‘...সবার আবেগটা বুঝতে পারছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন, খেলেছেন ইংল্যান্ড ‘এ’ দলেও। এ ছাড়া ইংলিশ কাউন্টির দল সমারসেট বা জিম্বাবুয়ের ম্যাশোনাল্যান্ড ইগলসের হয়েও নিজেকে প্রমাণ করেছেন পিটার ডেভিড ট্রেগো। তবে ইংল্যান্ড দলে এখনো নাম লেখাতে পারেননি। পারেননি বলেই আবাহনীর হয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে আসা ইংলিশ এই অলরাউন্ডার একটু হতাশ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হলো। কেমন উপভোগ করলেন?পিটার ট্রেগো: খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ। আবাহনীর প্রতি সবার আবেগ এবং দলের ভালো ফলাফলের গুরুত্বটা এখন বুঝতে শুরু করেছি। বুঝতে পারছি, এই দলের জন্য জয় কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে খেলতে এলেন কেন?ট্রেগো: এ রকম একটা কিছুই চাইছিলাম আসলে। গত কয়েক বছরে আমি জিম্বাবুয়েতে গিয়ে খেলেছি, চ্যাম্পিয়নস লিগে খেলেছি। আমার মনে হয়েছে, ক্যারিয়ারের এই সময় যত বেশি খেলার সুযোগ পাব, ততই উন্নতি করতে পারব। আগামী কয়েকটা বছর কঠোর পরিশ্রম করে আবাহনী, ম্যাশোনাল্যান্ড ইগলস ও সমারসেটের হয়ে ভালো খেলতে চাই। এজেন্টের মাধ্যমে এখানে আসার সুযোগ পেয়ে সেটা লুফে নিয়েছি। আশা করি বিপিএলেরও কোনো না কোনো দল আমাকে নেবে। বাংলাদেশি ক্লাবের ড্রেসিংরুমের আবহ কেমন লাগছে?ট্রেগো: দারুণ কিছু ছেলে আছে। আমার বাংলা যদিও খুব ভালো না, তবে সবাই খুব বন্ধুভাবাপন্ন। কর্মকর্তারাও দারুণ, খুব ভালো যত্ন নিচ্ছেন আমার। এখন পর্যন্ত এখানে থাকাটা উপভোগই করছি। আবাহনীতে খেলা তৃতীয় ইংলিশ খেলোয়াড় আপনি। এর আগে নিল ফেয়ারব্রাদার এবং রিচার্ড ইলিংওয়ার্থও এই ক্লাবে খেলে গেছেন। জানেন সেটা?ট্রেগো: জানা ছিল না। তবে ইলিংওয়ার্থের সঙ্গে ভালো জানাশোনা আছে আমার। এখন আম্পায়ারিং করছেন। তাঁর পথ ধরে এখানে এসে থাকলে সেটা অবশ্যই দারুণ ব্যাপার। বুঝতে পারছি, এখানে দলকে জয় এনে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। অন্য দেশের ঘরোয়া ক্রিকেটেও তো খেলেছেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সেসবের কীভাবে তুলনা করবেন?ট্রেগো: এই মুহূর্তে তুলনা করা কঠিন। ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে উইকেটের ধরন বুঝে নিজের খেলা বদলানোটাই কঠিন এক কাজ। এখানে খেলার মান অনেক ভালো। এখানকার জাতীয় এবং ‘এ’ দলের খেলোয়াড়েরা আমার সঙ্গে বা ভারত থেকে আসা মিঠুনের সঙ্গে যেভাবে মিশে গেছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। এখানে রান করতে পারলে খুব গর্ব হবে। ঘরোয়া ক্রিকেটে আপনার পারফরম্যান্স ভালো। একসময় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। এখনো জাতীয় দলে খেলা হয়নি বলে কি কিছুটা হতাশ?ট্রেগো: ‘এ’ দলের হয়েও কয়েকটা সফরে ভালো খেলেছি। হ্যাঁ, হতাশ তো অবশ্যই। এখনো মূল দলে জায়গা করতে পারলাম না, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারলাম না...। তবে বাংলাদেশের মতো জায়গায় এসে খেলাটাও গুরুত্বপূর্ণ। আমার পক্ষে রান করা বা উইকেট পাওয়ার মতো ব্যাপারগুলোই কেবল নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর যদি নির্বাচকেরা মনে করেন, তাঁরা আমাকে টি-টোয়েন্টি বা ওয়ানডের দলে নেবেন, তাহলে খেলব। এখানকার উইকেটের চরিত্র তো আপনার জন্য একটু অন্য রকম। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কি খেলার ধরন বদলাচ্ছেন?ট্রেগো: আমি আক্রমণাত্মক ব্যাটসম্যান। তবে এখানে নিজের খেলায় সামান্য কিছু পরিবর্তন আনতে হচ্ছে। বল অনেক সময় নিচু হয়ে আসে, বলের দিকে তীক্ষ দৃষ্টি রাখতে হয়। আজ (গতকাল) ৪০-এর ঘরে গিয়ে আউট হয়ে গেলাম। সেঞ্চুরি করে জয়টা সহজ করতে না পারায় কিছুটা হতাশ। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে খেলাটা ভালো খেলোয়াড় হিসেবে তৈরি হতে কতটা সাহায্য করে?ট্রেগো: ভিন্ন ভিন্ন উইকেটে যত বেশি ব্যাটিং করবেন, ততই একজন পূর্ণাঙ্গ খেলোয়াড় হয়ে ওঠা যাবে। অবসরের আগ পর্যন্ত আমরা এটাই করে যাব।