‘অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের সঙ্গে হোম সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরেই ছিল বাংলাদেশ মহিলা দল। ফেরার কথা ছিল আসলে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। মাঝে পাকিস্তান মহিলা দলেরও বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। তত দিন অপেক্ষা করতে হলো না, বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা হঠাৎই পেয়ে গেল ভারত সফর। আসন্ন এই সফর নিয়ে দারুণ রোমাঞ্চিত সালমা খাতুন ছেলেদের দলের আগে ভারত সফর করবে মেয়েদের দল। খুব রোমাঞ্চিত নিশ্চয়ই?সালমা খাতুন: হ্যাঁ, আমরা খুবই এক্সাইটেড। যখনই শুনলাম বাংলাদেশ মহিলা দলকে ওরা খেলার আমন্ত্রণ জানিয়েছে, কী যে ভালো লেগেছিল বলে বোঝাতে পারব না। ছেলেদের দল এখনো ভারতে পূর্ণাঙ্গ সফর করেনি, সেখানে আমরা চলে যাচ্ছি! দলের অন্য খেলোয়াড়েরা কী বলেন?সালমা: সবাই খুবই খুশি। এখন একটাই কাজ—ওখানে গিয়ে ভালো খেলতে হবে। ভারতের বিপক্ষে আমরা আগেও খেলেছি। সে ম্যাচে হারায় সবার মধ্যে ক্ষোভ আছে। ভারতকে হারাতে চায় সবাই। সেটা যদি তাদের মাঠে হয়, তাহলে তো খুবই ভালো। এ সফরে কোনো লক্ষ্য কি ঠিক করেছেন?সালমা: লক্ষ্য সব দলেরই থাকে। আমাদেরও আছে। ভারত আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ দল। আমরা মাত্র ৭-৮ বছর ধরে খেলছি, ওরা খেলছে অনেক আগে থেকে। তার পরও আমাদের জেতার লক্ষ্যই থাকবে। হারলেও যেন সম্মানজনকভাবে হারি। ভালো খেলতে পারলে আসলে সবই সম্ভব। আমাদের প্রথম লক্ষ্য তাই ভালো খেলা। প্রস্তুতি কেমন চলছে?সালমা: প্রস্তুতির জন্য খুব অল্প সময় পেয়েছি আমরা। মাত্র ১০ দিন। তার পরও সবাই চেষ্টা করছে এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে। ভারতের মহিলা কোচ মমতা মাবেন আছেন আমাদের সঙ্গে। তাঁর কাছ থেকে কিছু বাড়তি সাহায্য পাচ্ছি। তিনিই জানালেন, ভারতের বিশ্বকাপ দলের ৬-৭ জন খেলোয়াড় এই দলে নেই। আমরা যে দলের বিপক্ষে খেলব সে দলে ৬-৭ জন নতুন খেলোয়াড় থাকতে পারে। অনেক দিন কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না। লম্বা এই বিরতি কি প্রভাব ফেলতে পারে ভারতের বিপক্ষে?সালমা: আশা করি পড়বে না। মাঝে আন্তর্জাতিক ম্যাচ খেলিনি, কোনো অনুশীলন ক্যাম্পও হয়নি। তার পরও আমাদের অনুশীলন এবার খুবই ভালো হচ্ছে। অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছি এবার। ইনডোর পাচ্ছি, যখন দরকার মাঠ ব্যবহার করতে পারছি। এ রকম আগে কখনো হয়নি। মেয়েরা অনেক বেশি উৎসাহ পাচ্ছে এবার। খাদিজাতুল কুবরার স্পিন বোলিং একটা বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে আপনার দলের জন্য। এবার তো তিনি নেই...সালমা: হ্যাঁ, ১ তারিখে ওর এইচএসসি প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে। সেজন্য যেতে পারছে না। তার অনুপস্থিতি দলের জন্য বড় ঘাটতি। ও থাকলে অবশ্যই খুব ভালো হতো। কিন্তু কিছু তো করার নেই। পড়াশোনারও দরকার আছে।