পাণ্ডুলিপি বেশ কবার কাটাছেঁড়া করেছেন শঙ্খ ঘোষ। তার পরই তৈরি হয়েছে মূল পাণ্ডুলিপি। অনুষ্ঠানজুড়ে এ যেন রবীন্দ্রনাথেই অবগাহন। ‘এক্সকালিবার এন্টারটেইনমেন্ট’ ও ‘যাত্রিক’-এর আয়োজনে ‘অনিঃশেষ প্রাণ’ অনুষ্ঠানটি হোটেল র্যাডিসনের বলরুমে গতকাল সোমবার সন্ধ্যায় উপভোগ করলেন দর্শকেরা।রবীন্দ্রনাথের জীবন উঠে এল তিন শিল্পীর কণ্ঠে। কণ্ঠে কেন বলি, তাঁদের সত্তায়। বেহালার ছড়গুলো সচল হওয়ার পর শর্মিলা ঠাকুরের বর্ণনা দিয়ে শুরু হলো অনুষ্ঠান। জীবনের প্রথম দিন থেকেই রবীন্দ্রনাথ কীভাবে বেড়ে উঠছেন, সেই বর্ণনার পাশাপাশি চলল আবৃত্তি। এবার সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘জীবনের সিংহদ্বারে বসিনু...’ রবীন্দ্রনাথের কবিতা সৌমিত্রের কণ্ঠে। জগন্নাথ গুহ কিছুক্ষণ পর পর কাহিনি এগিয়ে নিচ্ছিলেন ইংরেজিতে। মঞ্চের বাঁ দিকটায় ছিলেন যন্ত্রশিল্পীরা। তাঁরা বর্ণনা, আবৃত্তির ফাঁকে, দুটো ঘটনার মাঝখানটিকে ভরিয়ে দিচ্ছিলেন সুরের মূর্ছনায়।মায়ের মৃত্যুর পর কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথের বিয়ের কথা উঠে এল রবীন্দ্রনাথের লেখনীর আশ্রয়েই। জ্যোতিরিন্দ্র আর কাদম্বরী রবিকে ফেলে বেড়াতে গেলে কবির একাকিত্বের কষ্টও উঠে এল সৌমিত্রের কণ্ঠে। ২৩ বছর বয়সী কবি বিয়ে করলেন ১১ বছরের মৃণালিনীকে। এরপর কাদম্বরীর আত্মহত্যা, রবীন্দ্রনাথের মনে সে মৃত্যুর অভিঘাত...এভাবেই এগিয়ে যেতে থাকে রবীন্দ্রনাথের জীবন। বাবা এই ছেলের হাতেই দিলেন জমিদারি রক্ষার ভার। সাধারণ মানুষের সঙ্গে পরিচয় হলো রবীন্দ্রনাথের, পরিচয় হলো দেশের প্রকৃতির সঙ্গে। উঠে এল পতিসরের নাগর নদের কথা। সৌমিত্রের ভরাট কণ্ঠে শোনা গেল ‘হে পদ্মা আমার’।এরপর এল শান্তিনিকেতন প্রতিষ্ঠার কথা, মৃণালিনীর কথা; ছেলেমেয়েদের পড়াশোনা, প্রজাদের সুখশান্তির দিকে নজর রাখায় পারদর্শী ছিলেন মৃণালিনী। নিজের গয়নাও কবিকে দিয়ে বলেছিলেন, স্কুল চালাও। ১৯০৫ সালের দেশভাগের বিরুদ্ধে রবীন্দ্রনাথ, তাঁর ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ গেয়ে শোনালেন মধুশ্রী মজুমদার, দলের সঙ্গে থেকেই, যন্ত্রীদের পাশে বসে। মাঝেমধ্যেই পর্দায় ভেসে উঠছিল প্রাসঙ্গিক ছবি, কখনো রবীন্দ্রনাথের কোনো লেখার পাণ্ডুলিপি।‘অনিঃশেষ প্রাণ’ মূলত রবীন্দ্রনাথের কবিতা, গান, চিঠিপত্র, প্রবন্ধ, বিভিন্ন ধরনের লেখার সমাহারে তাঁর জীবনকে ছবির মতো তুলে আনারই চেষ্টা। ‘বাংলার মাটি বাংলার জল’ যখন ভেসে আসে যন্ত্রীদের সুরে, তখন যেন এক অপার্থিব আবহেরই সৃষ্টি হয়। ‘অনিঃশেষ প্রাণ’-এর নির্দেশনায় ছিলেন প্রখ্যাত পরিচালক সৌমিত্র মিত্র। সংগীতে ইব্রাহিম মজুমদার। পাণ্ডুলিপি পড়ে তাতে নানা পরিবর্তন এনেছেন শঙ্খ ঘোষ।একটি অসাধারণ দৃশ্যও উপস্থিত দর্শকদের চোখ এড়ায় না। একবার নিজের সংলাপ ভুলে গিয়েছিলেন সৌমিত্র। কোথা থেকে ধরতে হবে, তা দেখিয়ে দিলেন শর্মিলা ঠাকুর। এবং তা এতখানি মমতা ও যত্ন নিয়ে যে মনে হলো, সত্যজিতের অপর্ণাই যেন অপুকে ভুল শুধরে দিচ্ছেন!অনুষ্ঠানের শুরুতে অভিনয়শিল্পী জুন মালিয়া কলাকুশলীদের পরিচিত করালেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনএর আগে গতকাল মধ্যাহ্নে র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুরের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অনিঃশেষ প্রাণ’ (লাইফ আনএন্ডিং) নামের এ আয়োজনের উদ্যোক্তা ‘এক্সকালিবার এন্টারটেইনমেন্ট’ ও ‘যাত্রিক’। তাদের সহায়তা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও সিটি ব্যাংক লিমিটেড।এ সময় সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, বাংলাদেশে তিনি অনেকবার এসেছেন। যেভাবে এখানে রবীন্দ্রনাথের গান গাওয়া হয়, কবিতা আবৃত্তি করা হয়, তাতে বোঝা যায় তিনি এখানে গভীরভাবে সমাদৃত; পশ্চিমবঙ্গে এতটা কি না, তাতে সন্দেহ রয়ে যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙালির মর্মে যে রবীন্দ্রনাথ, আপনারাই তা ধরে রেখেছেন।’শর্মিলা ঠাকুর বলেন, এটাই তাঁর ঢাকায় প্রথম আসা। রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার নিয়ে তাঁকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠান করতে আসতে পেরে এই প্রথম সফরটি তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় অনুষ্ঠানটির পরিচালক সৌমিত্র মিত্র এবং অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন।পরিচালক জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনালেখ্য ও কাজ নিয়ে সংগীতনির্ভর এই দ্বিভাষিক আয়োজনটির পরিকল্পনা করা হয়েছে। এতে আব্রাহাম মজুমদারের সংগীত পরিচালনায় কলকাতা মিউজিক একাডেমির চেম্বার অর্কেস্ট্রা সংগীত পরিবেশন করেছে।সংবাদ সম্মেলনে এয়ারটেলের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার অভয় শেঠ, সিটি ব্যাংক লিমিটেডের ডিএমডি মাশরুর আরেফিন, এক্সকালিবারের সিইও ফারহান কুদ্দুস বক্তব্য দেন।