‘...সবচেয়ে ছোট্ট গাড়িটা এনেছি’
‘সিকন পুলডার (সরু সেতু) লাইগা এই গাওর পুলামাইয়াদের বিয়াশাদি দিয়া ভালো ফেমেলির সাথে আত্মীয়তা করা যায় না। পুলামাইয়াদের দেইখা পসন্দ হইলেও পুলডা আর পসন্দ হয় না। তারা কয় এই পুলডা দিয়ে গাড়ি আইব না, এই গাওয়ে বিয়াশাদি করা যাইব না।’কথাগুলো অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মতবর সানু মিয়া। সানু মিয়ার কথার সঙ্গে গ্রামের সব বাসিন্দা একমত। সবার একই অভিযোগ, সেতুর জন্য গ্রামের অনেক ছেলেমেয়ের ভালো বিয়ে হচ্ছে না।এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের ছাতিয়াইন থেকে মনিপুর গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের প্রথম সেতুই এটি। সেতুটি দিয়ে প্রতিদিন দাসপাড়া, গোপীনাথপুর, শ্রীমতপুর, এক্তিয়ারপুর, মনিপুর গ্রামের কয়েক শ লোক যাতায়াত করে। ১৯৮৭ সালে মাত্র সাত ফুট প্রশস্ত করে নির্মাণ করা হয় সেতুটি। বর্তমানে এটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দাসপাড়া, গোপীনাথপুর, শ্রীমতপুর, এক্তিয়ারপুর ও মণিপুরবাসীর একটাই দাবি, সেতুটি ভেঙে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে পুনরায় নির্মাণ করা হোক।সরেজমিনে গত ৫ জনুয়ারি গিয়ে দেখা যায়, বর-কনেবাহী ছোট একটি প্রাইভেটকার সেতু দিয়ে ঢোকানোর চেষ্টা করছেন গাড়িচালক আহাদ মিয়া। বরযাত্রীরা জানান, এই প্রথম চার চাকার গাড়িটি এ সড়কে ঢুকবে। বরের পরিচয় জানতে চাইলে বরযাত্রীরা জানান, দাসপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সাহেদ আলী। নববধূকে পাশে রেখেই সাহেদ আলী বলেন, ‘ভাই ব্রিজটার কথা আর বইলেন না। সারা জেলা খুঁজে সবচেয়ে ছোট্ট গাড়িটা এনেছি এ ব্রিজ দিয়ে ঢুকতে।’ ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব বিশ্বজিত্ দেব জানান, সেতুটি এলজিইডির। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এটির কোনো সংস্কারে কিছু করা সম্ভব হবে না।দাসপাড়া গ্রামের মোহাম্মদ আলী জানান, ‘সেতুটি নিয়ে আমি বারবার ইউনিয়নের সভায় আলোচনা তুলি। গ্রামের ছেলেমেয়েদের সেতুটির কারণে উচ্চবংশে বিয়েশাদি দেওয়া যায় না কথাটি সত্য।’ ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, ‘সেতুটি ভেঙে বড় করে নির্মাণের জন্য আমি এলজিইডির কাছে আবেদন করব।’উপজেলা এলজিইডির প্রকৌশলী শরীফ আমিনুল ইসলাম বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশ হলে আমি পত্রিকার লেখাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করব। এতে উদ্যোগ নিতে সহায়ক হবে।’