গত বছর মহানগর মহিলা ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। এবার আবাহনীর জার্সি গায়েও সমান উজ্জ্বল অম্রা চিং মারমা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তো ছিলই। সঙ্গে সর্বোচ্চ গোলদাতার (২৯টি) পুরস্কার নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন খাগড়াছড়ির তরুণী আবাহনী-মোহামেডান ফাইনালের আড়ালে সাবিনা-অম্রারও একটা লড়াই ছিল। খেলতে নামার আগে কি এসব নিয়ে কিছু ভেবেছিলেন?অম্রা চিং মারমা: আমি আগেই জানতাম সাবিনা ও আমার গোলসংখ্যা সমান ২৮টি। তাই ম্যাচের শুরু থেকেই আমার এটাও লক্ষ্য ছিল, ওর গোল পাওয়ার আগে আমাকে গোল পেতে হবে। সাবিনা গোল করতে পারেনি। কিন্তু আমার ‘লাক’ ভালো যে আমিই আগে গোল করেছি। আমি পেরেছি, ভেবেই খুব ভালো লাগছে। সর্বোচ্চ গোলদাতা হওয়ার কোনো লক্ষ্য ছিল এবার?অম্রা: এমন একটা লক্ষ্য লিগ শুরুর আগে মনের মধ্যে গোপনে গোপনে তো ছিলই। যখন দেখলাম আবাহনীতে সাবিনা নেই, তখনই লক্ষ্য ঠিক করি, সর্বোচ্চ গোলদাতা হতে হবে। আর আমার এই লক্ষ্য পূরণের জন্য টিমমেটরা যথেষ্ট সাহায্য করেছে। ওরা আমাকে দিয়ে গোল করানোর আপ্রাণ চেষ্টা করেছে। ওদের ধন্যবাদ, আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি। এত এত গোল করার রহস্য কী? অম্রা: জাতীয় ফুটবলে দেখে আসছি, সাবিনা একেকটা ম্যাচে অনেক বেশি গোল করে। জেলা পর্যায়ে প্রতিপক্ষ থাকে দুর্বল। তবে আমরা এখানে বেশ শক্ত দলের সঙ্গে খেলেছি। সুযোগ যখনই পেয়েছি কাজে লাগানোর চেষ্টা করেছি। রহস্য বলতে এটাই। ফুটবলারই হতে চেয়েছিলেন, নাকি অন্যকিছু?অম্রা: ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল। কারণ আমার পরিবারের সবাই ফুটবল ভালোবাসে। আমি ফুটবল খেলতে চাই, এটা জেনেছিলেন আমার এক ফুফু। সেটা ২০০৪ সালের ঘটনা। উনিই আমাকে প্রথমে জেলা পর্যায়ের ট্রেনিংয়ে সুযোগ করে দেন। পরের বছর জাতীয় দলে সুযোগ পেলাম অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। ওই বছরই আমরা কোরিয়া খেলতে যাই। ফুটবলে বলতে গেলে ছেলেদের পারিশ্রমিকের ছিটেফোঁটা পায় মেয়েরা। এটা নিয়ে আক্ষেপ আছে? অম্রা: না, কোনো আক্ষেপ নেই। কারণ মহিলা লিগ তো মাত্রই শুরু হলো। আমরা এখন যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট। তবে আশা করি, ভবিষ্যতে আমাদের পারিশ্রমিক বাড়বে। এ নিয়ে ছেলেদের সঙ্গে তুলনা করলে তো হবে না। মহিলা ফুটবলার কি বাড়ছে?অম্রা: আমার মনে হয়, আমাদের দেখে অনেক মেয়েই এখন ফুটবলে আসছে। এই যেমন অনূর্ধ্ব-১৪ ফুটবল দলটাই দেখুন, এরপর অনূর্ধ্ব-১৬ হবে। এসব তো আগে ছিল না। শ্রীলঙ্কায় গত মাসে অনূর্ধ্ব-১৪ দল খুবই ভালো খেলেছে। আজকের ম্যাচ টিভিতে লাইভ দেখিয়েছে। এটা দেখেও হয়তো অনেকে বলবে, ওই আপুরা খেলছে আমরাও খেলব। গত বছর চ্যাম্পিয়ন শেখ জামালে খেলেছেন। এবার আবাহনীকে চ্যাম্পিয়ন করলেন...অম্রা: আমি আবাহনীকে খুব ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই আমি আবাহনীর সমর্থক। আগে ভাবতাম বাংলাদেশে মনে হয় দুটোই ক্লাব আছে আবাহনী ও মোহামেডান। আজ মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি বলে আমার খুবই ভালো লাগছে। আগামী বছর যদি আবাহনী দল গড়ে তাহলে আবাহনীতেই খেলতে চাই। চ্যাম্পিয়ন হলেন। ক্লাব কি বোনাস ঘোষণা করেছে?অম্রা: এখনো বোনাসের ঘোষণা শুনিনি। তবে আমি শুনেছি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের নাকি দেখা হবে। আজকের এই পুরস্কার কাকে উৎসর্গ করলেন?অম্রা: আমার বাবাকে। বাবা বেঁচে নেই। বাবা আমাকে অনেক ভালোবাসতেন। বাবা থাকলে খুবই খুশি হতেন আজ।