‘অনেক কিছু’ নিয়ে ডি-রকস্টার শুভ
‘ডি-রকস্টার’খ্যাত শুভর দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। ‘অনেক কিছু’ নামের এই অ্যালবামটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গান লেখা ও সুর দেওয়ার কাজটি করেছেন শুভ। তিনি বলেন, ‘এবারের অ্যালবামটিতে আমি রক গান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। সময়োপযোগী গানই করেছি বেশি। এ ছাড়া জনপ্রিয় দুটি ফোক গানের নতুন কম্পোজিশন করা হয়েছে।’শুভ আরও বলেন, ‘রক গানের মধ্য দিয়েই সংগীতাঙ্গনে আমার যাত্রা। তাই রক গানের পাশাপাশি নতুন সুর ও কম্পোজিশনে এই অ্যালবামে বেশ কয়েকটি গান করেছি। আশা করি, অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’একক গানের পাশাপাশি অনেক কিছু অ্যালবামে রয়েছে দুটি দ্বৈত গানও। এতে শুভর সঙ্গে সহশিল্পী হলেন টুম্পা।অনেক কিছু অ্যালবামের গীতিকারেরা হলেন শফিক তুহিন, রুদ্র পলাশ, শাহান কবন্ধ ও শুভ। আর সুর ও সংগীত পরিচালক ফুয়াদ, আমজাদ, মাসুম হোসেন ও শুভ।ঈদ উপলক্ষে শুভর দ্বিতীয় অ্যালবাম অনেক কিছু জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হবে। বর্তমানে শুভ কয়েকটি মিশ্র অ্যালবামে গান করছেন। এ ছাড়া পাশাপাশি ইফতেখার ফাহমীর ‘টু বি কন্টিনিউড’ ছবিতে প্লেব্যাক করেছেন।২০০৮ সালে ‘রকারস ইনকরপোরেট’ শিরোনামে শুভর প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। শুভ ২০০৬ সালে গ্রামীণফোনের আয়োজনে ডি-রকস্টার প্রতিযোগিতায় সেরা ভোকালের পুরস্কার লাভ করেন। একই বছরে সাউথ এশিয়ান সুপারস্টার অ্যাওয়ার্ডের বিজয়ী তিনি।