‘অনিশ্চয়তায়’ তিস্তা চুক্তি
ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনের প্রস্তাবিত চুক্তি আপাতত হচ্ছে না বলে জানা যাচ্ছে।ভারত সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিবিসি বাংলাকে বলেছে, এই খবর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের শরিকি রাজনীতির কারণেই আপাতত এই চুক্তি করা যাচ্ছে না বলে সূত্রটি জানিয়েছে। আর এই চুক্তি না হলে, ভবিষ্যতে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে পণ্য পরিবহনের সুবিধা পাবে না বলেও জানিয়েছে সূত্রটি। তবে অদূর ভবিষ্যতে তিস্তা চুক্তি হতে পারে কি না তা নিয়ে কোনও মন্তব্য করেনি সূত্রটি।জোটের শরিকদের সম্মতি ছাড়া চুক্তি সম্ভব নয়। সম্প্রতি ঢাকা সফরে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ কথা বলেছেন।ভারত সরকারের একটি উচ্চ পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক যিনি বাংলাদেশ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল তিনি জানিয়েছেন, তিস্তা চুক্তি হওয়ার কোনও সম্ভাবনা আছে বলে ভারত আর মনে করছে না। বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বলে মন্তব্য করে ওই সূত্রটি বিবিসি-কে জানায়, নানা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসন্তুষ্ট করা আর সম্ভব নয়। সম্প্রতি ভারত সফরের সময়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অত্যন্ত কড়া ভাষায় ভারতের প্রচারমাধ্যমকে বলেছেন তিস্তা চুক্তি না হলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ‘প্রবলভাবে ধাক্কা খাবে’।পর্যবেক্ষকদের অভিমত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এতো কড়া ভাষায় কথা বলেছেন কারণ তাঁকে জানানো হয়েছে, তিস্তা চুক্তি আপাতত করা সম্ভব নয়। সরকারি সূত্রের বক্তব্য, দীপু মনি খানিকটা জোরালো মন্তব্য করা স্বাভাবিক।‘অবশ্যই এর ফলে সম্পর্ক ধাক্কা খেলো কিন্তু যেখানে ভারতে সরকার টিকিয়ে রাখাটা সবচেয়ে জরুরি, সেখানে আর কিই বা করার আছে?” প্রশ্নটা এখানেই।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গত সোমবার কার্যত স্বীকার করে নেন, ভারতের অভ্যন্তরীণ জোট রাজনীতিই কারণেই চুক্তি করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা একটি রাজনৈতিক ঐকমত্য তৈরির চেষ্টা করছি, যাতে সবার সমান অংশগ্রহণ থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণেই তিস্তা চুক্তি আটকে গিয়েছে। তিস্তা দিয়ে প্রবাহিত পানি বাংলাদেশকে দিলে উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন—এই যুক্তিতে পানি দিতে নারাজ পশ্চিমবঙ্গ।