‘...হয়তো একাই ১৭০ করে ফেলতেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে খুলনায় জয় পেল চিটাগং কিংস। ব্যাটিংয়ে ৩৮ রানের পর ৮ রানে ১ উইকেট নিয়ে দলের ইংলিশ ক্রিকেটার রবি বোপারা তাতে রেখেছেন বড় ভূমিকা। তাঁর বিশ্বাস, প্রথম জয়ের পর বিপিএলে নতুন শুরু হবে চিটাগং কিংসের টানা দুই হারের পর জয় পেলেন। কেমন লাগছে?রবি বোপারা: খুবই খুশি। দলের জন্য দারুণ স্বস্তির জয় এটা। কাগজে-কলমে এমন ভালো একটা দলের কাছে সবাই জয়ই প্রত্যাশা করে। প্রথম দুটি ম্যাচে ভালো খেলতে না পারায় বেশ চাপে পড়ে গিয়েছিলাম। তবে এ ম্যাচে ভালো খেলেই জিতেছি। যদিও ব্যাটিংটা আজও (গতকাল) প্রত্যাশামতো হয়নি। ১৫০ রানের লক্ষ্য ছিল আমাদের। শেষ পর্যন্ত অবশ্য বোলাররা ১২৯ রানকেও জেতার জন্য যথেষ্ট প্রমাণ করেছে।  কাগজে-কলমে ভালো দল হলেও চিটাগং কিংসের মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন নেই। এর কারণ কী বলে মনে হয়?বোপারা: দলটার ব্যাটিং অনেকাংশেই বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভরশীল। তবে এসব বিদেশিরা বাংলাদেশে খুব বেশি খেলেনি। উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। তা ছাড়া এখানকার উইকেটগুলোও ঠিক ভারতের মতো নয়। বল নিচু হয়ে আসে, গতিও অনেক কম। বিদেশি খেলোয়াড়দের জন্য এখানকার উইকেট রহস্যই হয়ে আছে। তবে আমাদের এর সঙ্গেই অভ্যস্ত হয়ে উঠতে হবে। অভ্যস্ত হয়ে গেলে দেখবেন অন্য রকম পারফরম্যান্স হচ্ছে। জয় তো পেলেন। ধারাবাহিকতা থাকবে তো?বোপারা: অবশ্যই। আমাদের বোলিং খুবই ভালো। আজ (গতকাল) তো শন টেইটও খেলেনি। ও ভীতি-জাগানিয়া বোলারদের মধ্যেই একজন। তা ছাড়া এ পর্যন্ত আমরা সব ম্যাচই খেলেছি দিনে। উইকেট বেশি শুকনো থাকে এই সময়টায়। রাতের খেলায় আমাদের অন্য রকম পারফরম্যান্স দেখবেন। শিশির পড়ে বল স্কিড করবে, টেইটের বলেও খানিকটা বাড়তি গতি যোগ হবে। সব ব্যাটসম্যানের জন্যই কঠিন হবে সেটা খেলা।  স্থানীয়রা ভালো খেলছেন না বলে কি চিটাগং কিংসের বিদেশিদের একটু বেশিই দায়িত্ব নিতে হচ্ছে? বোপারা: স্থানীয়দের চাপে ফেলাটা ঠিক হবে না। তবে এটা ঠিক, সব খেলোয়াড়কেই দলের জন্য অবদান রাখতে হবে। আবার কাউকে দোষ দেওয়াও ঠিক না। আমরা দল হিসেবে খেলি, লক্ষ্যটাও আমাদেরই ঠিক করতে হবে। আজকের (গতকালের) উইকেটে ১৪০ খুব ভালো স্কোর হতো। সব উইকেটেই ১৭০ করা সম্ভব না।  ড্রেসিংরুমে ব্রায়ান লারার মতো একজনকে পাওয়ার অভিজ্ঞতা কেমন?বোপারা: এখন পর্যন্ত ব্রায়ান লারার ভূমিকা দুর্দান্ত। তিনি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এলেও দলের সব মিটিংয়েই থাকছেন, কথাও বলছেন। ছেলেদের অনুপ্রাণিত করার জন্য কাল (পরশু) দারুণ একটা গল্প বললেন। গল্পটা তাঁর বন্ধু কোর্টনি ওয়ালশকে নিয়ে। খেলা নিয়ে নিজের জ্ঞান ছেলেদের সঙ্গে ভাগাভাগি করছেন। তবে তিনি বুঝতে পারছেন না, কেন আমরা ১৭০ করতে পারছি না। তিনি ব্যাট করলে হয়তো একাই ১৭০ করে ফেলতেন! দারুণ একজন মানুষ। দলকে অনেক কিছুই শেখাচ্ছেন। বাংলাদেশে কেমন লাগছে?বোপারা: উপভোগ করছি। ঢাকা বা চট্টগ্রামের চেয়ে খুলনা একটু আলাদা। তবে এখানেও ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা হচ্ছে সবার।