বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক তিনি। এখন বিসিবির অস্থায়ী কমিটির সদস্য। আরেকটা বড় পরিচয়, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াবের সভাপতি। লিগ শুরুর ঘোষণা, গ্রেডিং পদ্ধতি আর নিজের সাংঘর্ষিক দ্বৈত ভূমিকা নিয়ে কথা বললেন নাঈমুর রহমান লিগ শুরুর তারিখ ঘোষণাকে কীভাবে দেখছেন?নাঈমুর রহমান: ইতিবাচকভাবেই দেখছি। যে অবস্থা দাঁড়িয়েছিল, লিগটাই অনিশ্চিত হয়ে পড়ছিল। ক্লাবগুলোকে রাজি করাতে বেশ কষ্টই হয়েছে। তার পরও লিগটা হচ্ছে, এটাই স্বস্তির। গ্রেডিং পদ্ধতি ও নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যাপারটি কীভাবে দেখছেন?নাঈমুর: সামগ্রিকভাবে চিন্তা করলে এটিকেও ইতিবাচক বলব। সাময়িকভাবে অনেকের হয়তো এটিকে ভালো মনে নাও হতে পারে। কিন্তু ভবিষ্যতের জন্য এটা ভালো হবে। পেমেন্ট নিয়ে সব সময়ই অনেক কথা হয়, এগুলো থামবে। তা ছাড়া স্যালারি ক্যাপের পরিমাণ তো সব বছর একই থাকবে না, বাড়বে। অনেক ক্রিকেটারের শঙ্কা, বিপিএলের মতো এখানেও পুরো টাকা পাওয়া যাবে না...নাঈমুর: আমার কিন্তু তা মনে হয় না। দেখুন, বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো আসে মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে। ক্লাবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা নয়, তাদের ক্ষেত্রে প্যাশনটাই মুখ্য। ক্রিকেটারদের তারা সম্মান দিতে জানে। বিপিএলের চেয়ে ক্লাব কর্তাদের ওপর আমার বেশি আস্থা আছে। তা ছাড়া ক্রিকেটারদেরও দায় আছে এতে। আমাদের সামাজিক বাস্তবতা বুঝে তো টাকা চাইতে হবে। গতবার আট লাখ টাকা পাওয়া ক্রিকেটার এবার ২৫ লাখ টাকা চাইলে ক্লাবগুলো এমন করবে না কেন! ক্লাবগুলো চলে অনুদানে, এটা তো বুঝতে হবে। কোয়াবকে পাশ কাটিয়ে গতকাল (পরশু) মুশফিকুর রহিমের নেতৃত্বে কিছু ক্রিকেটার বৈঠক করে গ্রেডিং নিয়ে আপত্তির কথা বোর্ড সভাপতিকে জানিয়ে এসেছেন। কোয়াবের জন্য এটা কতটা বিব্রতকর?নাঈমুর: যথেষ্টই বিব্রতকর। কিন্তু কোয়াবের চেয়ে বেশি বিব্রতকর ওই মিটিংয়ের বাইরে থাকা অন্য ক্রিকেটারদের জন্য। ওরা তো তাকিয়ে ছিল জাতীয় ক্রিকেটারদের দিকে। এমনকি লিগের দাবিতে যখন কোয়াবের নেতৃত্বে আন্দোলন হচ্ছিল, তখনো ওরা সেটা স্থগিত করেছিল জাতীয় ক্রিকেটারদের জন্য। ভেবেছিল, ওরা জিম্বাবুয়ে থেকে ফিরলে ওদের নিয়ে দাবিটা জানালে তা জোরালো হবে। কিন্তু জাতীয় ক্রিকেটাররা তো এটা ভাবলই না! জাতীয় ক্রিকেটারদের বাইরেও বেশ কজন ছিলেন ওখানে...নাঈমুর: খুব বেশি নয়, যারা ছিল তারা জাতীয় দলের আশপাশের। আর আমার ধারণা, এখন আর ওরা ওই অবস্থানে থাকবে না। এ ঘটনায় তো তাহলে একটা বিভাজন স্পষ্ট হলো!নাঈমুর: এটা খুবই দুঃখজনক। জাতীয় ক্রিকেটারদের বোঝা উচিত, সবার ফর্ম সব সময় এক রকম থাকে না। যারা বাইরে, তারা তো কদিন আগেও ওদের সতীর্থই ছিল! জাতীয় দলে কারও জায়গা তো চিরস্থায়ী নয়, এসব ভাবা উচিত। আপনি কোয়াব সভাপতি, আবার বোর্ডেরও সদস্য। দুটো ভূমিকা তো পুরোপুরি সাংঘর্ষিক। এ কারণেও কি জাতীয় ক্রিকেটারদের কোয়াবের ওপর আস্থাহীনতা থাকতে পারে?নাঈমুর: এটা আসলে নির্ভর করে ব্যক্তির ওপর। আমি ব্যক্তিগতভাবে যখন বোর্ডে থাকি, তখনো ক্রিকেটারদের স্বার্থ নিয়ে বলার চেষ্টা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে কাজটা কঠিন। বোর্ডে গেলে বলে ক্রিকেটারদের লোক, ক্রিকেটাররাও ভাবতে পারে বোর্ডের লোক। কিন্তু আমি দুটোরই ভালোভাবে সমন্বয়ের চেষ্টা করি। এই কঠিন কাজটা করা কি খুব জরুরি? অনেকে বলতে পারে দুটির যেকোনো একটিকে বেছে নিতে...নাঈমুর: অন্য অনেক দেশের দিকে যদি তাকান, দেখবেন ক্রিকেটারদের সংগঠন বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। আমাদের দেশে এই ব্যাপারটা নেই। এ জন্যই আমি চেষ্টা করছি প্রতিদ্বন্দ্বী না হয়ে পাশাপাশি একসঙ্গে কাজ করতে। বোর্ডের সঙ্গে কাজ করা আর বোর্ডের মধ্যে কাজ করা কি এক?নাঈমুর: এটাও কিন্তু অনেক দেশেই হয়, যেমন অস্ট্রেলিয়া। আমরা কথায় কথায় অস্ট্রেলিয়াকে অনুসরণের কথা বলি। এ ক্ষেত্রে না-হয় অনুসরণ করে দেখলাম!