‘অন্যরা আমাদের দেখে বিস্মিত হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন দেশের বাইরে। ফিরেছেন গত বুধবার। গতকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনও শুরু করে দিয়েছেন তামিম ইকবাল। অনুশীলন শেষে বললেন আসন্ন সিরিজ ও বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথা ছুটি কেমন কাটালেন?তামিম ইকবাল: চমৎকার। ক্রিকেটে খুব ব্যস্ত সূচি কাটিয়েছি আমরা গত প্রায় এক বছর। তারপর একটা ব্রেক দরকার ছিল। খুব ভালো সময় কেটেছে। আজ (গতকাল) তো ঘণ্টা দেড়েক নেট প্র্যাকটিস করলেন। জাতীয় দলের অনুশীলন শুরুর আগের সময়টায় নিজে নিজেই প্র্যাকটিস করবেন তাহলে?তামিম: হ্যাঁ, দেশে এসে আজ (গতকাল) থেকেই প্র্যাকটিস শুরু করলাম। সামনে নিউজিল্যান্ড সিরিজ ছাড়াও অন্যান্য খেলা আছে। আজ হালকা অনুশীলন করেছি। জাতীয় দলের অনুশীলনের আগ পর্যন্ত সালাউদ্দিন স্যার আমাকে সাহায্য করছেন। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে। এই দুই সিরিজে বাংলাদেশ দলকে কোন কোন জায়গায় বেশি গুরুত্ব দিতে হবে বলে মনে করেন?তামিম: সবাই মিলেই কিন্তু দল। সবাইকে ব্যক্তিগতভাবে উন্নতি করতে হবে। এ ছাড়া দল হিসেবে আমাদের আরও একতাবদ্ধ হতে হবে। দলের মধ্যে যদি কিছু হয়ই, সেটা দলের মধ্যেই থাকুক। বাইরে না আসুক। দলের সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো, কোচের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব ভালো। এসব নিয়ে কিছু কথা শুনছি, মনে হয় না ওগুলো সত্যি। জানতে চাইছিলাম, মাঠের খেলায় কোন কোন জায়গায় উন্নতি করতে হবে?তামিম: মাঠে আমাদের সবকিছুতেই উন্নতি দরকার। অন্য দলগুলো যদি দুই ভাগ উন্নতি করে, আমাদের ১৫ ভাগ উন্নতি করতে হবে। সবাই চেষ্টা করছি নতুন নতুন শট শিখতে। কোচই ঠিক করে দিয়েছেন, তুমি এই শট খেলবে। তুমি ওই শট...। যে শটগুলো আমরা খুব ভালো খেলতে পারতাম না, সেগুলো ভালো করার চেষ্টা করছি। আশা করি, বিশ্বকাপের আগেই আমরা এই শটগুলোয় নিখুঁত হয়ে যাব। অন্য দলগুলো আমাদের দেখে বিস্মিত হবে। বিশ্বকাপ, তার আগে সামনের দুটি সিরিজেও নিশ্চই ব্যক্তিগত কিছু লক্ষ্য থাকবে আপনার...তামিম: একটা জিনিস কী, আপনি যদি বিশ্বের সেরা খেলোয়াড়ও হয়ে যান, তার পরও কিন্তু আপনার সমস্যা থাকবে। সমস্যাগুলো নিয়ে আপনি যত বেশি কাজ করবেন ততই উন্নতি করবেন। আপাতত সেই সমস্যাগুলোই কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আরেকটা টার্গেট ছিল, যেটা হবে না বলে খুব কষ্ট লাগছে...নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট। আর ১৪০ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে এক বছরে টেস্টে আমি এক হাজার রান করতাম। তবে ওয়ানডে সিরিজে চেষ্টা করব সর্বোচ্চ রান করতে। যেখানেই খেলি, এই লক্ষ্যটা আমার থাকেই। শুনেছেন নিশ্চয়ই নতুন বোলিং-ফিল্ডিং কোচ আনা হচ্ছে জাতীয় দলের জন্য...তামিম: ফিল্ডিং কোচের ব্যাপারে কোনো ধারণা নেই আমার। আমি চিনিও না ওনাকে। আর বোলিং কোচকে তো পুরো পৃথিবীই চেনে—ল্যান্স ক্লুজনার। আশা করি, বাংলাদেশ দলের বোলাররা তাঁর সাহায্য পাবে। তিনি ব্যাটসম্যানও ছিলেন ভালো। প্রয়োজনে আমরাও তাঁর কাছ থেকে টিপস নিতে পারব।