‘অনিশ্চয়তায়’ তিস্তা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র বলেছে, তিস্তা নদীর পানি বণ্টনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আপাতত কোনো চুক্তি হচ্ছে না। ভারতের শরিকি রাজনীতির কারণেই আপাতত এই চুক্তি করা যাচ্ছে না বলে সূত্রটি বিবিসিকে জানিয়েছে। সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সম্প্রতি দিল্লি সফরের সময় ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সূত্র জানায়, নানা কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসন্তুষ্ট করা সম্ভব নয়। আর শরিকদের সম্মতি ছাড়া কোনো চুক্তি করা সম্ভব নয়। বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে ।সূত্র জানায়, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণেই তিস্তা চুক্তি আটকে গেছে। তিস্তা দিয়ে প্রবাহিত পানি বাংলাদেশকে দিলে উত্তরবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হবে—এই যুক্তিতে পানি দিতে নারাজ পশ্চিমবঙ্গ।দিল্লি সফরের সময় দীপু মনি ভারতের প্রচারমাধ্যমকে কড়া ভাষায় বলেছিলেন, তিস্তা চুক্তি না হলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রবলভাবে ধাক্কা খাবে। পর্যবেক্ষকদের অভিমত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এত কড়া ভাষায় কথা বলেছেন, কারণ তাঁকে জানানো হয়েছে যে তিস্তা চুক্তি আপাতত আর করা সম্ভব নয়। তিস্তা চুক্তি না হলে ভারত মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব ভারতে যোগাযোগের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করার সুবিধা পাবে না। এ বিষয়ে প্রশ্ন করা হলে দীপু মনি গত সোমবার বলেন, সাসটেইনেবল প্রক্রিয়ার মাধ্যমে কাজটি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভারতকে ভবিষ্যতে ট্রানজিটের সুবিধা দেওয়া যাবে। কিন্তু সরকারি সূত্রটির বক্তব্য, ভারত ধরেই নিয়েছে আপাতত তিস্তা চুক্তি না হলে ট্রানজিটের সুবিধা তারা পাচ্ছে না। এ কারণে দেশটি জোর দিচ্ছে কালাদান মাল্টি মডাল প্রকল্পের ওপর। এটি বিকল্প ট্রানজিট রুট হিসেবে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে এটি স্বল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। মিয়ানমারের কালাদান নদী ও ভূমিকে ব্যবহার করে মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মিজোরামকে সংযুক্ত করার কাজ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের কাজ কয়েক বছর আগে শুরু হলেও বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পাওয়ার আশায় কালাদান প্রকল্পের কাজ কিছুটা স্তিমিত হয়ে পড়ে। এখন এই প্রকল্পের কাজে আবার নতুন করে গতি আনার চেষ্টা করা হচ্ছে। ২০১৪ সালের মধ্যে কালাদান প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে।তবে ভবিষ্যতে তিস্তা চুক্তি হতে পারে কি না, তা নিয়ে কোনো মন্তব্য করেনি সূত্রটি।