ঘটনাটা একাডেমির ছোট মাঠে ঘটেছে। তবে কাল জাতীয় দলের বিপক্ষে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে রকিবুল হাসানের সেঞ্চুরি শুধু ছোট মাঠের সৌজন্যে নয়, তাঁর দুর্দান্ত ব্যাটিংয়েরও বড় ভূমিকা এতে। ‘এ’ দলের এই ব্যাটসম্যান এটাকে দেখছেন সব ধরনের ক্রিকেটে তাঁর সামর্থ্যের প্রমাণ হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করে ফেললেন। খুব খুশি?রকিবুল হাসান: এক শ যেখানেই করেন, যেকোনো ব্যাটসম্যানকেই সেটা অন্য রকম আত্মবিশ্বাস দেয়। কতটা আনন্দ যে হচ্ছে, বলে বোঝাতে পারব না। তবে সবচেয়ে বড় কথা, আমরা জাতীয় দলকে হারাতে পেরেছি। আপনাকে সবাই ঠুক-ঠুক ব্যাটসম্যান হিসেবেই বেশি চেনে। কিন্তু আজ তো ফাটিয়ে দিলেন...রকিবুল: এ রকম ভ্রান্ত ধারণা অনেকের থাকতে পারে। তবে আমি আশরাফুল ভাই, মাশরাফি ভাই ও সাকিবের অধীনে খেলেছি। তাঁরা সবাই বলেন, আমার ব্যাটিং সব ধরনের ক্রিকেটেই উপযোগী। আর আমার এমন অনেক পারফরম্যান্সই আছে, যেখানে আমি বড় রান করেছি, রানের তুলনায় বল কম হয়েছে। তাহলে মানুষের এই ধারণা কেন হলো আপনার ব্যাটিং সম্পর্কে?রকিবুল: অনেক সময় টিম রুলস মেনে খেলতে হয়। হয়তো অন্যরা আক্রমণাত্মক ব্যাটিং করে, আমাকে মিডল অর্ডারে ধরে রাখার ভূমিকা রাখতে হয়। হ্যাঁ, অনেক সময় হয়তো আমিও প্রয়োজনের তুলনায় স্লো খেলেছি। তবে নিজেকে অতিক্রম করার চেষ্টা আমার সব সময়ই আছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনি দলে ছিলেন। সামনে আরেকটি বিশ্বকাপ, আপনি জাতীয় দলের বাইরে। কেমন লাগে?রকিবুল: বোঝেনই তো, কেমন লাগার কথা। খারাপ লাগে। তবে খেলোয়াড় হিসেবে আমি এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি। একজন খেলোয়াড়ের জীবনে এ রকম সময় আসেই। এখন তবু ‘এ’ দলের অনুশীলনে আছেন। মাঝখানে একদমই হারিয়ে গিয়েছিলেন। বিপিএলেও দল পাননি...রকিবুল: বিপিএলে কেন দল পাইনি, আমি নিজেও জানি না। জাতীয় দলের খেলোয়াড়দের একটা আলাদা প্রেস্টিজ আছে। আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম—আমার দোষটা কী? আমি তো সব ধরনের ক্রিকেটই খেলতে পারি। ‘এ’ দলের হয়ে ভারত সফরে চার দিনের ম্যাচ খেলবেন। কোনো ব্যক্তিগত লক্ষ্য কি আছে?রকিবুল: আমার কিন্তু দীর্ঘ পরিসরের ক্রিকেটের চেয়ে ওয়ানডের রেকর্ড ভালো। তবে আমি কোনোটাকেই আলাদা করে দেখি না। যেখানেই খেলি, ভালো খেলতে চেষ্টা করি। আমার সব সময় লক্ষ্য থাকে যেন আগের ম্যাচটা থেকে ভালো খেলতে পারি। ভারত সফরের জন্যও আলাদা কোনো লক্ষ্য ঠিক করিনি। ফাইনালের আগ পর্যন্ত তিন ম্যাচে ছয়টা ইনিংস পাব। চেষ্টা করব সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করতে। জাতীয় দলের নতুন কোচ রিচার্ড পাইবাস মাঠে বসে আপনার সেঞ্চুরি দেখলেন। খেলা শেষে কথা হয়েছে তাঁর সঙ্গে?রকিবুল: ম্যাচের পর আমাদের টেন্টে এসে সবার সঙ্গে হ্যান্ডশেক করেছেন। আমাকে বললেন, আমার ব্যাটিং তাঁর ভালো লেগেছে। পরে সময় পেলে আলাদা কথা বলবেন। এ ছাড়া ভারত সফরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। জাতীয় দলে ফেরা নিয়ে কি ভাবছেন?রকিবুল: জাতীয় দল থেকে বাদ পড়া কত কষ্টের, সেটা যে বাদ পড়ে সে-ই শুধু বোঝে। আমিও রক্ত-মাংসের মানুষ। তবে পরিশ্রম করে যাচ্ছি। চেষ্টা করছি ফিরতে। বাকিটা নির্বাচকেরা ভালো জানেন।