‘অনেক কিছু শিখলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর জার্সি গায়ে কাল হকি লিগে মোহামেডানের বিপক্ষে দুই গোল করলেন তরুণ ফরোয়ার্ড পুষ্কর খীসা। এরই মধ্যে জাতীয় দলে অভিষিক্ত রাঙামাটির এই তরুণকে দেশের হকির উজ্জ্বল এক ভবিষ্যৎ মনে করে অনেকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে জয়ের পর তিনি কথা বললেন দুই প্রধানের ম্যাচ আর নিজের উঠে আসা নিয়ে দুই গোল করে দলকে জেতাতে ভূমিকা রাখলেন। চারদিকে তো আপনার প্রশংসা...পুষ্কর খীসা: আমি চেষ্টা করেছি ভালো খেলতে। দুটি গোল পেয়ে গেছি। আশা করি, সামনে আরও ভালো খেলব। আবাহনী-মোহামেডান ম্যাচ খেলতে কেমন লাগল?পুষ্কর: দারুণ। সারাক্ষণই উত্তেজনার মধ্যে ছিলাম। ছোটবেলায় এই ম্যাচটার কথা অনেকে শুনেছি। আজ নিজেই টের পেলাম। দুদলে কয়েকজন পাকিস্তানি তারকা ছিলেন। খেলেছেন একজন মালয়েশিয়ান। তাঁদের কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু শেখার ছিল?পুষ্কর: হ্যাঁ, অবশ্যই। অনেক কিছু আমরা শিখলাম ওনাদের কাছ থেকে। আমাদের দলের ফরোয়ার্ড মুদাসসর ভাইয়ের কাছে সব সময় টিপস নিয়েছি। কীভাবে খেলতে হবে, কীভাবে পজিশন নিতে হবে...এগুলো উনি সারাক্ষণ বলতেন। সোহেল আব্বাস টিপস দেননি?পুষ্কর: সোহেল আব্বাস ভাই রক্ষণে খেলেন। পেনাল্টি কর্নারে বিশ্বসেরা। ওনার কাছ থেকে ডিফেন্ডাররাই বেশি শিখেছে। তবে এত বড় প্লেয়ার, দেখলেই অনেক কিছু শেখা হয়ে যায়। শিখেছিও। রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা প্রথম হকি খেলোয়াড় আপনি। ওখানে হকি খেলা হয়?পুষ্কর: শুনেছি, আগে হতো। এখন আর হয় না। তাহলে আপনি কীভাবে হকিতে এলেন?পুষ্কর: আমাদের ওখানে এক মাসের একটা ক্যাম্প হয়েছিল। জেলা ক্রীড়া সংস্থার ডাকে সেই ক্যাম্পে যাই আমি। এরপর বিকেএসপিতে ভর্তি হই ২০০৩ সালে।  আপনি যে হকি খেলেন, ওখানকার লোকজন জানে?পুষ্কর: এলাকার কিছু লোক হয়তো জানে আমি হকি খেলি। কিন্তু সবাই জানে না। খবরও বিশেষ রাখে না তারা। হকি খেলতে স্টিক-বল লাগে। রাঙামাটিতে এগুলো পাওয়া যায়?পুষ্কর: সাধারণত পাওয়া যায় না। তবে জেলা ক্রীড়া সংস্থায় আছে। আমি তো প্রথম স্টিক ওখান থেকেই পেয়েছি। আপনার পরিবারের আর কেউ খেলাধুলায় আছে?পুষ্কর: আমরা তিন ভাই। ছোট ভাই বিকেএসপিতে ক্রিকেটে আছে। বাবা নানিয়াচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আমার মামা পরিতোষ দেওয়ান ফুটবলার ছিলেন। তিনি এখন বিকেএসপির ফুটবল কোচ। এবারের লিগে তরুণ খেলোয়াড়েরা কেমন করল মনে করেন? লিগে ঊষার না খেলার ব্যাপারটা কীভাবে দেখেন?পুষ্কর: আমার মনে হয়, তরুণেরা ভালো করেছে। অনেকেই জাতীয় পর্যায়ে নজর কাড়ছে। আর লিগে ঊষা খেললে ভালো হতো। তারা না থাকায় বড় ম্যাচ কম হয়েছে।