‘অনুশোচনার মাত্রা বেড়ে গেলে অপরাধী শাস্তি দিতে বলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষীকে রাষ্ট্রপক্ষের জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। সাকা চৌধুরীই আসামিপক্ষের প্রথম সাক্ষী।‘ফাঁসি দিয়ে দেন’—প্রায়ই ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর এমন কথার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মন্তব্য করেন, কোনো অপরাধীর অনুশোচনার মাত্রা যখন বেড়ে যায়, তখন ওই অপরাধী বারবার তাঁকে শাস্তি দিতে বলে। তবে সাকা চৌধুরী এমন অনুশোচনা করেন কি না, তা ট্রাইব্যুনালের জানা নেই।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনালে গতকাল দ্বিতীয় দিনে জেরার সময় এজলাসে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক দফা বাদানুবাদ ও বাগিবতণ্ডা হয়।সাকা চৌধুরীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। জেরায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, ‘চট্টগ্রামের রাউজান থানার গহিরা গ্রামে ১৯৪৯ সালের ১৩ মার্চ বাঙালি মুসলিম পরিবারে আপনার জন্ম।’ সাকা চৌধুরী বলেন, ‘এটা সত্য নয়। আমার জন্ম চট্টগ্রাম শহরের একটি মুসলিম পরিবারে, বাঙালি পরিবারে নয়।’ মালুম বলেন, ‘আপনার মাতৃভাষা বাংলা।’ সাকা চৌধুরী বলেন, ‘এটা সত্য নয়। আমার মাতৃভাষা চাটগাইয়া।’মালুম মত দেন, ‘আপনার ও আপনার বাবার জন্মের বহু আগে থেকে চট্টগ্রাম বাংলার অংশ ছিল, কখনোই চট্টগ্রাম বা চট্টগ্রামবাসী আলাদা জাতিসত্তা হিসেবে স্বীকৃত ছিল না। এই ঐতিহাসিক বাস্তবতা জানা সত্ত্বেও সত্য গোপন করে আপনি ট্রাইব্যুনালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য বক্তব্য দিয়েছেন।’ সাকা চৌধুরী বলেন, ‘এটা সত্য নয়। আইনের মাধ্যমে জাতিসত্তার স্বীকৃতি পাওয়া যায়, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।’মালুম বলেন, ‘১৮ জুন দেওয়া জবানবন্দিতে আপনার উদ্ধৃত বক্তব্য সংবিধানের প্রস্তাবনা ও ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১০, ১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।’ সাকা চৌধুরী বলেন, ‘জবানবন্দির কোন অংশ সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক তা উল্লেখ না থাকলে আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনে রাউজান ও হাটহাজারীতে প্রার্থী ছিলেন কনভেনশন মুসলিম লীগের প্রধান ফজলুল কাদের চৌধুরী। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক খালেদের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই পরাজয়ের গ্লানিতে প্রতিহিংসার বশবর্তী হয়ে রাউজানের হিন্দুদের ওপর আপনাদের সশস্ত্র গুন্ডারা হামলা চালায়। এ বিষয়ে ১৯৭০ সালের ৯ ডিসেম্বর দৈনিক আজাদী পত্রিকায় ছাপা হয়।’আসামিপক্ষের আইনজীবীরা এ বক্তব্যে আপত্তি জানালে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর সাকা চৌধুরী বলেন, ‘পত্রিকায় কী লেখা হয়েছে তা পড়ার সৌভাগ্য আমার হয়নি। তবে ওই পত্রিকা অধ্যাপক খালেদ সম্পাদিত, তিনি আমার বাবার প্রতিদ্বন্দ্বী ছিলেন।’ তিনি আরও কিছু বলতে চাইলে ট্রাইব্যুনাল বলেন, ‘আর ব্যাখ্যার দরকার নেই। এ ছাড়া এ প্রশ্ন আপনার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে সম্পর্কিত নয়।’সাকা চৌধুরী বলেন, ‘আমার ফাঁসির আদেশে এ কথার প্রতিফলন যেন থাকে।’ এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘আপনি বারবার বলেন ফাঁসি দিয়ে দেন....। আমাদের কাজ শোনার, তাই শুধু শুনি, বাড়তি কথা বলি না। আমি ৩৮ বছর ধরে বিচারকের দায়িত্বে আছি, তার মধ্যে ৩১ বছর ফৌজদারি মামলা পরিচালনা করেছি। আজ পর্যন্ত আমার সামনে কোনো আসামি তাঁকে ফাঁসি দিতে বলেননি, সবাই বলেছেন “আমি নির্দোষ, নিরপরাধ”। এই কোর্টেও অন্য যাঁরা আসামি আছেন, তাঁদের প্রত্যেকেই নিজেকে নির্দোষ দাবি করেছেন। কিন্তু চৌধুরী সাহেব বারবার বলেন, আমাদের কোনো আদেশ মনঃপূত না হলেই বলেন, “ফাঁসি দিয়ে দেন”। আমরা তার কোনো জবাব দিই না। ১০-১২ বছর আগে অপরাধীদের মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে একটা প্রবন্ধ পড়েছিলাম, এখন ওই প্রবন্ধের কথা মনে পড়ছে। ওই প্রবন্ধে বলা হয়েছে, কোনো অপরাধীর অনুশোচনার মাত্রা যখন বেড়ে যায়, তখন সে বারবার বলতে থাকে “আমাকে মেরে ফেলেন, আমাকে শাস্তি দেন”। চৌধুরী সাহেবের মনস্তাত্ত্বিক অবস্থা কী, তিনি অনুশোচনা করেন কি না, তা আমরা বলতে পারব না। কিন্তু তাঁর মনোবাসনা পূরণ করার ক্ষমতা আমাদের নেই, যদি না তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাই।’