ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে এসেও দেখা পেয়েছিলেন প্রধানমন্ত্রীর। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে আরও একবার যাওয়ার সুযোগ হলো গণভবনে। ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর আগ্রহ আর আন্তরিকতা দেখে মুগ্ধ জাতীয় দলের পেসার সৈয়দ রাসেল সিরিজ জয়ের পর তো পুরস্কারে ভেসে যাচ্ছেন! কেমন লাগছে?সৈয়দ রাসেল: অবিশ্বাস্য মনে হচ্ছে! আমার স্বপ্ন ছিল এমন একটা সিরিজ খেলার, যেটা জিতলে আমাদের নিয়ে অনেক আলোচনা হবে, অনেক পুরস্কার-টুরস্কার পাব। আগে তো দেখেছি খেলোয়াড়েরা ভালো খেলে জমি-জমা পেয়েছে। এই সিরিজে তো আপনার দর্শক হয়ে থাকার কথা ছিল। সেখানে অপ্রত্যাশিতভাবে দলে সুযোগ পেয়ে এত কিছু! নিজেকে ভাগ্যবান মনে হয়?রাসেল: ভাগ্যবান তো অবশ্যই (হাসি)। খেলতে না পারায় মাশরাফি-নাজমুলদের হয়তো ক্ষতি হয়েছে, কিন্তু আমার লাভই হয়েছে। না খেললেও দলে ছিলাম...সিরিজ জিতলাম, নিজেকে আসলেই ভাগ্যবান মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান কেমন উপভোগ করলেন?রাসেল: খুবই উপভোগ করেছি। আমাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। ডিনারও করেছেন একসঙ্গে। সবার টেবিলে টেবিলে গিয়ে খোঁজখবর নিয়েছেন কে কী খাচ্ছে...ওনার এই আন্তরিকতা আমার খুবই ভালো লেগেছে। আমাদের সঙ্গে অনেক কথাও বলেছেন। বলেছেন, আমাদের টেস্ট মর্যাদা পাওয়ার ব্যাপারে নিউজিল্যান্ডই বিরোধিতা করেছিল বেশি, সেই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারায় উনি অনেক খুশি হয়েছেন। আপনাদের সঙ্গে তো কোচ জেমি সিডন্স আর দলের অন্য বিদেশি কোচিং স্টাফরাও ছিলেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর?রাসেল: উনি আমাদের বলছিলেন, ‘তোমরা হয়তো এর আগে অনুশীলন কম করতে। সে কারণে জিততে না। এখন থেকে বেশি বেশি অনুশীলন করবে।’ তারপর কোচ সিডন্সকে বলেছেন, আমরা যদি ঠিকভাবে অনুশীলন না করি, তাহলে কোচ যেন সরাসরি ওনাকে জানান। সিডন্স তখন বলেছেন, ‘তাহলে আপনার ই-মেইল অ্যাড্রেসটা আমাকে দিন।’ প্রধানমন্ত্রীও সম্ভবত কোচকে তাঁর ই-মেইল অ্যাড্রেস দিয়েছেন। ভবিষ্যতে আমরা অনুশীলনে ফাঁকি দিলে হয়তো প্রধানমন্ত্রীর কাছে নালিশ চলে যাবে...(হাসি)। ক্রিকেটের উন্নয়নের জন্য কোনো প্রতিশ্রুতি কি দিয়েছেন প্রধানমন্ত্রী?রাসেল: খেলোয়াড়ি জীবন শেষে অনেক ক্রিকেটারেরই কোনো আয়ের পথ থাকে না। খেলার জন্য অনেক সময় পড়াশোনার সুযোগ হয় না বলে অনেকে ভালো চাকরি-বাকরি পায় না। এ রকম খেলোয়াড়দের জন্য একটা কল্যাণ তহবিল করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওটা নাকি এমনভাবে করবেন যাতে পরে অন্য কোনো সরকার এসে সেটা বাতিল করতে না পারে। একটা সিরিজ জিতেই প্লট-গাড়ি-টাকা। কেউ কেউ বলছেন এটা একটু বাড়াবাড়ি। আপনার কী মনে হয়?রাসেল: আমরা যখন আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে খেলার সুযোগ পেলাম, তখনো খেলোয়াড়েরা অনেক কিছু পেয়েছিল। তারপর আস্তে আস্তে আমরা উন্নতি করলেও এ রকম সিরিজ জয় কিন্তু হয়নি। আমরা নিউজিল্যান্ডের মতো একটা দলকে হোয়াইটওয়াশ করেছি। আপনিও জানেন, আমরা এতটা ভালো করব কেউই তা আশা করেনি। তার পরও আমরা অবিশ্বাস্য এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছি! সেদিক দিয়ে আমি মনে করি এই পুরস্কার ঠিকই আছে। আর এটা তো নতুন না, আগেও এমন পুরস্কার দেওয়া হয়েছে। এ ধরনের পুরস্কার ভবিষ্যতে ভালো খেলার ব্যাপারে কতটা অনুপ্রাণিত করে?রাসেল: পুরস্কার পাওয়ার মুহূর্তেই আসলে আনন্দ। নইলে আমরা যখন খেলার মাঠে যাই, তখন পুরস্কার পাওয়ার লোভে কিন্তু আমরা কিছু করি না। মাঠে আমরা ঘাম ঝরাই একটা উদ্দেশ্যেই—ভালো খেলতে হবে। আমরা পেশাদার ক্রিকেটার। পুরস্কার আমাদের অনুপ্রাণিত করে ঠিকই, তবে পুরস্কার পেয়েই আমরা তৃপ্ত হই না।