ছয় বছরের কাবাডি ক্যারিয়ারে আটবার হয়েছেন টুর্নামেন্ট-সেরা। সর্বশেষ মিজান জাতীয় কাবাডিতে গতকাল সেরা হওয়া বাংলাদেশ আনসারের শাহনাজ পারভীন ছিলেন উচ্ছ্বসিত... দলকে চ্যাম্পিয়ন করলেন, সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেন। খুবই খুশি মনে হচ্ছে আপনাকে।শাহনাজ পারভীন: হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার। এই আনন্দ বলে বোঝাতে পারব না। আপনার শুরুটা হয়েছিল হ্যান্ডবল দিয়ে। কাবাডিতে এলেন কীভাবে?শাহনাজ: সেটা ২০০৫ সালের ঘটনা। আমি তখন নিয়মিত হ্যান্ডবল খেলি। শুনলাম, মহিলা কাবাডিতে নতুন মেয়ে খুঁজছে ফেডারেশন। তখন একটা টুর্নামেন্ট হয়েছিল পঞ্চগড়ে। সেই টুর্নামেন্টেই আমাকে বাছাই করা হয়। দলে এসেই প্রথম সুযোগ পাই ভারতে যাওয়ার। কাবাডির প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। এরপর সুযোগ মেলে ২০০৬ সালের সাফ গেমসের দলে। প্রথমবার আমরা ব্রোঞ্জ জিতি কলম্বোতে। তার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আপনি তো রেইডার ও ক্যাচার দুটোই। কোন ভূমিকায় ভালো লাগে নিজেকে?শাহনাজ: আমি দুটোই ভালো খেলি। কারণ, এখন যে মানের কাবাডি খেলা হচ্ছে, তাতে দলে অলরাউন্ডার খেলোয়াড় খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে অলরাউন্ডার ছাড়া চলবে না। আমি যদি শুধু রেইড পারি, ধরতে না পারি, তাহলে প্রতিপক্ষের ওরা তো আমাকে মেরে যাবে। এ জন্য রেইডার ও ক্যাচার দুটোতেই ভালো হতে হবে। বাংলাদেশের জিয়াউর রহমান বিশ্বমানের রেইডার। আপনার মধ্যে কি বাংলাদেশ ও রকম একজনকে খুঁজে পাবে?শাহনাজ: আমি অন্তত এশিয়ার সেরা রেইডার হতে চাই। শো-কেসে টুর্নামেন্ট-সেরার ট্রফি ভরে উঠছে নিশ্চয়ই...শাহনাজ: আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন থেকেই পুরস্কার পাওয়ার শুরু। সেবার স্কুলে ১০০ মিটার দৌড়ে প্রথম হই। এরপর লংজাম্প ও ২০০ মিটার দৌড়েও চ্যাম্পিয়ন হই। প্রথম পুরস্কার পাই একটি চীনামাটির প্লেট। সেটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। পরিবারের আর কেউ খেলাধুলায় আছে?শাহনাজ: আমরা পাঁচ বোন। বাবা বেঁচে নেই। মায়ের উৎসাহেই এত দূর এসেছি। আমরা দুই বোন খেলোয়াড়। আমার ছোট বোন আনসারের হ্যান্ডবল খেলোয়াড় (ময়না)। বাঙালি মেয়েরা তো বিয়ের পর খেলাধুলা থেকে হারিয়ে যায়। আপনি একটু ব্যতিক্রম...শাহনাজ: ঠিকই বলেছেন। বিয়ের পরও আমি যে এই পর্যন্ত খেলছি, সেটা আমার স্বামী আমিনুর রহমানের অবদান। সে ব্যবসায়ী মানুষ। সব সময় আমার খেলা দেখতে আসে। কিন্তু আজ (কাল) ব্যস্ততার কারণে আসতে পারেনি। তবে খেলা শুরুর আগে অনেকবার ফোনে কথা হয়েছে। খোঁজখবর নিয়েছে। ফোন করে বলছিল, গতবারের মতো এবারও যেন সেরা খেলোয়াড় হই। ঘুরেফিরে আপনাদের মতো চেনামুখগুলোই হ্যান্ডবল, ভলিবল, কাবাডিতে। বৃত্তটা কি ভাঙবে না?শাহনাজ: আমরাও তো চাই এখানে নতুন নতুন খেলোয়াড় উঠে আসুক। ভালো খেলোয়াড় যত বেশি হবে, আমার ওপর চাপ তৈরি হবে। নিজে আরও বেশি ভালো খেলার চেষ্টা করব। ওরাও খেলাটা ধরে রাখতে পারবে। আর ওদের হাত ধরেই হয়তো বাংলাদেশ সাফ গেমসে সোনা জিততে পারবে। পঞ্চগড়, দিনাজপুর অঞ্চল থেকেই কাবাডি খেলোয়াড় বেশি আসে। কিন্তু অন্য অঞ্চল থেকে তেমন আসে না কেন?শাহনাজ: আসলে কাবাডি হলো শরীরনির্ভর খেলা। সে রকম ফিটনেসের খেলোয়াড় অন্য জেলা থেকে হয়তো আসতে চায় না। ফেডারেশনের উচিত, আরও বেশি প্রতিভার অন্বেষণ করা। এবার নতুন নতুন অনেক দল এসেছে। এই মেয়েদের ধরে রাখার চেষ্টা করতে হবে।