‘অনেকে জানেই না এখানে খেলা হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ফুটবল আজ বিবর্ণ। স্থানীয় ছেলে খন্দকার শহিদুল আহমেদ (রঞ্জন) তা দেখে কষ্ট পান। একসময় ঢাকার মাঠ কাঁপানো এই উইঙ্গার ১৩ বছর আগে খেলা ছেড়ে এখন যুক্ত টাঙ্গাইলের ফুটবলে। কাল টাঙ্গাইল স্টেডিয়ামে দাঁড়িয়ে সেসব নিয়েই কথা বললেন জাতীয় দলের সাবেক ফুটবলার মাঠে কি নিয়মিতই আসেন?খন্দকার শহীদুল আহমেদ (রঞ্জন): খেলা থাকলে নিয়মিতই আসি। আমি টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। সেই সূত্রে খেলা না থাকলেও আসা হয়। আড্ডা দিই, গল্পগুজব করি।  ডিএসএ এবং ডিএফএর সঙ্গে আপনি যুক্ত আছেন। এই দুটি সংগঠন কেমন চলছে?শহীদুল: এ মুহূর্তে দুটি সংগঠনই নতুন। কার্যক্রম সেভাবে শুরুই হয়নি। সামনে শুরু হবে বলে আশা করি। সাম্প্রতিক বছরগুলোয় ফুটবল নিয়মিত হয়নি। এখন থেকে নিয়মিত খেলা আয়োজন করতে চেষ্টা করব আমরা। বিভিন্ন জেলায় ডিএসএ এবং ডিএফএর মধ্যে দ্বন্দ্ব থাকায় তারা ঠিকভাবে কাজ করতে পারে না। টাঙ্গাইলে সে রকম কিছু আছে?শহীদুল: ওই রকম দ্বন্দ্ব হয়তো নেই। তবে এটা ঠিক, আমি ডিএসএর আগের কমিটিতে থেকেও সেভাবে কাজ করতে পারিনি। তারা আমাকে কাজ দেয়নি। কোথাও একটা ঝামেলা ছিল। তাহলে এখন কাজ দেবে আশা করেন কীভাবে?শহীদুল: এখন আমরা অনেকেই মাঠ থেকে উঠে এসেছি। যেমন—কাকন, গোবিন্দ, শিল্পী, বজলু, আমি। আমরা সবাই খেলোয়াড় ছিলাম। ফলে মাঠ নিয়ে বা খেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে আমাদের। সেগুলো বাস্তবায়ন করব। কী পরিকল্পনা আছে?শহীদুল: মূলত জেলা পর্যায়ে ফুটবলের হারানো জনপ্রিয়তা ফেরানো এবং নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। যাতে আমরা টাঙ্গাইল থেকে ঢাকায় জাতীয় পর্যায়ে খেলোয়াড় সরবরাহ করতে পারি। এখানে এসে দেখা গেল বাংলাদেশ লিগের খেলা আয়োজনে স্থানীয়ভাবে কোনো সমন্বয় নেই। এটা কেন?শহীদুল: সমন্বয়ের অভাব ছিল। এ জন্য দুই পক্ষই দায়ী। কেউ কম কেউ বেশি। তবে সবাই একসঙ্গে কাজ করলে এটা আর থাকবে না।  টাঙ্গাইলে ফুটবল দেখতে একসময় দর্শকের ঢল নামত। এখন আর সেটা নেই কেন?শহীদুল: অনেক লোক জানেনই না এখানে বাংলাদেশ লিগের খেলা হচ্ছে। প্রচারণার খুব অভাব ছিল। খেলার মানও আগের মতো নেই। তার পরও দর্শক কিন্তু আসছে। আজ দু-তিন হাজার দর্শক এল প্রচারণা ছাড়াই। প্রচার হলে কী অবস্থা হবে বুঝতেই পারছেন।  ১৯৯৯ সালে অবসর নেওয়ার পর ঢাকার ফুটবলে আর আপনাকে দেখা যায়নি। টাঙ্গাইলেই থাকেন? শহীদুল: শহরের নতুন বাসস্ট্যান্ডের পাশেই আমাদের বাড়ি। আমি বাড়িতেই থাকি। ছোটখাটো ঠিকাদারি ব্যবসা করছি। গ্রামের বাড়ি সুরুজবাড়িতে খেতখামার আছে। ওগুলোয় নিজেকে জড়িয়ে রেখেছি। ওখানে আমার দাদার নামে একটা ফুটবল টুর্নামেন্ট করি। এবার করেছি আমার বাবার নামে। আপনার বাবাও তো ফুটবল খেলতেন?শহীদুল: বাবা খন্দকার সাদ উদ্দিন আহমেদ মারা গেছেন ১৯৮৫ সালে। তিনি ঢাকায় আজাদ স্পোর্টিংয়ে খেলতেন। এখানকার লোকেরা বলে, আমি আমার বাবার মানের ফুটবলারও হতে পারিনি। বাবা এত ভালো খেলোয়াড় ছিলেন। আমার ভাই অঞ্জন বিজেএমসি, পুলিশ টিমে খেলেছে। বলতে পারেন, আমরা একটা ফুটবল পরিবার।  আপনার নাম শুনলেই এখানো আপনার বাঁ পায়ের কথা মনে করেন অনেকে। সেই দিনগুলো মনে পড়ে?শহীদুল: অনেক মনে পড়ে। ফ্রি-কিকে অনেক গোল করেছি। মোহামেডানের হয়ে আরামবাগের বিপক্ষে বাঁ পায়ে কোনাকুনি শটে একটা গোল করেছি, যেটার কথা ভুলতেই পারি না। অনেকে আমাকে ‘মিস মাস্টার’ বলত। দেখা গেল, ৪-৫টা প্লেয়ারকে কাটিয়ে শেষ মুহূর্তে বারের ওপর দিয়ে মেরে দিলাম। তাই লোকে আমাকে মিস মাস্টার বলত (হা হা হা)।