‘অনেকে অনেক কিছু বোঝে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবল লিগ চালু হয়েছিল যে লক্ষ্য নিয়ে, তিনটি লিগ শেষে তার কতটা পূরণ হয়েছে? ফুটবলার কেনাবেচার বর্তমান চিত্র দেখলেই পাওয়া যায় উত্তর। যদিও আশাবাদী হওয়ার কথাই শোনাচ্ছেন বাংলাদেশে পেশাদার লিগ চালুর উদ্যোক্তা, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে পেশাদার লিগ কমিটির কর্মকর্তা আনোয়ারুল হক (হেলাল) পেশাদার লিগে ফুটবলারদের আর্থিক চুক্তির বিষয়টা প্রকাশ্যে আসে না এখনো। এটা তাহলে কেমন পেশাদার লিগ হলো?আনোয়ারুল হক (হেলাল): এটা আসলে ক্লাব আর খেলোয়াড়ের ব্যাপার। খেলোয়াড়ের চুক্তির কপি ফেডারেশনের কাছে আসে। ফেডারেশন সেটা জানাবে কেন? ক্লাবগুলোকেই জানাতে হবে। বিদেশে অনেকে জানায়, অনেকে জানায় না। আমি মনে করি, ক্লাবগুলো সেটা জানাতে পারে। পেশাদারির চর্চা না হলে পেশাদার লিগ প্রবর্তন করে লাভ কী হলো?হেলাল: পেশাদার লিগের সুফল আমরা সামনের দিকে পাব আশা করি। সমস্যা হলো, আমাদের এখানে আয়কর দেওয়ার ভয় থাকে সবার। যে কারণে কে কত টাকা পেল, খেলোয়াড়েরা সেটা জানায় না। ক্লাবও বলে না। খেলোয়াড় কেনাবেচা করে আর্থিকভাবে লাভবান হওয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না ক্লাবগুলো। পেশাদারির চর্চা তো এখানেও নেই...হেলাল: কাজটা করতে হবে ক্লাবকে। কিন্তু সত্যি কথা হলো, আমাদের এখানে পেশাদার লিগের সুবিধা কেউ নিচ্ছে না। ধরুন, একটা উদীয়মান খেলোয়াড়, যার ভবিষ্যৎ আছে, তার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করা যায়। সাইনিং মানির পর মাসিক বেতন ভিত্তিতে টাকা দেওয়া উচিত। আমাদের ক্লাবগুলোর উপলব্ধিতে এটা আসলেও এখন পর্যন্ত তারা সেটা বাস্তবায়ন করেনি।  পেশাদার লিগ কি তাহলে এভাবেই চলতে থাকবে?হেলাল: করপোরেট হাউসগুলো ফুটবলে এলে অবস্থা বদলাবে। তখন খেলোয়াড়দের ভরসা থাকবে, মাসিক বেতন ঠিকমতো পাব। এখন এই ভরসাটা কম। ভরসা পাওয়া গেলে খেলোয়াড়েরাও দীর্ঘ মেয়াদে চুক্তিতে যাবে, যেটা হলে অনেক পেশাদারি চলে আসবে। সেই পুরোনো আমলের ধারায় এখনো দলবদল চলছে বাংলাদেশে। বাফুফে নিশ্চুপ কেন?হেলাল: আমাদের এখানে এক মৌসুমে জন্য খেলোয়াড় নিচ্ছে দলগুলো। অনেকে আগামী বছর থেকে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যেতে পারে। আসলে আমাদের ক্লাবগুলোর মধ্যে পেশাদার মানসিকতা আনতে আরও সময়ের দরকার। এখনো অনেকে অনেক কিছু বোঝে না। তাহলে পেশাদার লিগ চালু করলেন কেন?হেলাল: এএফসির ‘ভিশন বাংলাদেশ’ প্রকল্পের অংশ হিসেবে এটা চালু করতেই হতো। সমস্যা হয়েছে সময় নিয়ে। জাপান জে লিগ শুরু করেছে চার বছর প্রস্তুতি নিয়ে। আমরা এক বছরের মধ্যেই করেছি। এখন আমাদের শিখতে হবে। পেশাদার লিগ চালুর পেছনে মূল উদ্দেশ্য কী ছিল?হেলাল: বাংলাদেশে একটা এলিট লিগ করাই ছিল মূল উদ্দেশ্য। যেটা দেশের সেরা লিগ হবে। সারা পৃথিবীতেই এলিট লিগ আছে। আগে আমরা যে নিটল টাটা করতাম, সেটা আদতে টুর্নামেন্ট ছিল। সেটা বাদ দিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দেশের ভালো ভালো ক্লাব নিয়ে পেশাদার লিগ চালু করতে চেয়েছিলাম। কিন্তু এটি তো আদতে ঢাকা লিগই হয়ে গেল। এবার ১২ দলের ৯টিই ঢাকার!হেলাল: আমরা চেয়েছিলাম অন্তত বিভাগীয় পর্যায় থেকে একটা করে দল নেব। আমরা চেয়েছি, সম্পদশালী লোকদের এই লিগের সঙ্গে সম্পৃক্ত করতে, প্রতি দলের দ্বিতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল রাখা। এগুলো ভবিষ্যতে হবে আশা করি। এবার প্রতি দলের জন্য অনূর্ধ্ব-১৬ ক্যাম্প বাধ্যতামূলক করেছি। তিন মৌসুমে কী প্রাপ্তি?হেলাল: ক্লাবগুলোর দায়িত্ববোধ এবং জবাবদিহি আগের চেয়ে বেড়েছে। গত বছর অনেক পাতানো খেলার কথা শুনেছি, এটা খারাপ দিক। তবে দু একটি বাদে ক্লাবগুলোর এখনো নিজস্ব মাঠ নেই। অবকাঠামোগত সুবিধাও বাড়াতে হবে। ক্লাবে নিতে হবে পেশাদার লোক।