জবাবে সাকা চৌধুরী বলেন, ‘এটা রাজনৈতিক মামলা, সে জন্য হতাশ হয়ে বারবার এ কথা বলি। আপনারাও এখানে বিচার করছেন, গাজীপুরেও আরেকটি বিচার হচ্ছে। ৬ তারিখ তাঁর রায় হবে।’মধ্যাহ্ন বিরতির পর জেয়াদ-আল-মালুম প্রশ্ন করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও লন্ডনের লিঙ্কন’স ইনে পড়াশোনা-সংক্রান্ত নথিপত্র কি আপনি ট্রাইব্যুনালে দাখিল করেছেন?’ জবাবে সাকা চৌধুরী বলেন, ‘দরকার আছে? আমি কোথাও নথিপত্র দিইনি, নির্বাচন কমিশনেও না। নথিপত্র ছাড়াই ৩৩ বছর ধরে আপনার জন্য...,বাংলাদেশের জন্য আইন প্রণয়ন করছি।’এ সময় মালুমের উদ্দেশে আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ‘আর আপনি তাই দিয়ে ব্যবসা করছেন...।’ এতে আবার দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বিতণ্ডা হয়। পরে সাকা চৌধুরী বলেন, ‘মাই লর্ড, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া, চোরকে চোর বললে মনে কষ্ট পায়। কে কোন বিষয়ে স্পর্শকাতর, তা প্রমাণ হয়ে গেছে।’মালুম বলেন, ‘১৯৭৩ সালের ১৮ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আপনার বাবাকে হত্যা করা হয় বলে জবানবন্দিতে আপনি যে কথা বলেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য।’ সাকা চৌধুরী বলেন, ‘এটা সত্য নয়। সাংবাদিক নির্মল সেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল ফজল তাঁদের লেখায় এ অভিযোগ উত্থাপন করেছেন, ইত্তেফাক পত্রিকায় তা প্রকাশিতও হয়েছে।’এ পর্যায়ে বারবার ব্যাখ্যা যোগ করায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আপত্তি জানালে আসামিপক্ষের আরেক আইনজীবী আহসানুল হক বলেন, ‘আমরা জেরা করার সময় বলেন, সাক্ষী যা বলে তা যাবে। এখন আপনারা (রাষ্ট্রপক্ষ) আপত্তি করছেন কেন?’ফজলুল কাদের চৌধুরীকে নিয়ে আবার প্রশ্ন করতে গেলে মালুমকে ট্রাইব্যুনাল বলেন, আবার এ প্রশ্ন কেন? সাকা চৌধুরী বলেন, ‘আমি তো এখানে আছিই উত্তরাধিকার সূত্রে, ফজলুল কাদের চৌধুরীর ছেলে হিসেবে। করেন, এ নিয়ে আরও প্রশ্ন করেন।’মালুম মত দেন, ‘একাত্তরের ২০ সেপ্টেম্বর গেরিলা আক্রমণে আহত হয়ে আপনি চট্টগ্রামে চিকি ৎসা নিয়ে পরে শবেবরাতের রাতে গোপনে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।’ সাকা চৌধুরী বলেন, এটা সত্য নয়। মালুম বলেন, ১৯৭২ সালে দালাল আইনে আপনার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় ও জনরোষ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আত্মগোপনে ছিলেন। সাকা চৌধুরী বলেন, ‘এটা সত্য নয়। তবে আত্মগোপনে থাকা অবস্থায় ও জনরোষ থাকা সত্ত্বেও রাউজান থেকে তিনবার ও চট্টগ্রামের অন্য আসন থেকে বারবার নির্বাচিত হয়েছি।’ মালুম বলেন, ‘দেশে ফিরে আপনি আত্মগোপনে থাকায় ১৯৭৪ সালের ২৩ জুন ছোট বোন হাসিনা জাবিল সিনহার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি।’ জবাবে সাকা চৌধুরী বলেন, ‘সত্য নয়। আমি অভিভাবক হিসেবে তাঁর বিয়েতে উপস্থিত ছিলাম।’মালুম মত দেন, ‘পরে আপনি গোপন আস্তানা থেকে শাড়ি ও বোরকা পরে ছোট বোন ও তাঁর স্বামীকে আশীর্বাদ করতে যান।’ এ কথায় এজলাসে হাসির রোল পড়ে। আসামিপক্ষের আইনজীবীরা এ বক্তব্যের প্রতিবাদ জানান। সাকা চৌধুরী বলেন, ‘না, না, এ প্রশ্ন যাক। শাড়ি ও বোরকা পরা ছয় ফুট দুই ইঞ্চি লম্বা একজন মানুষ, এটা তো কৌতুক।’মালুম বলেন, ‘আপনার জবানবন্দির সব বক্তব্য বানোয়াট, অসত্য ও ভিত্তিহীন।’ সাকা চৌধুরী বলেন, এটা সত্য নয়। পরে ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করে আর ‘তবে’ বললাম না।’উল্লেখ্য, আইনজীবীর সব মতেই ‘এটা সত্য নয়’ বলার পাশাপাশি ‘তবে’ বলে নিজের ব্যাখ্যা যোগ করেন সাকা চৌধুরী।বিকেলে জেরা শেষে এই মামলায় আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ জুলাই (সোমবার) দিন ধার্য করা হয়।