‘...জমবে কীভাবে, প্রচারই তো নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদকঅন্য অনেক টুর্নামেন্টের মতো কালের গর্ভে হারিয়ে যায়নি। ছয় বছর পর হলেও কাল মাঠে ফিরল স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। ২০০৫ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধার অধিনায়ক আমিনুল হক এতেই খুব খুশি। কাল এই টুর্নামেন্ট নিয়েই কথা বললেন এবার শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক ছয় বছর পর স্বাধীনতা কাপ হচ্ছে। প্রথম শুনে কেমন লেগেছিল? আমিনুল হক: ভীষণ ভালো। বলে বোঝাতে পারব না। কখনো ভাবতেন, আহা আবার যদি টুর্নামেন্টটা হতো?আমিনুল: অনেক ভাবতাম। বিশেষ করে মার্চ মাস এলে। স্বাধীনতার মাস তো আমাদের কাছে বিশেষ কিছু। আমাদের দেশে টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা নেই। এর কারণ কী মনে হয় আপনার?আমিনুল: অনেক কারণ আছে। থাক, এগুলো আমি বলতে চাই না। আমার পক্ষে বলা ঠিকও হবে না। কোটি টাকার সুপার কাপ এক বছর ধরে বন্ধ। নিশ্চয়ই খারাপ লাগছে?আমিনুল: সুপার কাপটা প্রথমবার বেশ জমেছিল। ফুটবলে দর্শক ফেরাতে এমন টুর্নামেন্টের দরকার আছে। আমরা তো প্রথমবার খেলে খুবই আশাবাদী হয়ে উঠেছিলাম। গত বছর হয়নি। এবার আশা করি হবে। ঘরোয়া ফুটবল তো কিছুদিন ধরে একেবারেই পেছনের পাতায় চলে গেছে। এটা দেখে অনুভূতি কী?আমিনুল: অনুভূতি আর কী হবে। খারাপ লাগে। ভাবি, আবার যদি এটা উঠে দাঁড়াতে পারত। নইলে ফুটবল খেলতে আসবে না কেউ। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে আমাদের কিছু সাফল্য দরকার। বিশ্বকাপ ক্রিকেট দেখেছেন? ক্রিকেট নিয়ে এ দেশের মানুষের উন্মাদনা দেখে আফসোস হয়নি, ফুটবলেও যদি এমন হতো?আমিনুল: বিশ্বকাপের সমঝদার দর্শক ছিলাম আমি। বাংলাদেশ-ভারত প্রথম ম্যাচ মাঠে গিয়ে দেখেছি। বাংলাদেশের বাকি ম্যাচগুলোর পুরোটাই টিভির সামনে ছিলাম। ক্রিকেট-উন্মাদনা দেখে খারাপ লাগবে কেন, ক্রিকেট তো আমাদেরই খেলা। ক্রিকেটের সাফল্যের অংশীদার তো আমরা সবাই। একটা ব্যাপার খুব চোখে লাগছে। আজ (কাল) দর্শকশূন্য মাঠে খেলা হলো। আপনি নিজেও খেললেন। তাহলে কি বলা যায়, দর্শক ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আবার?আমিনুল: মুখ ফিরিয়ে নিচ্ছে না। সমস্যাটা হলো প্রচারে। এই স্বাধীনতা কাপ জমবে কীভাবে, প্রচারই তো নেই! লোকে জানেই না। মানুষকে জানাতে হবে। এই কাজটা ঠিকমতো না হওয়ায় এমন শূন্য মাঠ। উচিত ছিল টুর্নামেন্ট নিয়ে কয়েকটা দিন প্রচার চালানো। আপনাদের খেলাও এখন আর মানুষকে টানতে পারে না। এটাও তো ঠিক?আমিনুল: মানুষ মাঠে এলেই না বুঝত ফুটবলাররা ভালো না খারাপ খেলছে। আগে তো ম্যাচ দেখতে হবে। মাঠে এসে তারা দেখুক, আমরা কেমন খেলছি। মাঠে না এলে তো আমরা উৎসাহ পাব না। ফুটবলের এই ঝিমিয়ে পড়া দেখে আপনারা ফুটবলাররা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন?আমিনুল: আমরা অনেক আলাপ-আলোচনা করি। কিন্তু দেখুন, আমাদের কী করার আছে। খেলা যা পড়ছে, আমরা খেলছি। কিন্তু পুরো বিষয়টা তো সঠিক পরিকল্পনার ওপর নির্ভরশীল। আমার মনে হয়, সবকিছু যেন দুলকি চালে চলছে। কোনো তাড়া নেই। কোনো আকর্ষণ নেই। এভাবে আসলে হয় না। স্বাধীনতা কাপ কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারবে বলে মনে করেন?আমিনুল: আজ প্রথম দিনটা যেমন নিরুত্তাপ দেখলাম, তাতে তো এখনই আশার কথা বলতে পারছি না। তবে আশায় তো মানুষ বুক বাঁধে। সেই আশাতেই রইলাম।