৭৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ঢাকার পরাজয়টাকেই ম্যাচের সম্ভাব্য ফল মনে হচ্ছিল। কিন্তু ৭৯ বলে অপরাজিত ৮৭ রান করে দলের সেই শঙ্কা উড়িয়ে দিলেন ইলিয়াস সানি। ম্যাচ শেষে ঢাকার এই অলরাউন্ডার বলেছেন, কালকের ইনিংসটা তাঁর কাছে বিশেষ কিছুই তিন মৌসুম পর আবার জাতীয় লিগের ওয়ানডে জিতল ঢাকা। কেমন লাগছে?ইলিয়াস সানি: খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। চ্যাম্পিয়ন দলে খেলার সুযোগ হয়নি কখনো। অনেক দিনের ইচ্ছাটা এবার পূরণ হলো। শেষ ওভারে কাভারের ওপর দিয়ে পরপর তিনটি চার মেরে জিতিয়েছি দলকে। আসলেই ভালো লাগছে। ফাইনালে ঢাকার জয়ের পেছনে আপনার অবদান সবচেয়ে বেশি। সেজন্য কি একটু বেশি ভালো লাগছে?ইলিয়াস: আসলে ঢাকার ক্রিকেটে আমি সব সময়ই ভালো ব্যাটিং করে আসছি। তার পরও ব্যাটসম্যান হিসেবে আমাকে সেভাবে প্রাধান্য দেওয়া হয় না। সব সময় লোয়ার-অর্ডারেই ব্যাটিং করি। আজ আমাদের লক্ষ্যই ছিল আমরা শেষ পর্যন্ত খেলব। তারপর যা হওয়ার হবে। ৭৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর কি ভেবেছিলেন জিততে পারবেন?ইলিয়াস: আমাদের বিশ্বাস ছিল শেষ পর্যন্ত ব্যাটিং করলে আমরা পারব। রিয়াদের সঙ্গে (মাহমুদউল্লাহ) সেভাবেই ব্যাটিং করছিলাম। রিয়াদও আমাকে বোঝাচ্ছিল যেন শেষ পর্যন্ত ব্যাটিং করি। সেটা করতে পারাতেই হয়তো জয় এসেছে। আপনি তো অলরাউন্ডার। কিন্তু বোলিং অলরাউন্ডার না ব্যাটিং অলরাউন্ডার? কী মনে করেন নিজেকে?ইলিয়াস: আমি বোলিং অলরাউন্ডারই ভাবি নিজেকে, তবে ব্যাটও করতে পারি। ঢাকার ক্রিকেটে সবাই আমাকে বোলিং অলরাউন্ডার হিসেবে চেনে। আমিও সেটাই ভাবি। আজ (গতকাল) উইকেটে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল আপনাকে। কিছু শট তো দুর্দান্ত খেললেন! এটাই কি আপনার সহজাত ব্যাটিং?ইলিয়াস: আমি নিজের মতোই ব্যাটিং করেছি আসলে। সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি। সেজন্য কেউ সমস্যায়ও ফেলতে পারেনি আমাকে। ৮৭ রানের এই ইনিংসটাই কি আপনার সেরা ইনিংস?ইলিয়াস: সেরা ইনিংস না। তবে এই ইনিংসটাকে একটু আলাদা করেই দেখব আমি। গতবারের আগেরবার এই বরিশালের বিপক্ষেই রিয়াদের সঙ্গে আমি ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলাম। তবে ওয়ানডেতে এটাই আমার প্রথম ম্যাচ উইনিং ইনিংস। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে খেলছেন। ভালো পারফর্মও করেন। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন নিশ্চয়ই...ইলিয়াস: আমি মনে করি, সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে না। সৃষ্টিকর্তা যেদিন চাইবেন, অবশ্যই আমি খেলে ফেলব বাংলাদেশ দলে। ভালো পারফর্ম করছি, করে যাব। জাতীয় লিগে প্রতিবারই উইকেট নিয়ে অভিযোগ শোনা যায়। এবারের উইকেটগুলো কেমন ছিল...ইলিয়াস: উইকেট নিয়ে এবার সমস্যা ছিল না। যেসব ভেন্যুতে খেলেছি, সব জায়গায়ই ভালো উইকেট পেয়েছি।