‘অন্যদের সঙ্গে পার্থক্যটা প্রমাণ হচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে টস করতে গেলেন না তিনি। ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে যেভাবে সেঞ্চুরি উদ্যাপন করেছেন, তাতে অন্য কিছুর গন্ধও পেলেন অনেকে। তবে খেলা শেষে মুশফিকুর রহিম বললেন, এটা কোনো বিষয়ই নয় আন্তর্জাতিক ক্রিকেটেও দুটি সেঞ্চুরি আছে আপনার। তবে ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করার কি আলাদা কোনো তৃপ্তি আছে?মুশফিকুর রহিম: সেঞ্চুরি তো সেঞ্চুরিই...এর অনুভূতি সব সময়ই অসাধারণ। আমার ওপর অনেক দায়িত্ব। নিজে ভালো খেলে দলটাকেও ভালো খেলার দিকে নিয়ে যেতে হবে। আজ (গতকাল) সেটা করতে পেরেছি। সেদিক দিয়ে অবশ্যই একটা তৃপ্তি আছে। একটা পর্যায়ে আপনার সেঞ্চুরি আর দলের জয়ের জন্য প্রায় সমান রান দরকার হয়ে পড়েছিল। জিহান মুবারক রান না নিয়ে আপনাকেই সুযোগ দিচ্ছিলেন। ওই সময়টায় কি খুব টেনশনে ছিলেন?মুশফিকুর: এ রকম পরিস্থিতিতে এর আগেও পড়েছি। জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচে ৯৮ রান করে আউট হয়ে গিয়েছিলাম, সেখানেও এ রকম পরিস্থিতিই ছিল। নিজেকে বলছিলাম, ও রকম যেন আবার না হয়। সে জন্যই একটু ধৈর্য ধরেছি। মারার বল পেলে মারব, নয়তো স্বাভাবিক খেলা খেলব—এ রকমই চিন্তা ছিল। ঘরোয়া ক্রিকেটে অনেকেই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে। আপনারও একবার লক্ষ্য ছিল প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করা। এবার সে রকম কোনো লক্ষ্য আছে?মুশফিকুর: টার্গেট তো অবশ্যই থাকে। চেষ্টা করব ওপরের দিকের ব্যাটসম্যানদের মধ্যেই যেন আমার নামটা থাকে। আর একটা চেষ্টা থাকবে পুরো মৌসুমে যেন খুব ভালো গড়ে রান করে যেতে পারি। তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত দুটিতে জয়, একটিতে হার। লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাফল্যের ব্যাপারে কতটা আশাবাদী?মুশফিকুর: আবাহনীর কাছে একটা ম্যাচ হারলেও তারা কিন্তু দুর্বল দল নয়, অনেক ভালো দল। তার পরও আমরা প্রতিদ্বন্দ্বিতা করেই হেরেছি। পরের সব ম্যাচেই জেতার জন্য খেলব। দলের সবাই এক শ ভাগ দিয়ে খেলবে। এরপর দিন শেষে ফলাফল যা-ই হোক, সেটা বড় কিছু নয়। শেখ জামালের অধিনায়ক তো আপনি। এ ম্যাচে হঠাৎ মোহাম্মদ সোহরাওয়ার্দী অধিনায়কত্ব করলেন...মুশফিকুর: এটা অনানুষ্ঠানিকভাবেই হয়েছে আসলে। ও টসে গিয়েছে, আর আমি মাঠের ভেতরে সব করেছি। আমরা দুজন মিলেই কাজ করেছি। এটা এমন কিছু নয়। সিদ্ধান্তটা আপনার, নাকি ক্লাবের? গুঞ্জন আছে, আবাহনীর বিপক্ষে মাঠে আপনার কোনো কোনো সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন ক্লাব কর্মকর্তারা...মুশফিকুর: না, না, ও রকম কিছু না। খোলাখুলি আলোচনার মাধ্যমেই এটা হয়েছে। অন্য কোনো কারণ নেই। কর্মকর্তাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। দলেরও কোনো সমস্যা নেই। অন্যদেরও সুযোগ দেওয়া...এই আর কি। সামনের ম্যাচে অন্য কেউও অধিনায়কত্ব করতে পারে। এখন তো আন্তর্জাতিক ক্রিকেটেও দেশের অধিনায়কত্ব করছেন। অধিনায়ক হিসেবে চাপটা কি আন্তর্জাতিক ক্রিকেটে বেশি, নাকি ঘরোয়া ক্রিকেটে?মুশফিকুর: চাপ সবখানেই থাকে। এখানে আপনি বড় অঙ্কের টাকা নিচ্ছেন। সেটার জবাবদিহি থাকে। পারফরম্যান্সের দাবি থাকে। আর আন্তর্জাতিক ক্রিকেটে তো থাকেই। চেষ্টা করি, সব সময়ই পারফরম্যান্স দিয়ে চাপটা সরিয়ে দিতে। ক্লাব ক্রিকেটে তো সমর্থক, কর্মকর্তাদেরও বাড়তি চাপ থাকে। সেটা কেমন লাগে?মুশফিকুর: ক্লাবের চাপ তো সব সময়ই থাকে। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার বড় বাজেটের দল করেছে। অবশ্যই প্রত্যাশা আছে। তা ছাড়া আমরা পুলের খেলোয়াড়, জাতীয় দলে খেলি। আমাদের ওপর দায়িত্বটা আরও বেশি। এবারের লিগে এখন পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো। জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিশ্চয়ই খুশি...মুশফিকুর: ভালোর তো শেষ নেই। তবে এখন পর্যন্ত সবার পারফরম্যান্স খুব ভালো হচ্ছে। যারা রানে নেই তারা রান করছে, যারা ছিল তারাও করছে। এটা খুবই উৎসাহব্যঞ্জক। অন্যদের সঙ্গে নিজেদের পার্থক্যটা প্রমাণ করতে পারছে সবাই।