‘...তারপরে ভোট দেমো’
গাইবান্ধা-সুন্দরগঞ্জ মহাসড়কের সদর উপজেলার দারিয়াপুর নামক স্থানে মানস সেতুটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর দক্ষিণাংশের ছাদ ও দুই পাশের রেলিংয়ের বেশ কিছু অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়া ছাদের অংশ কিছুদিন আগে মেরামত করা হয়েছে। কিন্তু তার পরও সেই অংশ এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। ফলে ঝুঁকি নিয়ে বাস ও ট্রাক পারাপার হচ্ছে। অথচ জেলা শহরের সঙ্গে সদর উপজেলার চার ও সুন্দরগঞ্জের নয় ইউনিয়নের প্রায় আট লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতু।গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ জানায়, ১৯৭৩ সালের দিকে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। কিন্তু নির্মাণের পর অর্থাভাবে সেতুটি আর সংস্কার করা সম্ভব হয়নি। ১২ এপ্রিল সরেজমিনে সেতু এলাকায় গেলে এলাকাবাসী তাঁদের দুর্ভোগের কথা জানান। গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের অন্তর্গত দারিয়াপুর গ্রাম। গ্রামের ব্যবসায়ী হারুন অর রশিদ (৫২) জানান, সেতুর দুই পাড়ে সপ্তাহে দুই দিন ঐতিহ্যবাহী দারিয়াপুর হাট বসে। সেতুর ওপর দিয়ে দূরপাল্লার বাস-ট্রাক চলাচল তো আছেই। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন এলাকার লোকজন এই হাটে কেনাকাটা করতে আসে। পার্শ্ববর্তী বামনিপাড়া গ্রামের রিকশাচালক বাবলু মিয়া (৪০) বলেন, ‘সগলে খালি বিরিজকোনা ভালো করি দিব্যার চ্যায়া ভোট নেয়। ভোট গ্যালে তামারঘরে দ্যাকা পাওয়া যায় না। হামরা আর ওমারঘরে কতাত ভুলব্যার নই। আগে বিরিজ ভালো করি নেমো, তারপরে ভোট দেমো।’ঘাগোয়া ইউপি চেয়ারম্যান ডিজু বকসি জানান, এ সেতুর ওপর দিয়ে প্রায় আট লাখ মানুষ জেলা শহরে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কারে জেলা প্রশাসক এবং সড়ক ও জনপদ বিভাগ (সওজ) বরাবরে লিখিত আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না।জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম জানান, সেতুটি সংস্কারের জন্য ১১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সংস্কার করা হবে।