যুব অলিম্পিকে অংশ নিতে সিঙ্গাপুরের উদ্দেশে কাল রাতে ঢাকা ছেড়েছে ১০ সদস্যের বাংলাদেশ দল। সাঁতার, শ্যুটিং ও আর্চারি দলের একমাত্র খেলোয়াড় তীরন্দাজ ইমদাদুল হকই শুধু যোগ্যতা অর্জন করে খেলার সুযোগ পেয়েছেন সরাসরি। যাওয়ার আগে তিনি বললেন নিজের প্রত্যাশা ও দেশের আর্চারির ভবিষ্যৎ নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে যুব অলিম্পিকের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সিঙ্গাপুরে খেলার টিকিট পেয়েছেন। নিশ্চয়ই অন্যদের চেয়ে একটু বেশি করেই ভালো ফলাফলের আশা আপনার?ইমদাদুল হক: হ্যাঁ, এটা সত্যি। ওয়াইল্ড কার্ড না নিয়ে সরাসরি খেলছি বলে আমি দারুণ আত্মবিশ্বাসী। এটা তো একদিক দিয়ে একটা চাপও?ইমদাদুল: আর্চারি এমন খেলা যেখানে স্নায়ুচাপ বেশি থাকলে চলবে না। আমি অবশ্য চাপ নিই না, স্রেফ উপভোগ করি খেলাটা। শুধু আমার ব্যক্তিগত সাফল্যই আসল ব্যাপার না এখানে, বাংলাদেশের আর্চারির ভবিষ্যৎও অনেকটা নির্ভর করছে এই ফলাফলের ওপর। আমার কাছে এটি তাই চাপের বদলে প্রেরণা। তীর-ধনুকের এই খেলাটা সম্পর্কে কিছু বলুন।ইমদাদুল: বহু প্রাচীন খেলাটার এখন শুধু আধুনিকীকরণ হয়েছে। আগে যেমন ধনুক ছিল বাঁশের, এখন সেটা কার্বন লিম্ব, মেটাল হ্যান্ডেলের তৈরি। আগে ধনুকের রশি ছিল পাটের, এখন সেটা ফাইবারের। গত মাসেই মিসরে গিয়েছিলেন উন্নত প্রশিক্ষণের জন্য, কেমন শিখলেন?ইমদাদুল: আমরা লেভেল টুয়ের একটি বৃত্তি নিয়ে কায়রোতে এক মাসের প্রশিক্ষণে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল বিউটি রায়। ওখানে অনেক কিছু শিখেছি। তবে আমার মনে হয়, এক মাসের প্রশিক্ষণ আমাদের খুব বেশি কাজে আসে না। একেবারেই অপ্রচলিত এই খেলায় কীভাবে এলেন?ইমদাদুল: বাংলা কলেজে একবার আমাদের কোচ নিশীথ দাস ট্রেনিং ক্যাম্প করাচ্ছিলেন। তখন খেলোয়াড়-সংকটে ভুগছিলেন তিনি। আমার বড় ভাই জিয়াউর রহমান আগে থেকেই আর্চারি খেলতেন, তিনিই এক দিন আমাকে এখানে নিয়ে আসেন। যখন ক্রিকেটার বা ফুটবলারদের সঙ্গে নিজেকে মেলান, কী মনে হয় আপনার?ইমদাদুল: কী খেলি এটা জেনে অনেকেই আগে টিটকারি করত। বলত, ক্রিকেট না খেলে কী সব খেলিস। আমি বুঝিয়ে বলার পর বন্ধুরা তারিফই করে খেলাটার, বলে দারুণ খেলা তো! বাংলাদেশে আর্চারির ভবিষ্যৎ কেমন?ইমদাদুল: খেলাটা মাত্র শুরু হয়েছে বাংলাদেশে। এখন আমাদের মতো খেলোয়াড়েরা যত ভালো করব ততই এর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমি আশাবাদী আগামী পাঁচ বছরে বাংলাদেশে জনপ্রিয় খেলা হবে আর্চারি। খেলার নিয়ম-কানুন সম্পর্কে কিছু বলবেন?ইমদাদুল: দুই নিয়মে খেলা হয়—ফিটা রাউন্ড ও অলিম্পিক রাউন্ড। আমরা সিঙ্গাপুরে খেলব অলিম্পিক রাউন্ড। সেখানে প্রাথমিক পর্বে ১৯৪টি দেশের আর্চাররা ৭০ মিটার দূরত্বে দুবার করে তীর নিক্ষেপের সুযোগ পাবে। এরপর সেখান থেকে সেরা ৬৪ জন বাছাই করা হবে। র্যাঙ্কিং অনুসারে তখন প্রথম স্থানের সঙ্গে ৬৪তম, দ্বিতীয় স্থানের সঙ্গে ৬৩তম এভাবে পর্যায়ক্রমে খেলা হবে। সেখান থেকে জয়ীরা ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে খেলবে।