‘অগ্রাধিকারবোধহীন’ নেতা জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি প্রয়োজনে অনুপস্থিত, অথচ তিনি দেশের কর্ণধার—সম্প্রতি এমন কয়েকজন ‘নেতার’ তালিকা প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত সাময়িকী ‘ফরেন পলিসি’। তালিকাটির একেবারে শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।পাকিস্তানের ইতিহাসের ভয়াবহতম বন্যায় যখন উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনার জন্য গোটা দেশ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নেতৃত্বের অপেক্ষায়, ঠিক তখন জারদারি বেরিয়ে ছিলেন ইউরোপের কয়েকটি দেশে এক ব্যয়বহুল সফরে।‘ফরেন পলিসি’ লিখেছে, আসিফ আলী জারদারি ইউরোপ সফরে অত্যন্ত দামি কয়েকটি পাঁচতারকা হোটেলে অবস্থান করছিলেন। প্রতি রাতের জন্য যার ভাড়া ছিল ১১ হাজার মার্কিন ডলার। সাময়িকীটি থেকে আরও জানা যায়, জারদারির অনেক ঘনিষ্ঠজন সে সময় তাঁকে ইউরোপ সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও জারদারিকে বন্যার সময়ে এই ব্যয়বহুল সফর পরিহার করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সবার অনুরোধ, পরামর্শকে পাশ কাটিয়ে তিনি ইউরোপ সফর করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট যখন ইউরোপ সফর করছিলেন, সে সময় ইউরোপীয় অনেক গণমাধ্যমও তাঁর এই সফরের খবরকে কৌতুককর করে প্রকাশ করেছিল। এমনকি বার্মিংহামে প্রবাসী পাকিস্তানিদের এক অনুষ্ঠানে গেলে সেখানে ক্ষুব্ধ এক পাকিস্তানি জারদারির দিকে জুতাও ছুড়ে মেরেছিলেন।পুলিশের কাছ থেকে মুক্তি পেয়ে জুতা ছুড়ে মারা সেই পাকিস্তানি বলেছেন, ‘যে নেতার অগ্রাধিকারবোধ নেই, দেশের মানুষকে দুর্যোগ ও দুর্ভোগের মধ্যে ফেলে রেখে যে নেতা বিলাসবহুল সফরে বের হতে পারেন, তাঁর প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য ওটাই ছিল সর্বোত্তম পন্থা।’‘ফরেন পলিসি’ সাময়িকীর এই তালিকায় রাষ্ট্রনায়ক ছাড়াও কয়েকজন বিশেষ ব্যক্তিও রয়েছেন। তাঁরা হলেন রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র ইউরো লুজকভ, হাইতির প্রেসিডেন্ট পদপ্রার্থী উয়েলিফ জিন, ব্রিটিশ পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী টনি হেইওয়ার্ড ও ব্রিটিশ এয়ারওয়েজের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক টনি উডলি।। দাবানলের কারণে বিষাক্ত ধোঁয়ায় যখন মস্কোর আকাশ আচ্ছন্ন, ঠিক তখন লুজকভ অস্ট্রেলিয়ায় এক ব্যক্তিগত ভ্রমণে ছিলেন। উয়েলিফ জিন ভূমিকম্প-পরবর্তী সময়ে হাইতির পুনর্গঠনের সময় দেশের বাইরে ছিলেন। মেক্সিকো উপকূলে ব্রিটিশ পেট্রোলিয়ামের নিয়ন্ত্রণাধীন তেলকূপ থেকে তেল ছড়িয়ে পড়ার সময় টনি হেইওয়ার্ড পারস্য উপসাগরে নৌবিহার করছিলেন। টনি উডলি যুক্তরাজ্যের ইতিহাসের বৃহত্তম শ্রমিক আন্দোলনের সময় ভূমধ্যসাগরের একটি বিলাসবহুল স্থানে অবকাশ যাপন করছিলেন। পিটিআই।