নাম তাঁর ইব্রাহিম মোহাম্মদ বার্নি হলেও তিনি বার্নি মোহাম্মদ নামেই বেশি পরিচিত। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের কোচ কথা বলেছেন সে দেশের একাডেমির কার্যক্রম এবং বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের আগে কোন দলের কোচ ছিলেন?বার্নি মোহাম্মদ: দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে পাঁচ বছর কাজ করেছি। এর আগে একাডেমি দলের কোচ ছিলাম তিন বছর, ওয়েস্টার্ন প্রভিন্সে ১০ বছরের মতো। আইসিসির হয়ে সর্বশেষ কাজ করেছি উগান্ডার কোচ হিসেবে। এরপর আবার দক্ষিণ আফ্রিকা জাতীয় একাডেমিতে ফিরে আসি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাননি কখনো?বার্নি: জাতীয় দলের সঙ্গে কোনো কোচ না থাকায় একবার কাজ করার সুযোগ হয়েছিল। তবে এখন যারা জাতীয় দলে খেলছে, ওদের অনেকে কখনো না-কখনো আমার অধীনে ছিল। ডেল স্টেইন, জেপি ডুমিনি, আলভি মরকেল, অ্যাশওয়েল প্রিন্স—এরা আমার একাডেমি থেকে এসেছে। দক্ষিণ আফ্রিকায় তো অনেক ক্রিকেট একাডেমি আছে। এগুলোর কার্যক্রম সম্পর্কে বলুন...বার্নি: আমাদের পাঁচটা প্রদেশেই একাডেমি আছে। প্রতিবছর অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের পর আমরা ১৫-২০ সদস্যের জাতীয় একাডেমি দল নির্বাচন করি। প্রিটোরিয়ার হাইপারফরম্যান্স সেন্টারে তারা পাঁচ মাস প্রশিক্ষণ নেয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, মিডিয়া সামলানো, জীবনযাত্রা, মনোবিজ্ঞান—সব বিষয়েই তাদের ধারণা দেওয়া হয়। কোনো খেলোয়াড়ই একবারের বেশি জাতীয় একাডেমিতে আসার সুযোগ পায় না। বাংলাদেশ সফরে আসা দলটিতে এমন কেউ কি আছে যাঁর কথা ভবিষ্যতে অনেক শোনা যাবে?বার্নি: হার্ডাস ভিলিওনের কথা আলাদা করেই বলব। ভালো অ্যাথলেট, মানসিকভাবে শক্ত। স্কোম্যান, হেনড্রিকসও ভালো খেলছে। এ ছাড়া অফ স্পিনার ডেন স্পিটও যথেষ্ট সম্ভাবনাময়। একাডেমি থেকে জাতীয় দল পর্যন্ত যেতে কী কী ধাপ পার হতে হবে তাঁদের?বার্নি: একাডেমিতে ভালো খেললে তারা ইমার্জিং দলে সুযোগ পাবে। এরপর ‘এ’ দল, এরপর জাতীয় দল। অবশ্য ‘এ’ দল আর জাতীয় দলের মধ্যে আরেকটা ধাপ যোগ করতে যাচ্ছি আমরা—হাইপারফরম্যান্স লেভেল। তবে জেপি ডুমিনি ব্যতিক্রমী প্রতিভা। সে একাডেমি থেকে সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়েছে। এই দলটার সঙ্গে কত দিন ধরে আছেন?বার্নি: উগান্ডা থেকে আসার পর আমি মাত্র দুই দিন দলটা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমার কাউন্টি ওয়েস্টার্ন প্রভিন্স থেকে আসা দুজন ছাড়া কাউকেই আমি চিনতাম না। এখান থেকে গিয়ে অবশ্য আমি আর এই দলটার সঙ্গে থাকব না। রে জেনিংস দায়িত্ব নেবে। আমিও অন্য কোনো দায়িত্ব নেব। বাংলাদেশের কোচ হওয়ার জন্যও আবেদন করেছি। নিজ থেকে আগ্রহী হয়েই করেছেন নাকি বোর্ড আপনার প্রতি আগ্রহ দেখিয়েছে?বার্নি: না, না। পত্রিকায় বিজ্ঞাপন দেখে আমিই সিদ্ধান্ত নিয়েছি আবেদন করার। আর আমি তো আগের সব পর্যায়ই পার হয়ে এসেছি। অনূর্ধ্ব-১৩, ১৭ ও ১৯, একাডেমি, ‘এ’—সব দলেরই কোচ হিসেবে কাজ করেছি। একমাত্র জাতীয় দলের কোচই হইনি কখনো। আপনি নিজে কোন পর্যায়ের ক্রিকেটে খেলেছেন?বার্নি: ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি। এ ছাড়া ৯ বছর ইংল্যান্ডে ছিলাম। কোচিংয়ের সব পাঠ ওখানেই নেওয়া। বব উলমারের সঙ্গে খুব ক্লোজ ছিলাম আমি। বাংলাদেশের তরুণদের কেমন দেখলেন?বার্নি: উপমহাদেশে বাংলাদেশেই সবচেয়ে বেশি ক্রিকেট-প্রতিভা। আমি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায়ও গেছি। বয়সের তুলনায় বাংলাদেশের ছেলেরাই বেশি প্রতিভাবান। তবে এখানকার ছেলেরা ক্লাব ক্রিকেটেই অনেক বেশি সময় দেয়। আমার ধারণা একাডেমিটাকে এখানে সিরিয়াসলি দেখা হচ্ছে না। ‘এ’ দল বা জাতীয় দলের আগে আর কোনো ধাপ নেই। অল্প বয়সেই খেলোয়াড়েরা অবসরে চলে যাচ্ছে। হাবিবুল বাশার বড় উদাহরণ। অভিজ্ঞ ক্রিকেটারেরও কিন্তু দরকার আছে দলে।