‘অজানা’ আশরাফের খোঁজে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েসহ কলাবাগানে ব্যবসায়ী দম্পতির ওপর হামলাকারী যুবক আশরাফ আলীর খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও মেয়ের অবস্থা উন্নতির দিকে বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন। গত শনিবার ভোরে কলাবাগানে ব্যবসায়ী আমিনুর রহমান (৫৮), তাঁর স্ত্রী রোখসানা মমতাজ (৪৫) এবং তাঁদের ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (ডিআইআইটি) তৃতীয় বর্ষে পড়ুয়া মেয়েকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন মেয়েটির বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আশরাফ আলী। শুক্রবার রাতে বাসায় এসে ২০ লাখ টাকা দাবি করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করেন আশরাফ। এরপর গৃহকর্তা ৫০ হাজার টাকার চেক লিখে দিলে আশরাফ একটু শান্ত হন এবং বন্ধু মেয়েটির সঙ্গে ড্রয়িংরুমে গল্প করতে থাকেন। ভোররাতে তিনি মেয়েটির ওপর চাপাতি নিয়ে চড়াও হলে বাবা-মা তাঁকে রক্ষায় এগিয়ে আসেন এবং তাঁরাও হামলার শিকার হন। ঘটনার পর থেকেই পলাতক সেই ‘ভয়ংকর বন্ধু’ আশরাফ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল প্রথম আলোকে জানান, গতকাল রোববার আশরাফের খোঁজে তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুটনায় অভিযান চালানো হয়েছে, তবে তাঁকে পাওয়া যায়নি। আশরাফের বাবা ব্যবসা করেন বলে জানা গেছে।সারা রাত কেন আশরাফকে বাসায় থাকতে দিলেন—গৃহকর্তার কাছে তাঁর গ্রহণযোগ্য জবাব পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওসি বলেন, ‘রাতে যখন আশরাফ সবাইকে জিম্মি করার পর শান্ত হলেন, এরপর কেন তাঁকে আরও চার-পাঁচ ঘণ্টা বাসায় থাকতে দেওয়া হলো—এ প্রশ্নের জবাব মিলছে না।’ গৃহকর্তা তাঁদের জিজ্ঞাসাবাদে বলেছেন, ছেলেটির (আশরাফ) হাতে যে ধারালো অস্ত্র ছিল, তা দিয়ে তিনি যেকোনো সময় তাঁর মেয়ের ওপর হামলা করতে পারতেন। এ ভয়েই বাড়িতে সাতজন লোক থাকা সত্ত্বেও আশরাফকে ঠেকানোর বা বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো চেষ্টা করা হয়নি।আর আহত মেয়েটির ধারণা, তাঁর বন্ধু আশরাফ হয়তো সেদিন মাদক সেবন করে এসেছিলেন। সে জন্যই তিনি এমন ভয়ংকর কাজ করতে পেরেছেন। অজানা আশরাফ: আশরাফ বন্ধুদের কাছে বরাবরই কিছুটা রহস্যময় ছিলেন। কোনো বন্ধুই আশরাফের বাড়ি চিনতেন না। ২০০৮ সালে আশরাফ পড়াশোনার জন্য দেশের বাইরে গিয়েছিলেন। কিন্তু কোথায় গিয়েছিলেন, তা নিয়েও আছে রহস্য। আশরাফের কয়েকজন বন্ধু জানান, মাঝখানে কিছুদিন বন্ধুদের সঙ্গে যোগাযোগ-বিচ্ছিন্ন ছিল তাঁর। সেই সময়টাতে আশরাফ যুক্তরাজ্যে পড়তে গিয়েছিলেন বলে বন্ধুরা জেনেছেন। আবার তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠান ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান শনিবার প্রথম আলোকে জানিয়েছেন, আশরাফ কানাডায় পড়তে গিয়েছিলেন বলে বিশ্ববিদ্যালয়ে তথ্য রয়েছে। আর আহত মেয়েটির এক খালা মনে করেন, আশরাফ আসলে বিদেশে যাননি, দেশেই কোথাও ছিলেন।আশরাফের বন্ধুরা জানান, তাঁরা কেউই আশরাফের বাসা বা গ্রামের বাড়ির ঠিকানা জানেন না। তিনি বন্ধুদের বাসায় গেলেও তাঁর বাসায় কখনোই কোনো বন্ধুকে নেননি। তাঁর পারিবারিক অবস্থা সম্পর্কেও বন্ধুরা কিছু জানেন না। শুধু জানেন, বিশ্ববিদ্যালয়েরই একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে।আশরাফের বন্ধুরা জানান, আশরাফ যাকে আহত করেছেন, সেই মেয়েটির সঙ্গে আশরাফ ও তাঁর প্রেমিকার ভালো বন্ধুত্ব ছিল। এমনকি আশরাফ কয়েকবার ওই মেয়েটিকে নিয়ে কলাবাগানের এই বাসায়ও গিয়েছিলেন।আহত মেয়েটি জানান, এমনিতে আশরাফ ভদ্র ছিলেন। কিন্তু কোনো কারণে আশরাফ তাঁর প্রেমিকাকে ফোন করে না পেলে পরে তাঁকে খুব কটু কথা বলতেন। সেই মেয়েটিও মন খারাপ করতেন। সম্প্রতি মেয়েটি আশরাফকে বলেছিলেন, প্রতিষ্ঠিত হলেই কেবল তিনি আশরাফকে বিয়ে করবেন। এরপর টাকা আর গাড়ি-বাড়ির মালিক হওয়ার চিন্তায় অস্থির হয়ে ওঠেন আশরাফ।আহত মেয়েটি আরও জানান, সর্বশেষ শনিবার রাতে আশরাফ তাঁকে বলেছেন, ‘ও (প্রেমিকা) আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওকেও বাঁচতে দেব না, নিজেও বাঁচব না।’কলাবাগান থানার ওসি জানিয়েছেন, আশরাফের সঙ্গে ওই মেয়েটির সম্পর্কও খতিয়ে দেখা হচ্ছে।