কোচিংয়ের সনদ নেই, কীভাবে পেশাদার লিগে কোচিং করাবেন? প্রশ্নটা উঠেছিল। তবে বাংলাদেশের ফুটবল-কাঠামোয় তা বাধা হয়নি। ব্রাদার্সের কোচ হয়েছেন খেলোয়াড়ি জীবন ছেড়ে অনেক দিন আড়ালে থাকা খন্দকার ওয়াসিম ইকবাল। দুই বছরের কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতাটা অম্লমধুর। প্রথম আলোকে কাল তাঁর অভিজ্ঞতার কথাই জানালেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা উইঙ্গার কোচ হিসেবে দ্বিতীয় মৌসুম শেষ হতে চলেছে আপনার। কেমন কাটল এই সময়?খন্দকার ওয়াসিম ইকবাল: ভালো-মন্দ দুটোই আছে। তবে এই দুই বছর অনেকটা বিতর্কিতও হয়ে পড়েছি আমি। বিতর্কিত মানে কী?ওয়াসিম: ধরুন, আমি একজন খেলোয়াড়কে মাঠে নামালাম, কর্মকর্তা বা সমর্থকেরা প্রশ্ন তুলল, ওকে কেন নামালাম। এটা কেন করলাম, ওটা কেন করলাম, অনেক জবাবদিহির ব্যাপার ছিল। কোচদের জন্য তো এসব নতুন নয়...ওয়াসিম: আমার জন্য তো নতুন। খেলার সময় একভাবে খেলে যেতাম। তখন বিতর্ক-টিতর্ক ছিল না। কোচ হওয়ার পর দেখি অনেক কিছু সামলাতে হয়। বিতর্ক এসে ঘিরে ধরে। কোচ আর খেলোয়াড়ি জীবনের মধ্যে এটা অনেক বড় পার্থক্য। লাইসেন্স পাওয়ার পরিকল্পনা আছে আপনার? কত দিন এভাবে চলবে? ওয়াসিম: এখন পর্যন্ত নেই। দুই বছর লাইসেন্স ছাড়া কোচিং করলাম। আগামীবার লাইসেন্স ছাড়া করাতে না পারলে ছেড়ে দিতে পারি। এএফসি-ফিফা এখন লাইসেন্স অত্যাবশ্যক করে দিচ্ছে, যদি এর প্রয়োগ কঠোর হয়, তাহলে না করানোর সম্ভাবনাই বেশি। লিগটা আগে শেষ হোক, ব্রাদার্স আমাকে রাখে কি না দেখতে হবে। পরিস্থিতি অনুযায়ীই সিদ্ধান্ত নেব। মাঝখানে বলেছিলেন, এত লম্বা লিগে খেলতে আর ইচ্ছে করছে না। তার পরও লিগটা শেষ করে এনেছেন...ওয়াসিম: হ্যাঁ, ভীষণ বিরক্তি ধরে গিয়েছিল। লিগটা শেষ করে একটু বিশ্রাম নেব। এক লিগেই ১০-১১ মাস! ওরে বাবা, আর পারছি না! এত বিরক্তি কেন? সারা বছর খেলা হলেই তো ভালো।ওয়াসিম: বেশি লম্বা লিগ ছোট দলগুলোর সমস্যা বাড়ায়। বিদেশি খেলোয়াড়দের বেতন সময়মতো দেওয়া যায় না। এটা-ওটা কত খরচ...। তা ছাড়া প্রতিদিন একটা নির্দিষ্ট খরচ আছে ক্লাবের। এটা জোগাড় করাই কঠিন অনেক সময়। আপনার দল ব্রাদার্স এবার অবনমন এড়ানো নিশ্চিত করেই উত্সব করল! একসময়ের সমীহ জাগানো দলটির কাছে যা প্রত্যাশাতীত। আপনাদের সমস্যাটা কী?ওয়াসিম: সমস্যা আর্থিক। এবার যে দল নিয়ে আমরা পেশাদার লিগে টিকে থাকা নিশ্চিত করলাম, সেটাই অনেক মনে হচ্ছে। এবার লিগে পাতানো খেলা বেশি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আপনার অভিমত?ওয়াসিম: আপনারা যেমন শোনেন, আমিও শুনি। ব্রাদার্সের ম্যাচ ছাড়া অন্য ম্যাচ মাঠে গিয়ে আমি দেখিনি। তবে এটা ঠিক, আমাদের দেশে বড় কোনো দল এগিয়ে গেলে এমন সুযোগ নিতেও পারে। আমি পাতানো খেলা পছন্দ করি না। এটা ফুটবলের জন্য ক্ষতিকর। সামগ্রিকভাবে বাংলাদেশ লিগটা এবার কেমন হলো?ওয়াসিম: খেলার মান তেমন বাড়েনি। মাঠে দর্শক নেই। আগে যেমন লোকে খেলা দেখে বলত, ‘...দলটা হেরেও খেলা দেখাইছে’—এখন সেই খেলা হয় না। ব্যক্তিগত স্কিল কম, সব মিলিয়ে দুরবস্থার মধ্যে পড়েছে এই লিগ।