‘...যেন বৃষ্টির পরের আকাশ’
উত্তর জনপদের নারীরা সুঁই-সুতার কাজ আর নিজেদের উৎপাদিত প্রাকৃতিক নীল ব্যবহার করে সাড়া ফেলে দিয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। রংপুরের রাজেন্দ্রপুর ইউনিয়নের মঞ্জু রানী, সোনাবালা, ফজিলা, বাসিতন ও মরিয়ম, হোসেনপুর ইউনিয়নের রোজিনা আর জ্বালাগাড়ির রশিদা, হতদরিদ্র অবহেলিত নারীর বদলে এখন তাঁদের পরিচয় কারুশিল্পী। তাঁদের হাতের কাজের প্রতিটি কাঁথা দিল্লির মেলায় বিক্রি হয়েছে ২৭ হাজার টাকা দামে, স্কার্ফ নয় হাজার টাকায়। নীল কাঁথারংপুরের নারীদের উৎপাদিত পণ্যের অনন্য নকশা আর অসাধারণ হাতের কাজ এখন নয়াদিল্লিতেও সমাদৃত। তাদের পণ্যভান্ডারে আছে ‘খেতা-বরী’ নকশার স্কার্ফ, শাল আর মাফলার। এর জন্য কাপড় ব্যবহার করা হয়েছে সিল্ক, খাদি আর মেরিনো উল। ‘খেতা-বরী’ হলো বাংলার কাঁথা সেলাই আর জাপানি ‘নুই শিবরী’র সম্মিলন। এটি ‘লিভিং ব্লু’র নিজস্ব ডিজাইন। আরও আছে বিভিন্ন খাদি ব্যবহার করে তৈরি জোড়াতালির অনন্য কাঁথা। একেকটি কাঁথা যেন বাঙালির চিরপরিচিত রঙিন ভুবন। সঙ্গে রয়েছে প্রাকৃতিক নীল দিয়ে রং করা নীল কাঁথা। পণ্যগুলো আকৃষ্ট করেছে ভারতের প্রথম সারির ফ্যাশন ডিজাইনারদেরও। কাঁথা সেলাইয়ে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে সম্প্রতি নয়াদিল্লিতে গিয়েছিলেন রংপুরের মঞ্জুবালা রানীসহ অনেকে। ভারতের কারুশিল্পীদের সংগঠন দস্তকার আয়োজিত ‘ন্যাচার বাজার’ মেলায় অংশ নিয়ে শ্রেষ্ঠ স্টলের পুরস্কার অর্জন করেছে। উল্লেখ্য, এই মেলায় অংশ নিয়েছিলেন ভারত, পাকিস্তান ও ভুটানের বিভিন্ন কারুশিল্পী। এ অঞ্চলের হতদরিদ্র পরিবারের কারুশিল্পীদের প্রতিষ্ঠান নিজেরা কটেজ অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ ‘লিভিং ব্লু’ নামের ডিজাইন ও কারুকাজের বিভিন্ন পণ্যের স্টল দেয় এই মেলায়। এই সংগঠনকে সার্বিক সহযোগিতা দেওয়া বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের একটি প্রকল্পের কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, সংগঠনটি সম্প্রতি ভারতের নয়াদিল্লির মেলায় অংশ নিয়ে প্রথম পুরস্কার অর্জন করেছে নতুন নকশার পণ্য উপস্থাপনের মাধ্যমে। ভারতের কারুপণ্যের বাজার এমনিতেই খুব প্রতিযোগিতামূলক। বাংলাদেশের বিখ্যাত প্রাকৃতিক নীলের চিরায়ত আবেদন ছিল তাঁদের স্টলে। নীল বিস্ময়মেলায় অংশ নেওয়া মঞ্জুবালা রানী ও রশিদা বেগম বলেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার অব দ্য আর্টস প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘নেচার বাজার’ মেলায় অন্যতম আকর্ষণ ছিল ‘লিভিং ব্লু’র স্টল। দ্য হিন্দু পত্রিকার এই স্টলকে বর্ণনা করা হয়েছে ‘নীল বিস্ময়’ হিসেবে। এদিকে মেলায় তাঁরা বিক্রি করেছেন প্রায় ১০ লাখ টাকার পণ্য। সে সঙ্গে ছড়িয়ে গেছে রংপুরে উৎপাদিত প্রাকৃতিক নীলের গল্প। সেখানকার আরও কয়েকটি সংগঠনের সঙ্গে এই নীল বাজার নিয়ে কথাবার্তা চলছে বলে নিজেরা কটেজ অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজের সভাপতি সালমা বেগম জানান এসব তথ্য।নয়াদিল্লির মেলায় ‘লিভিং ব্লু’ স্টলে একটি মন্তব্যের বই ছিল। সেখানে ভারতের বিশিষ্টজনেরা ভূয়সী প্রশংসা করে মন্তব্য করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত বাংলাদেশের এই প্রতিষ্ঠান হস্তজাতশিল্পের কাজ করে আরও এগিয়ে যাবে বলে মন্তব্যের বইয়ে লিখেছেন।প্রখ্যাত টেক্সটাইল ডিজাইনার রাজীব শেঠি লিখেছেন, ‘বাংলাদেশের রুপালিরেখা এখনো সমুজ্জ্বল, যেন বৃষ্টির পরের আকাশ’। আরেক টেক্সটাইল ডিজাইনার মারদান্ত সিং কাঁথার কাজ দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘চিত্রকর্মের মতোই অকৃত্রিম এসব কাজ।’ সব মিলিয়ে এ মেলায় সবার কাছ থেকেই প্রশংসা পেয়েছে রংপুরের এই নারীদের হাতের কাজ।