জাতীয় লিগের ওয়ানডেতে ৫ উইকেট পেলেও চার দিনের ম্যাচে তা অধরা ছিল তাঁর কাছে। বরিশালের পেসার কামরুল ইসলাম (রাব্বি) কাল চট্টগ্রামের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। ২১ বছর বয়সী এই তরুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে একদিন ঢুকতে চান জাতীয় দলে চার দিনের ম্যাচে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পেয়ে কেমন লাগছে?কামরুল ইসলাম (রাব্বি): চার দিনের ম্যাচে ৫ উইকেট পাব, এমন স্বপ্ন অনেক দিনের। অবশেষে ৫ উইকেট পেয়ে খুবই ভালো লাগছে। জাতীয় লিগে স্পিনারদের রাজত্বে একজন পেসার হিসেবে এই সাফল্যকে কীভাবে দেখেন?কামরুল: এবার অনেক বেশি স্পিনিং উইকেট করা হয়েছে। আমাদের পেসারদের উইকেট নেওয়ার জন্য মাথা কুটে মরতে হয়। উইকেটে কোনো প্রাণ থাকে না। সেই সঙ্গে আবার নিয়ম করা হয়েছে, পেসাররা এক দিনে ১৫ ওভারের বেশি বল করতে পারবে না। এই নিয়ম সম্পর্কে কী বলবেন?কামরুল: এই ১৫ ওভার বোলিং করতে হয় তিন স্পেলে। দিনের শুরুতে নতুন বলে ৫ ওভার। এরপর বাকি দুই স্পেল। এটা হয়তো এক দিক দিয়ে ভালো। বোর্ড হয়তো পেসারদের ইনজুরির কথা ভেবে এই নিয়ম করেছে। কিন্তু এতে একটা বৈষম্যও হচ্ছে। দিন শেষে স্পিনাররা অনেক উইকেট পেয়ে যাচ্ছে। দিন শেষে কে কয়টা উইকেট পেল সেটাই খেলায় মুখ্য হয়ে যায়। সবাই জানতে চায় কে বেশি উইকেট পেল। বোলিংয়ের ক্ষেত্রে কোনটিকে বেশি গুরুত্ব দেন, পেস না সুইং?কামরুল: আমি বেশি গুরুত্ব দিই গতিকে। কারণ, আল্লাহর রহমতে আমি অনেক জোরে বোলিং করতে পারি। আগের ৫ ম্যাচে ১১ উইকেট। এই ম্যাচে হঠাৎই ভালো করলেন। বিশেষ কোনো অনুপ্রেরণা কাজ করেছে?কামরুল: না, আলাদা কোনো অনুপ্রেরণা কাজ করেনি। প্রতি ম্যাচেই চাই বেশি উইকেট পেতে। কিন্তু প্রতি ম্যাচে আমার বলে চার-পাঁচটা করে ক্যাচ পড়ছে। দলও এতে খারাপ করছে। আমাদের এই দলে অনেক তরুণ খেলোয়াড় তো। নতুন বলে স্লিপে যদি চার-পাঁচটা করে ক্যাচ ড্রপড হয় তাহলে কী করার থাকে? ক্রিকেটে ভাগ্যটাও লাগে। জাতীয় দলে খেলার স্বপ্ন নিশ্চয়ই দেখেন?কামরুল: এ তো প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন। আমিও স্বপ্ন দেখি একদিন জাতীয় দলের জার্সি পরব। তবে সবার আগে আমার এ পারফরম্যান্সটা ধরে রাখতে হবে। সর্বশেষ গত বছর নভেম্বরে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম। সেখানে ভালোই করি। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিল আন্দ্রে রাসেল, ডানজা হায়াট, কার্লোস গ্যাব্রিয়েল। এখন ওদের অনেকেই জাতীয় দলে। আমি যেভাবে খেলছি তাতে অসাধারণ কিছু করতে পারছি না। এ কারণেই হয়তো নির্বাচকদের চোখে পড়ছি না। কার অনুপ্রেরণায় আপনার ক্রিকেটে আসা?কামরুল: আমার বড় ভাই সাইফুল ইসলাম আর মামা নাঈম আহমেদ ক্রিকেট খেলতেন। মামা এখন আমেরিকা থাকেন। ওনাদের সঙ্গে থাকতে থাকতেই ক্রিকেটের প্রতি ঝুঁকে পড়ি। মামা এখনো আমার খোঁজখবর নেন। আমার ক্রিকেট প্যাড, গ্লাভসসহ যা লাগে সব পাঠান। মাঠে থাকি বলে বাংলাদেশের খেলা নিয়মিত দেখতে পারি না। তখন মামাই আমাকে সব জানান। বিজয়ের সেঞ্চুরির খবরও মামাই দিয়েছেন।