২১৬ রানের মধ্যে তাঁর একারই প্রায় অর্ধেক! ১২৬ রানের ওপেনিং জুটির পর আর মাত্র ৯০ রান যোগ করতেই অলআউট বাংলাদেশ! টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেও তামিম ইকবাল তাই হতাশ। বললেন, স্পিন উইকেটে খেলার অভ্যাস থাকার পরও এই বিপর্যয় মেনে নেওয়া যায় না লর্ডসের পর ওল্ড ট্রাফোর্ডেও সেঞ্চুরি করলেন। কেমন লাগছে?তামিম ইকবাল: সেঞ্চুরি করলে ব্যক্তিগত অনুভূতি সব সময়ই ভালো হয়। তবে দলের ব্যাপারটাও তো দেখতে হবে। দারুণ একটা শুরুর পরও আমরা ভালো খেলতে পারিনি। ১২৬ রানের ওপেনিং জুটির পর দিনটা এভাবে শেষ হওয়ায় খুশি হতে পারছি না। ও রকম একটা শুরুর পর কখনো কি মনে হয়েছিল, এ রকম কিছুও হতে পারে?তামিম: (হাসি)...না না...একদমই ভাবিনি ও রকম। যা হয়েছে, খুবই খারাপ হয়েছে। আমরা আসলেই খেলতেই পারিনি। দিন শেষে ড্রেসিংরুমের অবস্থা কী ছিল?তামিম: সবাই খুব হতাশ। আমরা এখন বুঝতে পারছি, কী দারুণ একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। তবে আমাদের দলটা এখনো তরুণ, এসব ভুল থেকে আমাদের শিখতে হবে। কোচ জেমি সিডন্স কী বললেন?তামিম: আসলে ওই সময়টাতে আমি ছিলাম না ড্রেসিংরুমে। প্রেস কনফারেন্সে চলে গিয়েছিলাম। কোচ বলেছেন, ইংল্যান্ডের স্পিনের সামনেই ব্যাটসম্যানরা নুয়ে পড়েছে। আসলেই কি তাই? উইকেটে স্পিন কেমন হচ্ছিল?তামিম: আমারও তা-ই মনে হয়। উইকেট দেখে মনে হচ্ছিল, যেন টেস্টের সপ্তম দিন খেলা হচ্ছে! অনেক স্পিন করছিল বল, প্রচুর টার্ন নিচ্ছিল। দেশে আমরা প্রচুর স্পিন খেলি, এখানে তাই মানিয়ে নেওয়াটাই উচিত ছিল। কিন্তু আমরা ভালো খেলিনি, আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আবার তো সেই ফলোঅন। দ্বিতীয় ইনিংসে কী লক্ষ্য থাকবে?তামিম: ভুল খুঁজে বের করে সেটা শোধরাতে হবে। যতটা সময় সম্ভব ব্যাট করার চেষ্টা করতে হবে। টেস্টের ভবিষ্যৎ কী মনে হচ্ছে এখন?তামিম: জানি না...এখনো তো অনেক সময় বাকি। দেখা যাক, কী হয়। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। লর্ডসের পর এখানেও ভালো একটা ওপেনিং হলো। ইমরুল কায়েসের সঙ্গে আপনার জুটিটা তো মনে হচ্ছে জমেই গেল...তামিম: আসলে আমার দুজনই দুজনের কাজটা জানি, দলের জন্য কী করতে হবে, সেটা বুঝেই আমরা মাঠে নামি। গত সাত-আটটা টেস্ট ম্যাচে ওর সঙ্গে আমার খুব ভালো জুটি হচ্ছে। ইমরুল ভালো ব্যাটসম্যান, দ্রুত ভুল শোধরাতে পারে। গ্রায়েম সোয়ানের বোলিং কেমন মনে হলো?তামিম: আমি সব সময়ই বলি, ও বিশ্বমানের বোলার। এ মুহূর্তে হয়তো বিশ্বের সেরা অফ স্পিনারও ও-ই। এখানে দুই টেস্ট মিলিয়ে কার বিপক্ষে ব্যাটিং করতে বেশি সমস্যা হয়েছে আপনার?তামিম: সব সময়ই বলি, বোলার নিয়ে আমি কখনো ভাবি না। আপনি যদি কারও নাম শুনেই ভয় পেয়ে যান, আপনাকে সমস্যায় পড়তেই হবে। সন্দেহ নেই, সোয়ান ভালো বোলার; কিন্তু আপনি যদি ওভাবে ভাবতে থাকেন, তাহলে আপনি যা করতে পারতেন, তাও করতে পারবেন না।