উয়েফা ‘এ’ লাইসেন্সের প্রিপারেটরি কোর্স করে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশের একজন ফুটবল কোচের জন্য এই পর্যায়ের কোচিং কোর্স করা সহজ নয়। ম্যানচেস্টারে ৮-১২ নভেম্বর হওয়া কোর্সের অভিজ্ঞতা জানাচ্ছেন শেখ রাসেলের কোচ মারুফুল হক ম্যানচেস্টারে কোর্স করে আসার অভিজ্ঞতা কেমন হলো?মারুফুল হক: দারুণ অভিজ্ঞতা, অনেক কিছুই শিখে এলাম। এত দিন কোচিং সূত্রগুলো একভাবে জানতাম। এখন দেখলাম অন্য রকম। এএফসির ‘এ’ লাইসেন্স করেছি, তা থেকে এই কোর্স অনেকটাই আলাদা। এতে আমার ফুটবলজ্ঞানটা বেড়েছে। সব মিলিয়ে খুব ভালো কয়েকটা দিন কেটেছে। আপনি ফুটবলের তৃতীয় বিশ্বের একজন প্রতিনিধি ছিলেন। অন্যরা আপনাকে দেখে একটু কি অবাক হয়নি?মারুফ: ওরা আমাকে দেখে ভীষণ অবাক। বাংলাদেশ থেকে গিয়েছি শুনে অভিনন্দন জানায় সবাই। কোর্স পরিচালক খুব গুরুত্ব দিয়েছেন আমাকে। অনেক সময় আমাকে কথা বলার সুযোগ দিয়েই সেশন শুরু করতেন। প্রায় প্রতিটি বিষয়ে আমার মতামত শুনতেন সবার আগে। কোর্সটা হয়েছে ম্যানচেস্টার শহরের উপকণ্ঠে স্যান্ডব্যাচ ইউনাইটেড ফুটবল ক্লাবে। বাচ্চাদের ১০টিসহ ১৮টি ফুটবল মাঠ আছে সেখানে। ওই কোর্সে কি এমন কেউ ছিলেন, যাঁকে আমরা চিনি-জানি?মারুফ: তেমন চেনাজানা কেউ ছিলেন না। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই কোর্সে অংশ নিয়েছেন ২৮ জন। ২৬ জনই ব্রিটিশ, একজন ইতালিয়ান। তাঁরা সবাই উয়েফা ‘বি’ লাইসেন্সধারী। ১১-১২ জন পেশাদার ফুটবল খেলেছেন। দুজন মহিলা ছিলেন কোর্স শিক্ষার্থী, তাঁদের যে ফুটবলজ্ঞান, আমাদের অনেকেরই হয়তো তা নেই। মূল ইনস্ট্রাক্টর ছিলেন টমি রবিনসন, ইংল্যান্ড জাতীয় দলে খেলেছেন একসময়। সহকারী একজন ব্রিটিশ, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড়। আপনি বলছিলেন এ কোর্সটা অন্য কোর্সগুলোর চেয়ে আলাদা। সেটা কেমন?মারুফ: প্রতিটি ক্ষেত্রেই নতুনত্বে ভরপুর। এশিয়ার চেয়ে ইউরোপের ফুটবল কোচিং অনেক এগিয়ে, এবার তা হাতে-কলমে বুঝলাম। ৫টা করে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস ছিল। আমাকে দুটি সেশন করাতে হয়েছে। একটা উদাহরণ দিই, প্রতিটি বিষয় নিয়ে চারজনের একটা করে গ্রুপে আলোচনা পর্ব রাখা হয়, একটা সমস্যা নিয়ে ৭টা গ্রুপেই আলোচনা হতো। এএফসির কোর্সে যার যার গ্রুপের আলোচনাতেই বিষয়টা শেষ। এখানেই বড় পার্থক্য। ঘরোয়া ফুটবলে আপনার এই অভিজ্ঞতার প্রতিফলন দেখার আশা আমরা করতে পারি?মারুফ: নিশ্চয়ই ঘরোয়া ফুটবলে চেষ্টা করব নতুন কিছু দেখাতে। খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দেব আমার অভিজ্ঞতা। এই কোর্সে আমি সব গ্রুপেই ছিলাম। তাই সব ধরনের সমস্যা সম্পর্কেই ধারণা পেয়েছি। তাড়াতাড়িই সমস্যাগুলো ধরতে পারার কৌশল শেখানো হয়েছে। ধরুন, এএফসির কোর্সে কীভাবে উইং প্লে ভালো করা যায়, সেটা হয়তো শেখানো হচ্ছে। কিন্তু একই সময়ে কীভাবে উইং প্লে অকার্যকর করা যায় সেটিও ভিন্ন কায়দায় দেখিয়ে দেওয়া হয়েছে এই কোর্সে। বাংলাদেশের একজন কোচের জন্য এই পর্যায়ের কোর্স করতে যাওয়া আসলে কতটা কঠিন?মারুফ: অনেক কঠিন। কারণ, প্রচুর খরচ। পুরো কোর্সের জন্য আমার ১০ লাখ টাকার ওপরে খরচ যাচ্ছে। গতবার উয়েফা ‘বি’ লাইসেন্সের জন্য প্রায় চার লাখ টাকা জমা দিয়ে কোর্স করার সুযোগ পাইনি, উপরন্তু টাকাও ফেরতে পাইনি। উয়েফা ‘এ’ লাইসেন্স করা মানে কোচ হিসেবে আপনি নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন?মারুফ: আমি আসলে যা ছিলাম, তাই আছি। সপ্তাহ খানেকের মধ্যে ওরা মূল্যায়ন রিপোর্ট পাঠাবে। আশা করছি, ভালো খবরই শুনব। এরপর মে মাসে ম্যানচেস্টারেই পার্ট-১ ও জুনে পার্ট-২। উয়েফা ‘এ’ লাইসেন্স করার পর প্রো-লাইসেন্স করতে হয়। দেখা যাক, কত দূর যেতে পারি।