‘অনুমোদন’ নিতে হলে দুদক হবে ঠুঁটো জগন্নাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাৎকার গ্রহণ  তানজিম আল ইসলাম আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলাটির বৈধতার প্রশ্নে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় খারিজ করেছেন। ফলে দুদকের অন্যান্য মামলার ওপর কী প্রভাব পড়বে? এ রায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এখন হাইকোর্টে বিচারাধীন দুদকের মামলাগুলোর বৈধতার প্রশ্ন দূর হলো। নতুন দ্বার উন্মুক্ত হলো। যেসব প্রশ্নে হাইকোর্টে দুদকের মামলাগুলো ঝুলে আছে, তা নিয়ে আর কোনো সংশয় থাকল না। আপিল বিভাগের রায়টি হাইকোর্ট বিভাগসহ অধস্তন আদালতের ক্ষেত্রে বাধ্যতামূলক প্রযোজ্য হবে। আপিল বিভাগের রায়টি পুরোটা পেলে আমরা বুঝতে পারব যে নির্দেশনায় কী বলা আছে। তাতে আরও সুবিধা হবে। দুদকের বিভিন্ন মামলার ক্ষেত্রে বৈধতার প্রশ্নে যে বিষয়গুলো চ্যালেঞ্জ করা হয়েছে। ব্যাখ্যা করুন। এখানে অনেক বিষয় জড়িত করা হয়েছে। বিভিন্ন মামলায় বিভিন্ন পদ্ধতি চ্যালেঞ্জ করা হয়েছে। যেমন: মামলা দায়েরে দুদকের অনুমোদন-প্রক্রিয়া যথার্থ হয়নি। ৩০ দিনের মধ্যে অনুসন্ধান ও ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের প্রশ্ন বাধ্যতামূলক কি না। ৯০ দিনের মধ্যে বিচার শেষ না হলে মামলা বাতিল হবে কি না প্রভৃতি। আপিল বিভাগের এ সিদ্ধান্তের ফলে এ প্রশ্নগুলোর ফয়সালা কি হলো? অবশ্যই। হাবিবুর রহমান মোল্লার মামলায় এ ধরনের অভিযোগগুলোই এসেছিল। দেখেন, যেহেতু মামলার প্রক্রিয়া বৈধ, তাই তাতে আর কোনো প্রকার বাধা রইল না। দুদকের আইনজীবী হিসেবে এখন অন্যান্য মামলা নিষ্পত্তিতে আপনাদের ভূমিকা কেমন থাকবে? দুদক এখন তার কর্মপদ্ধতি ঠিক করবে। আমি যেহেতু দুদকের আইনজীবী, তাই আমার ওপর যে মামলাগুলো পরিচালনার ভার পড়েছে, এগুলো মেনশন করা। আপিল বিভাগের সিদ্ধান্তটি হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে, যেখানে দুদকের মামলাগুলো বিচারাধীন, সেখানে উল্লেখ করব এবং অনুলিপি পেশ করব। এখন আপিল বিভাগের রায়ের পরে অন্যান্য মামলা ত্বরিত গতিতে নিষ্পন্ন করার ক্ষেত্রটি উন্মুক্ত হলো। দুদক আইনের সংশোধনীর কথা শোনা যাচ্ছে। বলা হচ্ছে, এখানে স্যাংশন বা অনুমোদনের প্রথাটি আবার সংযোজন করা হবে। এর যৌক্তিকতা কতটা? এর কোনো যৌক্তিকতা নেই। শোনা যাচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে কোনো মামলা বা অভিযোগ উত্থাপন করতে গেলে অনুমোদনের ব্যবস্থা প্রবর্তন করা হবে। এতে দুর্নীতি দমন কমিশনের মূল যে আদর্শ, সেটিই নষ্ট হবে। দুদক সত্যিকার অর্থে তার মূল লক্ষ্য নিয়ে কাজ করতে পারবে না। দুদকের স্বকীয়তা নষ্ট হবে। দুর্নীতি দমন ব্যুরো যখন ছিল, তখন এ ব্যবস্থাটির জন্য ব্যুরো পুরোপুরি ব্যর্থ হয়। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কার্যকর অর্থে দাঁড়াতে পারেনি। ২০০৪ সালের দুদক আইনের ৩২ ধারাটি দুদককে স্বয়ংসম্পূর্ণ করতে যথেষ্ট। এখানে অনুমোদন বা স্যাংশন প্রথা প্রবর্তন বা সংযোজন হলে দুদকের ভবিষ্যৎও দুর্নীতি দমন ব্যুরোর মতোই হবে, অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা থাকবে। তাই দুদক আইনের ৩২ ধারাটি সংশোধনের কোনো প্রয়োজন নেই। তাহলে দুদক আইনের সংশোধনী কোন ক্ষেত্রে করা উচিত? একটি ক্ষেত্রে সংশোধনী থাকা জরুরি। দুদককে দুর্নীতির মামলাগুলোয় বাধ্যতামূলকভাবে পক্ষভুক্ত করা উচিত। দুদককে পক্ষভুক্ত করে দুদকের পক্ষে যথার্থ যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ করে দেওয়া উচিত। অ্যাটর্নি জেনারেল অফিসের সহায়তা কীভাবে চাইবেন? দুদকের মামলাগুলো ভিন্ন ধাঁচের দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করে দায়ের করা হয়। এখানে দুদকের যে প্রসিকিউশন সেল আছে, তা যথাযথ বলে মনে করি। তবে গুরুত্বপূর্ণ মামলাগুলোয় অ্যাটর্নি জেনারেল অফিসের সহায়তা লাগলে, তা দুদক নেবে। অ্যাটর্নি অফিসকেও এগিয়ে আসতে হবে এ ক্ষেত্রে। দুদকের সেল সুপ্রিম কোর্ট থেকে সরানোর ফলে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন? দুদকের সেল একটি স্থায়ীভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকলে সুবিধা হয়। তবে এখন যাতায়াত কিংবা যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা বাদে বড় ধরনের কোনো সীমাবদ্ধতা বা অসুবিধার সম্মুখীন আমি ব্যক্তিগতভাবে হচ্ছি না। তবে দুদকের প্রসিকিউশন সেল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা উচিত বলেই মনে করি।