‘অনুভূতি, ভালোবাসা ও শিল্প’
শিল্পী উত্তম কুমার কর্মকারের মানসভুবন সমৃদ্ধ হয়েছে ইতালির বৃহত্তর শিল্প-আবহে। ইতালির খ্যাতনামা চিত্রবিদ্যায়তনগুলোতে শিল্পী হয়ে ওঠার জন্য তিনি শিক্ষা গ্রহণ করেছেন। দীর্ঘদিন প্রবাসী হওয়া সত্ত্বেও তাঁর সৃজনে দেশ-আত্মার অন্তর্গত সৌন্দর্য ও মর্মবেদনা উপেক্ষিত হয়নি। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল শুরু হওয়া তাঁর একক চিত্র প্রদর্শনীর শিল্পকর্মে আধুনিক প্রকরণ ও বোধের পাশাপাশি স্বদেশের নানা অনুষঙ্গ-ইঙ্গিতময়তা প্রতিবিম্বিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উত্তম কুমার কর্মকারের ‘অনুভূতি, ভালোবাসা ও শিল্প’ শীর্ষক ১২ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত ও শিল্পসমালোচক জর্জিও গুইলিয়েলমিনো। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী হাশেম খান।প্রদর্শনীতে রয়েছে ৫২টি চিত্রকর্ম। শিল্পী বিমূর্ত রীতিতে অভিব্যক্তিকে আশ্রয় করে তাঁর ক্যানভাসে নানা অনুভব ও সংবেদন মূর্ত করে তুলেছেন। নীল রংকে করে তুলেছেন ব্যঞ্জনাধর্মী। কম্পোজিশন-জ্ঞানে এই রঙে সঞ্চার করেছেন নতুন বোধ। প্রদর্শনী আগামী ১ মে পর্যন্ত চলবে।