাননি, নতুন শিষ্যদের সম্পর্কে ধারণা কিছুটা ইতিমধ্যে হয়েছে। বাংলাদেশে আসার পর প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেন জার্গেনসনকে অবশ্য বেশি কথা বলতে হলো চট্টগ্রাম টেস্ট নিয়েই বাংলাদেশের বোলিং কোচ হিসেবে আপনার প্রথম টেস্টটা তো খেয়ে নিচ্ছে বৃষ্টি...শেন জার্গেনসন: বৃষ্টির কারণে খেলা হচ্ছে না, আমাদের খুব বেশি কিছু করার নেই। ব্যাপারটা দুর্ভাগ্যজনক কিন্তু এটা আমাদের মেনে নিতেই হবে। আগের দিনের বৃষ্টির জন্য পরদিন খেলা হয়নি, এমন কিছু আগে কখনো দেখেছেন?জার্গেনসন: সম্ভবত নিউজিল্যান্ডে একবার দেখেছিলাম। ঠিক নিশ্চিত করে মনে পড়ছে না কোন ম্যাচে বা কোথায় হয়েছিল, কিন্তু হয়েছিল। আগের রাতের বৃষ্টিতে টানা দুই দিন খেলা না হওয়া অস্বাভাবিক মনে হচ্ছে না?জার্গেনসন: সত্যি বলতে, এটা সবার জন্যই দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের হাতে কিছুই নেই। আমাদের ভাগ্য খারাপ, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা স্রেফ খেলা শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে পারি। পরবর্তী দুই দিন ব্যাটিং-বোলিংটা ভালো করে করতে পারি। আপনার কি মনে হয়, এখনো এই ম্যাচটা জিততে পারে বাংলাদেশ?জার্গেনসন: সেটা করতে হলে বাকি সময়টায় ব্যাটিং-বোলিংয়ে আমাদের দারুণ কিছু করতে হবে। তবে খেলাটা তো আগে শুরু হতে হবে! খেলা শুরু হলে আমাদের শুরুটাও ভালো করতে হবে। ব্যাটে-বলে চাপটা আমাদের ধরে রাখতে হবে। কে জানে, শেষ দিনে, শেষ মুহূর্তে কত কিছুই তো হতে পারে। এ ধরনের উইকেটে বোলাররা কতটুকু কী করতে পারে?জার্গেনসন: কাজটা আসলে খুব সাধারণ। মূল ব্যাপারগুলো আমাদের ঠিকঠাক করতে হবে, শুরুতেই ওদের চাপে ফেলতে হবে। আমাদের বেশ কয়েকজন ভালো বোলার আছে। ওদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। নতুন বলে পেসাররা যদি উইকেট নিতে পারে, তাহলে স্পিনাররাও ওদের চেপে ধরতে পারবে। আমরা শুধু এটুকুই করতে পারি, এটাই আমাদের নিয়ন্ত্রণে আছে। আবহাওয়া তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা আমাদের কাজটাই ঠিকঠাক করার দিকে মন দেব। দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু দিন পেরিয়ে গেল, কেমন দেখলেন বাংলাদেশের বোলিং?জার্গেনসন: এখন পর্যন্ত যা দেখেছি, তাতে ভালোই মনে হয়েছে। কয়েকজন আছে বেশ ভালো মানের, ওদের আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি। পেসাররা বল মোটামুটি সুইং করাতে পারে। গতিও ভালোই। দু-একজন আছে ১৪০ কিমি গতিতে বোলিং করতে পারে। স্কিলও ভালো। আমাদের স্পিনাররা তো বরাবরই ভালো। সব মিলিয়ে আমার তো মনে হয়, আমাদের বোলিং আক্রমণ খুব ভালো।