মেয়েদের ফুটবলে শুরু হলো আরেকটি টুর্নামেন্ট। কমলাপুর স্টেডিয়ামে কাল উদ্বোধন হয়েছে প্ল্যান বাংলাদেশ মেয়েদের চতুর্থ ঢাকা মেট্রোপলিটন স্কুল ফুটবল। প্রথম দিনেই হ্যাটট্রিক পেল ভিকারুননিসা নূন স্কুলের মারিয়ম খানম। দলের পাঁচ গোলের চারটিই তার। নবম শ্রেণীর ছাত্রীর উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো প্রথম ম্যাচেই জয়। তার ওপর তোমার হ্যাটট্রিক। মারিয়ম খানম: এর আগে দুবার এই স্কুল ফুটবল টুর্নামেন্টে খেলেছি। কিন্তু কখনো হ্যাটট্রিক পাইনি। তাই আজ বেশি আনন্দ হচ্ছে। এই আনন্দ আসলে বলে বোঝাতে পারছি না। তোমার গোল তো আরও বেশি হতে পারত।মারিয়ম: ঠিকই বলেছেন। আমি আরও গোল করতে চেয়েছিলাম। অন্তত দশটা গোল করতে চেয়েছিলাম। কিন্তু সেভাবে সাপোর্ট পাইনি। সারাক্ষণ পড়ালেখা। পরীক্ষা আর ক্লাসের ঠাসা সূচি মিলিয়ে খেলার সময় বের করা হয় কীভাবে?মারিয়ম: আমাদের পড়ালেখার চাপ সব সময়ই একটু বেশি। এ জন্য ভালোভাবে প্র্যাকটিসও করতে পারি না। এবার ম্যাচের তিন-চার দিন আগে প্র্যাকটিস করেছি। আজও সকালে ক্লাস টেস্ট দিয়ে মাঠে এসেছি। এভাবেই পড়া আর খেলা দুটোই চালিয়ে যাই। কোনো সমস্যা হয় না। ফুটবল খেলতে তো শারীরিক অনেক পরিশ্রম করতে হয়। কষ্ট লাগে না?মারিয়ম: না, কষ্ট লাগে না। আমি বরং উপভোগ করি। এই যে এখানে এত দর্শক, সবার হাতে ভুভুজেলা। আমাদের খেলা দেখতে এসেছে ...দারুণ উৎসাহ দিচ্ছে। এসব দেখে খুবই ভালো লাগছে। পরিবার থেকে কেমন সমর্থন পাওয়া যায়?মারিয়ম: আমাদের তিন বোনের মধ্যে আমিই খেলায় এসেছি। আমি ফুটবল খেলি, মা অনেক সময়ই মানতে চান না। একরকম জোর করেই খেলায় এসেছি। তবে বাবা আবার ঠিক উল্টো। উনি সারাক্ষণ আমার খেলার খোঁজখবর নেন। সমর্থন দেন। অবশ্য আমি ভালো খেললে মা আর তখন কিছু বলেন না। স্টেডিয়ামে কি খেলা দেখতে পরিবারের কেউ এসেছিল?মারিয়ম: বাবাকে আসতে বলেছিলাম। কিন্তু এসেছে কি না জানি না। আজ হ্যাটট্রিক করলাম, এটা আমার জীবনে অনেক বড় স্মৃতি। হ্যাটট্রিকটা বাবাকে উৎসর্গ করছি। স্কুলের মেয়েরা আগ্রহ নিয়ে ফুটবল খেলতে আসে। পরে আর আসে না। এটা কেন? মারিয়ম: এটার অনেক কারণ। ফুটবল খেলে ভবিষ্যতে কী করব, এই চিন্তাটা করে সবাই। তবে আমি এসব না ভেবে শুধু মনের আনন্দেই খেলি। অনেক দিন খেলে যাব। অন্যদের কথা জানি না, ফুটবল খেলা আমার নেশা হয়ে গেছে। টেলিভিশনে ইউরোপিয়ান ফুটবল দেখ?মারিয়ম: সব সময় দেখতে পারি না। তবে সময় পেলে দেখি। আমার প্রিয় খেলোয়াড় মেসি। তাই বার্সেলোনার খেলা থাকলে দেখার চেষ্টা করি। কিন্তু অনেক সময় পরীক্ষা আর পড়াশোনার চাপের কারণে সেটাও হয়ে ওঠে না। মাঠে নেমে খেলার সময় কেমন লাগে?মারিয়ম: দারুণ, দারুণ। ফুটবল খেলার মজাই আলাদা। আজ যারা খেলল, অনেকে আজই হয়তো প্রথম বলে লাথি দিল। এ জন্য বল পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়ছিল। তবে আমার মনে হয় আরও কয়েকটা ম্যাচ খেললে এটা ঠিক হয়ে যাবে। তা ছাড়া অনেকেই একটু বেশি নার্ভাস হয়ে পড়েছিল।