‘অধিকাংশ হাসপাতালই বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম মানছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে প্রায় এক হাজার ২০০ হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্র থাকলেও বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি মেনে চলছে মাত্র ৩২৫টি প্রতিষ্ঠান। অর্থাত্ প্রায় ৭৩ শতাংশ হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম মেনে চলছে না। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় আলোচকেরা আজ বুধবার এ তথ্য জানান। আলোচকেরা বলেন, সরকারের নজরদারির অভাব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা ও প্রতিষ্ঠাগুলোর অনীহার কারণে বর্জ্য ব্যবস্থাপনার কাজ ঠিকভাবে চলছে না।‘হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা এবং পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব’ শীর্ষক ওই কর্মশালা আয়োজন করে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)। কর্মশালায় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এবং কী করা উচিত সে নিয়ে আলোচনা হয়। কর্মশালায় উপস্থিত প্রিজম বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক তড়িতকান্তি বিশ্বাস বলেন, এক পরিসংখ্যানে দেখা গেছে শুধু ঢাকা শহরেই প্রতিদিন ৫০ টন বর্জ্য হয়। প্রিজম বাংলাদেশ ঢাকার হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি দৈনিক আট টন বর্জ্য সংগ্রহ করে থাকে।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার কাজটি মহানগরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে বাদ দিলে চলবে না। মনে রাখতে হবে মন্ত্রণালয় আলাদা হতে পারে, কিন্তু সরকার একটিই। কর্মশালায় স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি ছিলেন না। হাসপাতাল, ক্লিনিক বা রোগ নির্ণয় কেন্দ্র স্থাপনের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ে প্রশিক্ষণ শেষ হয়েছে। কিন্তু চাপ না পড়লে, শাস্তি না দিলে কেউ কাজ করতে চায় না। ভারতের একটি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির উদাহরণ টেনে রুহুল হক বলেন, সেখানে ভ্যান গাড়ির চেয়ে একটু বড় একটি গাড়িতে করে নির্দিষ্ট সময়ে হাসপাতাল থেকে বর্জ্য সংগ্রহ করা হয়। সংগ্রহের শুরু থেকে ব্যবস্থাপনার শেষ পর্যায় পর্যন্ত কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পুরো প্রক্রিয়াটি নজরদারিতে রাখা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাইম আবদুল মালেক বলেন, হাসপাতাল বর্জ্য, যেমন—সুঁই, সিরিঞ্জ, স্যালাইন বা রক্তের ব্যাগ, অস্ত্রোপচারের পর মানবদেহের অংশ, রক্ত-পুঁজ, তুলা, গজ, ব্যান্ডেজ যেখানে সেখানে ফেলায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে।একই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর পরিচালক নাইম আহমেদ খান বলেন, বেশ কয়েক বছর ধরে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলছে। ঢাকার বাইরে কয়েকটি মহানগরেও কাজটির বিস্তৃতি ঘটেছে। কিন্তু এখনো নিরাপত্তার মানদণ্ড বিবেচনায় এ কাজ অনেক পিছিয়ে আছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিডোর আঞ্চলিক পরিচালক আইজুমি ফুজিনো, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের এ দেশীয় ব্যবস্থাপক কাইল কেলহোফার ও ভিয়েনায় ইউনিডো সদর দপ্তরে কর্মরত কর্মসূচি ব্যবস্থাপক আইনো ফুকুইয়া।