‘...কাঁয়ো কতা রাকে না’
‘হামরা গেরামের মানুষ। সারা জেবন বোকা থাকনু। হামার সাথে সবায় চিটেরি (প্রতারণা) করচে। ভোট আইলে বেশি বেশি নেকছার দেয় আর ভোট নেয়। ভোট ব্যারে গেইলে কাঁয়ো কতা রাকে না। হামার কষ্ট কষ্টই থাকি যায়।’ কথাগুলো ঠিক এভাবেই বলেন, বুড়িপুকুর গ্রামের কৃষক অহিদুল ইসলাম (৪২)।জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে চলে গেছে মুচিরহাট-শালবাড়ি সড়ক। এর দূরত্ব পাঁচ কিলোমিটার। পুরো সড়কই কাঁচা। প্রতিদিন এ সড়ক দিয়ে অতিকষ্টে হাজারো মানুষ প্রয়োজনের তাগিদে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় যাতায়াত করে। বর্ষার সময় কাদা ও পানি জমে এবং শুকনা মৌসুমে ধুলা-বালুর কারণে উঁচু-নিচু রাস্তাটি দিয়ে পথ চলাচলে জনসাধারণের ভোগান্তি চরমে ওঠে।পথচারী উত্তরপাড়া গ্রামের মোকছেদুল হক (৪২) বলেন, ‘সড়কটার পাঁচ মাইল হইল মাটিয়া। উঁচা দোলার কারণে ইসকা-ভ্যানোত (রিকশা) ও সাইকেলোত চড়ি আরাম নাই। বাইস্যার (বর্ষাকালে) সমায় কাদোর জন্যে হাঁটি যাওয়াও মুশকিল।’বুড়িপুকুর ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, ‘বাইস্যার সমায় হামরা ভুইয়ের ফসল বাজারে বিক্রি করবার জন্যি নিয়া যাবার পারি না। বাইধ্য হয়া কম দামে ব্যাচে দিবার নাগে।’শিক্ষক শহিদুল ইসলাম (৩৮) বলেন, ‘বর্ষার সময় এ রাস্তার অবস্থা করুণ হয়ে পড়ে। কেউ স্বচোখে না দেখলে আমাদের কষ্ট অনুভব করতে পারবে না। বর্ষার সময় আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারি না। স্কুলে যাই লুঙ্গি পরে, জুতা-স্যান্ডেল হাতে নিয়ে। সেই সময় এক কঠিন আজাবে থাকি।’উপজেলা প্রকৌশলী সারোয়ার হোসেন বলেন, ‘ওই কাঁচা রাস্তা দিয়ে পথ চলাচলে মানুষের কষ্ট হয়, সেটা আমরাও জানি। সরকারি বরাদ্দ পেলে রাস্তাটি পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।’